‘বিগ বস বাংলা’-র ঘরে নতুন ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে ঢুকেই নজর কেড়েছেন রাজবীর দে। তবে খুব বেশি সময় শান্তিতে কাটেনি তাঁর। ঘরে প্রবেশের পর থেকেই নানা বিষয়ে নিজের মতামত স্পষ্ট করে দিচ্ছেন তিনি। এবার শোওয়ার জায়গা নিয়ে মনামী ঘোষ, সৃজলা গুহ-সহ কয়েকজনের সঙ্গে তাঁর বচসা ঘরের পরিবেশ উত্তপ্ত করে তুলল।
ঘটনার সূত্রপাত বিছানা নিয়ে। রাজবীরের বক্তব্য ছিল, বিগ বসের ঘরে কোনও বিছানাই কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। তাই তিনি যেখানে খুশি ঘুমোতে পারেন। অন্যদিকে মনামী তাঁর বিছানায় রাজবীরকে থাকতে দিতে রাজি হননি। বিষয়টি নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় এবং মুহূর্তেই তা বেশ উত্তপ্ত হয়ে ওঠে।
পরিস্থিতি আরও জটিল হয় যখন রাজবীর সৃজলার দিকে ইঙ্গিত করে নানা কথা বলেন। তাঁর মন্তব্যে ক্ষুব্ধ হন ঘরের অন্য সদস্যরাও। একসময় রাজবীর প্রতিপক্ষকে ‘চাঙ্গিমুঙ্গির দল’ বলে কটাক্ষ করেন। তাঁর এমন আচরণে সায়ক, নন্দিনী-সহ কয়েকজনও সরব হন বলে জানা গিয়েছে।
রাজবীরের এই আচরণকে অনেকেই তাঁর স্বাভাবিক স্বভাব হিসেবে দেখছেন না, বরং বিগ বসের খেলায় নিজেকে সামনে আনার কৌশল হিসেবেও দেখছেন। ওয়াইল্ড কার্ড হিসেবে ঘরে ঢোকার পর থেকেই তিনি ক্যাপ্টেন হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। পাশাপাশি প্রতিযোগীদের সঙ্গে কথাবার্তা এবং মজার ছলে ফ্লার্ট করেও ইতিমধ্যেই আলোচনায় এসেছেন।
আরও পড়ুনঃ ‘বিতর্ককে ভয় পাই না’, দিতিপ্রিয়াকে নিয়ে ফের মুখ খুললেন জিতু, বললেন ‘আমার হরমোন অত গাঢ় নয় যে…’
ফলে রাজবীরের আগমনের পর ‘বিগ বস বাংলা’র ঘরের সমীকরণ যে বেশ বদলাতে শুরু করেছে, তা বলাই যায়। প্রথম থেকেই একাধিক প্রতিযোগীর সঙ্গে তাঁর মতের অমিল তৈরি হওয়ায় আগামী দিনে এই সম্পর্ক কোন দিকে যায়, সেটাই এখন দেখার। নতুন এই ওয়াইল্ড কার্ড প্রতিযোগী কি সত্যিই ঘরের খেলায় বড় পরিবর্তন আনতে পারবেন, নাকি শুরুতেই তৈরি হওয়া বিতর্ক তাঁর জন্য সমস্যার কারণ হবে, উত্তর মিলবে আগামী পর্বগুলিতে।
