‘বিগ বস বাংলা’র অন্দরমহলে এবার নতুন করে বিতর্কের কেন্দ্রে জিতু কামাল। একসঙ্গে বসে আড্ডা দেওয়ার সময় বিদেশি প্রতিযোগী অ্যালেক্সজান্দ্রা ভাঙা ভাঙা বাংলায় নিজের কথা বলার চেষ্টা করছিলেন। সেই সময়ই তাঁকে মাঝপথে থামিয়ে মজার ছলে জিতু বলেন, “তুই চুপ কর! তোর বাংলা আমাকে আবার বাংলাতেই ট্রান্সলেট করতে হচ্ছে।” ঘটনাটি আড্ডার মধ্যে হাসি-ঠাট্টার ছলেই হলেও সেই ভিডিও ক্লিপ প্রকাশ্যে আসার পর থেকেই তা নিয়ে নেটমাধ্যমে আলোচনা শুরু হয়েছে।
ঘটনাটি নিয়ে অবশ্য দর্শকদের মত এক নয়। একাংশের বক্তব্য, অ্যালেক্স বিদেশিনী হয়েও বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করছেন এবং যথেষ্ট চেষ্টা করে বাংলায় কথা বলছেন। ফলে তাঁর ভাষাগত ভুল নিয়ে এভাবে রসিকতা করা ঠিক হয়নি বলেই মনে করছেন তাঁরা। অন্যদিকে জিতুর সমর্থকদের একাংশের দাবি, গোটা ঘটনাটিই ছিল বন্ধুদের মধ্যে মজার আড্ডার অংশ। সেখানে কাউকে অপমান করার উদ্দেশ্য ছিল না। ফলে একটি মজার মুহূর্তকে কেন্দ্র করে অযথা বিতর্ক তৈরি করা হচ্ছে বলেও মত রয়েছে।
তবে অ্যালেক্সকে নিয়ে এই ঘটনাই একমাত্র কারণে জীতু এখন চর্চায় নেই। এর আগেও বিগ বসের ঘরে রাজবীর দে এবং নন্দিনীর ঘনিষ্ঠতা নিয়ে তাঁর মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। একটি টাস্ক চলাকালীন তাঁদের আচরণ দেখে জিতু কটাক্ষ করে বলেছিলেন, “মাথায় হাত দিয়ে ওই ছেলে পটানো, আমাদের দ্বারা হবে না!” তাঁর এই মন্তব্যের পাল্টা জবাবও দিয়েছিলেন নন্দিনী। ফলে জীতুর মন্তব্য এবং তাঁর সরাসরি কথা বলার ধরন নিয়ে দর্শকদের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।
আরও পড়ুনঃ এক বছর পর ফের অ্যাকশনে সন্দীপ্তা, আসছে ‘বীরাঙ্গনা ২!’ থাকবেন কি নিরঞ্জন? তবে কি বিগ বসের ঘর ছাড়ছেন লাফটারসেন?
এদিকে বিগ বসের ঘরে অ্যালেক্সের বাংলা বলা নিয়ে বিতর্কের পাশাপাশি রাজবীরের ‘দুধ কাণ্ড’ নিয়েও উত্তেজনা তৈরি হয়েছে। অভিযোগ ওঠে, সকালে রাজবীর একাই একের পর এক দুধের প্যাকেট খালি করছেন। বিষয়টি নিয়ে ভরত কল ক্যাপ্টেন সোনামণির কাছে অভিযোগ জানান। এরপর রাজবীরের প্রশ্ন, “আমি দুধ খেলেই এত সমস্যা?” পাল্টা তনুশ্রী রায় দাস জানান, সমস্যা দুধ খাওয়ায় নয়, বরং প্রতিদিন সকালে অশান্তি তৈরির অভিযোগেই। সব মিলিয়ে নতুন করে উত্তপ্ত ‘বিগ বস বাংলা’র অন্দরমহল।
