জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘আজ একটা ভালো দিন, কিছু বলব না’! দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আ’টক, প্রশ্ন শুনেই হঠাৎ এমন কথা কেন বললেন জুন মালিয়া?

একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন তিনি। তৃণমূল কংগ্রেসের টিকিটে ভোটে জিতে সাংসদও হয়েছিলেন। কিন্তু সময়ের সঙ্গে বদলেছে রাজনৈতিক সমীকরণ। দল ছেড়ে এখন অন্য রাজনৈতিক শিবিরে জুন মালিয়া। আর এবার দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করার ঘটনা নিয়ে প্রশ্ন করা হতেই তাঁর প্রতিক্রিয়া ঘিরে শুরু হয়েছে চর্চা। সরাসরি কোনও রাজনৈতিক মন্তব্য না করে জুন জানিয়ে দিলেন, এই বিষয়ে তিনি কিছু বলতে চান না। কেন এড়িয়ে গেলেন তিনি এই প্রশ্ন?

মহালয়ার দিন কলকাতায় উৎসবের আবহ থাকলেও দিল্লির রাজনৈতিক পরিস্থিতি ছিল উত্তপ্ত। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ তুলে দিল্লিতে বিক্ষোভ কর্মসূচি ঘিরে তৈরি হয়েছিল উত্তেজনা। সেই কর্মসূচিকে কেন্দ্র করেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করে দিল্লি পুলিশ। প্রায় দু’ঘণ্টা তাঁকে প্রিজন ভ্যানে রাখা হয় বলে প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে। এই ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয় নানা আলোচনা।

অন্যদিকে, মহালয়া উপলক্ষে কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজিত হয়েছিল এক বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট শিল্পী। কৌশিকী চক্রবর্তী, শান্তনু মৈত্র, শান এবং দোহার-সহ একাধিক শিল্পীর পরিবেশনা ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। পাশাপাশি ছিল ১৫ হাজার ঢাকির পরিবেশনা, ড্রোন শো এবং আতসবাজির আয়োজন। সেই অনুষ্ঠান থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন জুন মালিয়া।

অনুষ্ঠান সম্পর্কে নিজের ভালো লাগার কথা জানালেও দিল্লির রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন শুনে অন্য সুর শোনা যায় তাঁর গলায়। সিজেপির বিক্ষোভ নিয়ে প্রশ্ন করা হলে জুন জানান, মহালয়ার দিনে এসব নিয়ে আলোচনা করতে চান না। এরপর মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করার ঘটনা নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘কিছু বলব না। আজ একটা ভালো দিন, একটা ভালো জিনিস থেকে বেরোচ্ছি।’ অর্থাৎ, রাজনৈতিক বিতর্কে জড়ানোর বদলে সেদিনের সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়েই থাকতে চেয়েছেন তিনি।

উল্লেখ্য, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে মেদিনীপুর কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে জয়ী হয়েছিলেন জুন মালিয়া। তবে বর্তমানে তিনি আর তৃণমূলের সঙ্গে যুক্ত নন। রাজনৈতিক পালাবদলের পর তাঁর এই নীরবতা নিয়েও স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি হয়েছে। একসময় যে নেত্রীর সঙ্গে তাঁর রাজনৈতিক সম্পর্ক ছিল, তাঁকে আটক করার ঘটনা নিয়ে কেন কোনও মন্তব্য করলেন না জুন? আপাতত সেই প্রশ্নের উত্তর অবশ্য অভিনেত্রী-সাংসদের কাছ থেকেই পাওয়া যায়নি।

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।

                 

You cannot copy content of this page