আজই কি বিগ বসের ঘর ছাড়তে চলেছেন সোহিনী পাল? চলতি সপ্তাহের মনোনয়নে নাম রয়েছে তাপস পালের মেয়ের। ফলে রবিবারের এলিমিনেশন ঘিরে তাঁকে নিয়েই তৈরি হয়েছে নতুন জল্পনা। বিগ বসের ঘরে প্রবেশের পর থেকেই নানা কারণে আলোচনায় রয়েছেন সোহিনী। কখনও পোশাক নিয়ে কটাক্ষ, কখনও আবার বাবার পরিচয়ে সুযোগ পাওয়ার অভিযোগ উঠেছে তাঁকে ঘিরে। সম্প্রতি সহপ্রতিযোগী নন্দিনীর সঙ্গে তর্কেও জড়িয়েছিলেন তিনি। এবার সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই সামনে এসেছে ঘর ছাড়ার আশঙ্কা।
বিগ বসের ঘরে নন্দিনীর সঙ্গে তর্কের সময় সোহিনী তাঁকে উদ্দেশ করে বলেছিলেন, বাইরের দুনিয়ায় থাকলে তাঁর সঙ্গে দুটো কথাও বলতেন না। পালটা নন্দিনীও সোহিনীর নিজের পরিচয় এবং তাঁর জীবনে কী কাজ করেছেন, সেই প্রশ্ন তোলেন। এরপর মেয়ের পাশে দাঁড়িয়ে মুখ খুলেছিলেন সোহিনীর মা নন্দিনী পাল। তিনি জানিয়েছিলেন, অভিনয় সোহিনীর একমাত্র পেশা নয়, বরং অভিনয় তাঁর ভালোবাসা ও নেশা। মানবসম্পদ নিয়ে পড়াশোনা করে একটি বেসরকারি সংস্থায় চাকরিও করেছেন সোহিনী। কৌশিক গঙ্গোপাধ্যায়, অঞ্জন দত্ত এবং সৃজিত মুখোপাধ্যায়ের মতো পরিচালকদের সঙ্গেও কাজ করেছেন তিনি।
অনুপম খেরের অভিনয় শিক্ষাকেন্দ্রে প্রশিক্ষণ নিয়েই অভিনয়ে এসেছেন বলে জানিয়েছিলেন তাঁর মা। মেয়েকে নিয়ে নন্দিনী পাল আরও জানিয়েছিলেন, তারকা পরিবারে জন্ম নেওয়া সোহিনীর নিজের সিদ্ধান্ত ছিল না। তবে নিজের জীবনের পথ নিজের যোগ্যতাতেই তৈরি করেছে তাঁর মেয়ে, এমনটাই দাবি করেছিলেন তিনি। অভিনয়ের পাশাপাশি একা ঘুরতে ভালোবাসেন সোহিনী, নিয়মিত পাহাড়ে হাঁটেন এবং শরীরচর্চা করেন। দৌড় প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নেওয়ার পাশাপাশি নতুন ভাষা শেখা ও বই পড়ারও আগ্রহ রয়েছে তাঁর। পথের পশু, পথশিশু এবং প্রবীণদের প্রতিও সোহিনীর টান রয়েছে বলে জানিয়েছিলেন নন্দিনী।
তাঁর মতে, জীবনে কঠিন পরিস্থিতি এলেও সোহিনী বারবার ঘুরে দাঁড়িয়েছেন। পেশাগত সাফল্য আর একজন মানুষের চরিত্র, এই দুটিকে এক করে দেখা উচিত নয় বলেও মেয়ের হয়ে সওয়াল করেছিলেন তিনি। তবে মায়ের এই বক্তব্যের পরেও সোহিনীকে ঘিরে সমালোচনা পুরোপুরি থামেনি। সমাজ মাধ্যমে একাংশের বক্তব্য, নন্দিনীকে প্রথমে সোহিনীই অপমান করেছিলেন, তাই তাঁকে পালটা কথা শুনতে হয়েছে। অন্যদিকে সোহিনীর পাশে দাঁড়িয়েছেন তাঁর অনুগামীদের একাংশ।
আরও পড়ুনঃ ‘এমন দিন যেন আমার চির শত্রু’কেও দেখতে না হয়’, দুর্ঘট’নার পর গুরুতর আহত হয়ে ফিরে এসে কাঁদতে কাঁদতে দাদাকে কী বললেন সৃজলা?
এদিকে চলতি সপ্তাহে মনোনীত প্রতিযোগীদের তালিকায় সোহিনীর নাম থাকায় আজকের পর্ব নিয়ে বাড়ছে কৌতূহল। মনোনয়নের চাপের পাশাপাশি সাম্প্রতিক বিতর্কও তাঁর যাত্রাকে নতুন আলোচনার কেন্দ্রে এনেছে। তাই রবিবারের পর্বে সোহিনীর ভাগ্যে কী অপেক্ষা করছে, তা নিয়েই এখন প্রশ্ন। শেষ পর্যন্ত সত্যিই কি তাপস পালের মেয়ে বিগ বসের ঘর থেকে বিদায় নেবেন, নাকি শেষ মুহূর্তে বদলে যাবে পুরো হিসাব, উত্তর মিলবে আজকের পর্বেই।
