জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘আমাকেও বলা হয়েছিল শুরু হতেই বন্ধ হয়ে যাবে’, ট্রোলারদের জবাব দিতে ‘দিদি নম্বর ১’-এর মঞ্চেই মুখ খুললেন স্বস্তিকা

টেলিভিশনের পর্দায় নতুন দায়িত্ব নেওয়ার পর কেটে গিয়েছে কয়েক মাস। এই সময়ের মধ্যেই দর্শকদের সঙ্গে নিজের আলাদা একটা সম্পর্ক তৈরি করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। তবে ‘দিদি নম্বর ১’-এর সঞ্চালিকার আসনে বসার পর থেকেই তাঁকে নিয়ে কম কটাক্ষ হয়নি। রচনা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় স্বস্তিকাকে মেনে নিতে পারেননি দর্শকদের একাংশ। কেউ তাঁর সঞ্চালনা নিয়ে প্রশ্ন তুলেছেন, আবার কেউ বলেছেন এই দায়িত্ব বেশিদিন টিকবে না। এবার সেই পুরনো কটাক্ষের প্রসঙ্গই উঠে এল ‘দিদি নম্বর ১’-এর মঞ্চে।

সম্প্রতি শোয়ের একটি পর্বে নিজের লড়াইয়ের গল্প শোনাচ্ছিলেন এক নৃত্যশিল্পী। তিনি জানান, অনেকেই তাঁকে বলেছিলেন তাঁর নাচের স্কুল বেশি দিন চলবে না। সেই প্রসঙ্গ ধরেই নিজের অভিজ্ঞতার কথা বলেন স্বস্তিকা। অভিনেত্রী জানান, তাঁকেও অনেকে বলেছিলেন ‘দিদি নম্বর ১’-এর নতুন সিজন শুরু হওয়ার পরই নাকি বন্ধ হয়ে যাবে। তবে বাস্তবে তেমন কিছু হয়নি। বরং সময়ের সঙ্গে এই শোয়ের সঞ্চালনার দায়িত্ব সামলে দর্শকদের কাছেও নিজের জায়গা তৈরি করেছেন তিনি।

মঞ্চে দাঁড়িয়ে স্বস্তিকা আরও বলেন, ‘দিদি নম্বর ১’-এর মতো জায়গায় এসে মহিলারা নতুন করে সম্মান পান। তাঁর কথায়, এই মঞ্চই তাঁদের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করে দেয় এবং তাঁদের পরিচিত করে তোলে। ফলে তাঁকে নিয়ে শুরুতে যে ধরনের মন্তব্য করা হয়েছিল, তার জবাব আলাদা করে সোশ্যাল মিডিয়ায় না দিয়ে এবার অনুষ্ঠানের মঞ্চেই নিজের বক্তব্যের মাধ্যমে দিলেন অভিনেত্রী। তাঁর কথায় স্পষ্ট, শুরুতে যে আশঙ্কা বা কটাক্ষ ছিল, তা এখন আর তাঁকে বিশেষ ভাবাচ্ছে না।

স্বস্তিকার নতুন কাজ নিয়ে তাঁর মেয়ে অন্বেষার প্রতিক্রিয়াও বেশ মজার। অভিনেত্রী জানিয়েছেন, মেয়ের তাঁর সঞ্চালনা বেশ পছন্দ হয়েছে। এমনকী, শো দেখার জন্য অন্বেষা জি ফাইভের সাবস্ক্রিপশনও নিয়েছেন। তবে মেয়ের একটি মজার অভিযোগও রয়েছে। স্বস্তিকা জানান, ‘দিদি নম্বর ১’-এর বিভিন্ন খেলায় প্রতিযোগীদের থেকেও তিনি নাকি বেশি হইচই করেন। মেয়ের এমন মন্তব্য শুনে হাসির ছলেই নিজের নতুন ভূমিকাকে আরও একবার সামনে আনেন অভিনেত্রী।

প্রসঙ্গত, ২০০৯ সালে শুরু হয়েছিল ‘দিদি নম্বর ১’। প্রথম সিজনে সঞ্চালনার দায়িত্বে ছিলেন পুষ্পিতা মুখোপাধ্যায়। পরের সিজন থেকেই দীর্ঘ সময় ধরে অনুষ্ঠানটির মুখ হয়ে ওঠেন রচনা বন্দ্যোপাধ্যায়। চলতি বছরের ২৯ জুন থেকে নতুন ফরম্যাটে শুরু হয়েছে অনুষ্ঠানটি, যেখানে সঞ্চালকের দায়িত্বে রয়েছেন স্বস্তিকা। নতুন সঞ্চালিকাকে নিয়ে শুরুতে দর্শকদের মধ্যে নানা প্রতিক্রিয়া থাকলেও এখন তাঁর সঞ্চালনা ঘিরে চর্চা চলছে।

Piya Chanda

                 

You cannot copy content of this page