জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“এদের চটকদারিটাই বেশি, কজন সত্যিই ভালোবেসে অভিনয় করে?” “শুরুতেই মেকআপ ভ্যান…কত সুযোগ সুবিধা, না পেলেই ইগোতে লেগে যাচ্ছে!” সর্বক্ষণ হাতে ফোন নিয়ে ছবি ও ভিডিও করতে ব্যস্ত! নতুন প্রজন্মের তারকাদের আয়না দেখালেন প্রবীণ পরিচালক রবীন দাস!

বাংলা বিনোদন জগতের প্রবীণ পরিচালক রবীন দাস দীর্ঘদিন ধরে ছবি, টেলিফিল্ম এবং ধারাবাহিকের সঙ্গে যুক্ত। তাঁর পেশাগত জীবনে পরিচালনার পাশাপাশি গল্প ও চিত্রনাট্য লেখারও অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর করার পর তিনি চিত্রবাণী থেকে ফিল্ম স্টাডিজের প্রশিক্ষণ নেন। একাধিক টেলিফিল্ম ও টিভি সিরিয়াল পরিচালনার পাশাপাশি সংবাদপত্রে সাংবাদিক হিসেবেও কাজ করেছেন তিনি। নিজের দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা নিয়ে ২০২১ সালে ‘পরিচালক হয়ে ওঠার সিলেবাস’ নামে আত্মজীবনীও প্রকাশ করেছেন। বর্তমানে থিয়েটার স্টাডিজের অতিথি শিক্ষক হিসেবেও কাজ করেছেন রবীন দাস।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নতুন প্রজন্মের অভিনেতা ও অভিনেত্রীদের কাজের ধরন নিয়ে নিজের ক্ষোভের কথা জানিয়েছেন এই পরিচালক। তাঁর বক্তব্যের মূল জায়গায় ছিল অভিনয়ের প্রতি ভালোবাসা এবং বর্তমান সময়ের তারকাদের জীবনযাপনের ধরন। রবীন দাসের মতে, এখন অভিনয়ের চেয়ে চটকদারি অনেক বেশি গুরুত্ব পাচ্ছে। তিনি প্রশ্ন তুলেছেন, সত্যিই কতজন অভিনেতা বা অভিনেত্রী মন থেকে অভিনয়কে ভালোবাসেন। তাঁর দাবি, শুটিংয়ের সময় অভিনয়ে মন দেওয়ার বদলে অনেকের হাতেই সবসময় ফোন দেখা যায়। ছবি তোলা থেকে শুরু করে ভিডিও বানানো, এই বিষয়গুলিও যেন কাজের অংশ হয়ে উঠেছে বলে মনে করেন তিনি।

এই প্রসঙ্গেই আগের সময়ের অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে বর্তমান প্রজন্মের তুলনা টেনেছেন রবীন দাস। তিনি বলেছেন, “এখন তো অভিনয়ের থেকে চটকদারিটাই বেশি, কজন সত্যিই ভালোবেসে অভিনয় করে? সর্বক্ষণ হাতে ফোন নিয়ে ছবি তুলতে আর ভিডিও করতে ব্যস্ত!” তাঁর মতে, আগের দিনে অভিনেতা বা অভিনেত্রী যত বড়ই হোন না কেন, শুটিংয়ের বাস্তব পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হত। মাঠে ঘাটে শুটিং হলে সেখানেই পোশাক বদলাতে হত, আলাদা করে বিশেষ সুবিধার দাবি করার সুযোগ ছিল না। তাঁর কথায়, সেই সময়ের অভিনেতাদের কাজের পরিবেশ এবং এখনকার সুযোগ সুবিধার মধ্যে অনেকটাই পার্থক্য রয়েছে। তাই বর্তমান প্রজন্মের কাজের ধরন নিয়ে তাঁর প্রশ্নও উঠছে।

মেকআপ ভ্যানের প্রসঙ্গ তুলেও বর্তমান সময়ের পরিবর্তন নিয়ে নিজের বক্তব্য স্পষ্ট করেছেন পরিচালক। রবীন দাস বলেছেন, “আসলে এখন না চাইতেই হাতে চাঁদ পেয়ে যাচ্ছে তো, আগে সে যত বড়ই অভিনেতা ও অভিনেত্রী হোক না কেন মাঠে ঘাটে পোশাক বদলাতেন।” অর্থাৎ তাঁর অভিজ্ঞতায় আগে তারকাদের কাজের জায়গায় সুযোগ সুবিধা এতটা সহজে পাওয়া যেত না। কিন্তু এখন একজন অভিনেতা বা অভিনেত্রী কাজ শুরু করলেই অনেক ধরনের সুবিধা সামনে চলে আসছে বলে তাঁর মত। বিশেষ করে শুরুতেই মেকআপ ভ্যান পাওয়ার বিষয়টি তাঁর বক্তব্যে আলাদা করে উঠে এসেছে। এই পরিবর্তনকে তিনি শুধু স্বাচ্ছন্দ্যের বিষয় হিসেবে দেখছেন না, বরং এর সঙ্গে তারকাদের মানসিকতারও সম্পর্ক রয়েছে বলে ইঙ্গিত করেছেন।

সবশেষে নতুন প্রজন্মের তারকাদের ইগো নিয়েও সরাসরি মন্তব্য করেছেন রবীন দাস। তাঁর কথায়, “আর এখন তো শুরুতেই মেকাপ ভ্যান পেয়ে যাচ্ছে, কত সুযোগ সুবিধা… যখনই সেটা না পাচ্ছে ওমনি ইগোতে লেগে যাচ্ছে!” অর্থাৎ তাঁর মতে, শুরু থেকেই অতিরিক্ত সুযোগ সুবিধা পাওয়ার ফলে সেই সুবিধাগুলি না মিললেই অনেকের মধ্যে অসন্তোষ তৈরি হচ্ছে। দীর্ঘদিনের কর্মজীবনের অভিজ্ঞতা থেকেই তিনি বর্তমান প্রজন্মের কাজের পরিবেশ এবং মানসিকতার এই তুলনা করেছেন। তাঁর মন্তব্য ঘিরে তাই নতুন করে আলোচনা শুরু হয়েছে অভিনয় পেশায় বদলে যাওয়া কাজের ধরন, তারকাদের সুযোগ সুবিধা এবং অভিনয়ের প্রতি দায়বদ্ধতা নিয়ে। তবে নতুন প্রজন্মের সমস্ত অভিনেতা অভিনেত্রীর ক্ষেত্রে তাঁর এই বক্তব্য প্রযোজ্য কি না, সেটি নিয়ে আলাদা মত থাকতেই পারে।

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।

                 

You cannot copy content of this page