বিগ বস বাংলার ঘরে টাস্ক চলাকালীন গুরুতরভাবে আহত হয়ে শো থেকে সাময়িকভাবে বাইরে যেতে হয়েছিল সৃজলা গুহকে। ঘোড়া নিয়ে চলা সেই টাস্কের সময় পড়ে গিয়ে চোট পান অভিনেত্রী। এরপর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার পর সুস্থ হয়ে ফের বিগ বসের ঘরে ফিরেছেন সৃজলা। তবে সেই দুর্ঘটনার পরের কয়েকটা দিন যে তাঁর জন্য একেবারেই সহজ ছিল না, তা এবার নিজেই জানালেন অভিনেত্রী।
শনিবার ‘দাদার দরবারে’ সৌরভ গঙ্গোপাধ্যায়ের সামনে নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন সৃজলা। সৌরভ তাঁকে কেমন আছেন জানতে চাইলে বিগত কয়েক দিনের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। সৃজলা জানান, সম্পূর্ণ অচেনা একটি শহরে হাসপাতালে দিনের পর দিন ব্যথার মধ্যে থাকতে হয়েছে তাঁকে। সেই সময়টা তাঁর কাছে অত্যন্ত কঠিন ছিল বলে জানান অভিনেত্রী।
শুধু শারীরিক যন্ত্রণাই নয়, মানসিকভাবেও পরিস্থিতিটা তাঁর কাছে কঠিন হয়ে উঠেছিল। হাসপাতালের দিনগুলিতে কাছের মানুষদের খুব দেখতে ইচ্ছে করেছিল সৃজলার। কিন্তু সেই পরিস্থিতিতে তা সম্ভব হয়নি। নিজের সেই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি জানান, এমন দিন যেন তাঁর শত্রুরও না আসে। কথাগুলো বলতে বলতে চোখে জল চলে আসে অভিনেত্রীর। তাঁর এই আবেগঘন মুহূর্তের ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
দুর্ঘটনার প্রসঙ্গে সৃজলা আরও জানান, টাস্কের সময় তাঁকে এমনভাবে মাটিতে ফেলে দেওয়া হয়েছিল যে তিনি নিজেকে সামলাতে পারেননি। তাঁর বক্তব্য অনুযায়ী, ঘোড়াটিকে জোরে ধাক্কা মেরে ফেলে দেওয়ার ফলে তিনি পড়ে যান এবং আঘাত পান। সেই ঘটনার পরই তাঁকে শারীরিক সমস্যার কারণে বিগ বসের ঘর ছাড়তে হয়েছিল। পরে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ফের শোয়ে ফিরে আসেন তিনি।
আরও পড়ুনঃ মাত্র ১৫ দিনেই সব শে’ষ, বাবাকে হারিয়ে শো’কস্তব্ধ অভিনেত্রী রাজনীতিক শতাব্দী রায়
এদিকে সৃজলার এই বক্তব্যের পর ফের আলোচনায় উঠে এসেছে টাস্কের সময়ের সেই ঘটনা এবং নন্দিনীর ভূমিকা। সৃজলার চোখে জল দেখে নন্দিনীকেও আবেগপ্রবণ হতে দেখা যায়। তবে দুর্ঘটনার পর নন্দিনীর বিরুদ্ধে বিগ বস কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেয়, তা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। নন্দিনীকে কোনও শাস্তির মুখে পড়তে হবে কি না, তাঁকে শো থেকে বের করে দেওয়া হবে কি না, তা নিয়েও জল্পনা তৈরি হয়েছে। এখন সৃজলার ফিরে আসার পর বিগ বসের ঘরের সম্পর্ক ও সমীকরণ কোন দিকে যায়, সেদিকেই নজর দর্শকদের।
