জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

এক বছর পর ফের অ্যাকশনে সন্দীপ্তা, আসছে ‘বীরাঙ্গনা ২!’ থাকবেন কি নিরঞ্জন? তবে কি বিগ বসের ঘর ছাড়ছেন লাফটারসেন?

গত বছর ‘বীরাঙ্গনা’ সিরিজে নির্ভীক পুলিশ অফিসার চিত্রা বসুর চরিত্রে দর্শকদের নজর কেড়েছিলেন সন্দীপ্তা সেন। সিরিজটি সাফল্য পাওয়ার পর এবার দ্বিতীয় সিজন নিয়ে ফিরছে হইচই। প্রকাশ্যে এসেছে ‘বীরাঙ্গনা ২’-এর টিজার। প্রথম ঝলকেই বোঝা যাচ্ছে, এবারের গল্পে চিত্রার সামনে অপেক্ষা করছে আরও বড় চ্যালেঞ্জ। আগের মতোই অপরাধীদের বিরুদ্ধে লড়াইয়ে নামবে সে, তবে এবার শত্রুর সংখ্যা যেমন বেশি, তেমনই তাদের ভয়ঙ্কর রূপও আরও স্পষ্ট। শাড়ি পরেই অ্যাকশন করতে দেখা যাচ্ছে সন্দীপ্তাকে।

প্রথম সিজনে চিত্রা বসুর পাশাপাশি দর্শকদের আলাদা করে নজর কেড়েছিল নিরঞ্জন মণ্ডলের চরিত্র। লাফটারসেন হিসেবে পরিচিত নিরঞ্জনের অভিনয়ে হাতেখড়িও হয়েছিল এই সিরিজের হাত ধরে। তবে দ্বিতীয় সিজনে সেই পরিচিত চরিত্রকে আর দেখা যাবে না। ‘বীরাঙ্গনা ২’-এ নতুন শত্রুর মুখোমুখি হতে চলেছে চিত্রা। ফলে এবার তাঁর তদন্তের গল্প কোন দিকে মোড় নেয়, অপরাধীদের সঙ্গে লড়াই করতে গিয়ে কী কী পরিস্থিতির মুখোমুখি হতে হয় তাঁকে, সেই প্রশ্নই তৈরি হয়েছে টিজার ঘিরে।

নির্ঝর মিত্র পরিচালিত এই ওয়েব সিরিজের টিজারে অপরাধের বিরুদ্ধে চিত্রার লড়াইয়ের ইঙ্গিত স্পষ্ট। শহরের বুকে একের পর এক অপরাধ করে যারা ঘুরে বেড়াচ্ছে, তাদের এবার জবাব দিতে ফিরছে চিত্রা বসু। সন্দীপ্তা ছাড়াও সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তথাগত চৌধুরী, প্রীতি সরকার, বিশ্বজিৎ সরকার, প্রতীক সরকার, আদিত্য সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্য এবং আইভি ঘোষ-সহ আরও অনেকে। টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে নতুন সিজন নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।

প্রথম সিজনের প্রায় এক বছর পর ফের চিত্রা বসুকে পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা। তবে এবার গল্পে নিরঞ্জন না থাকায় আগের সমীকরণ অনেকটাই বদলে যাচ্ছে। তার জায়গায় নতুন চরিত্র ও নতুন সংঘাত কীভাবে গল্পকে এগিয়ে নিয়ে যায়, সেটাই হতে চলেছে সিরিজের অন্যতম আকর্ষণ। আপাতত টিজার দেখে বোঝা যাচ্ছে, অ্যাকশন ও অপরাধের পাশাপাশি চিত্রার সামনে এবার আরও কঠিন লড়াই। আগামী ১৫ অক্টোবর হইচইয়ে মুক্তি পাবে ‘বীরাঙ্গনা ২’।

Piya Chanda

                 

You cannot copy content of this page