বিগ বসের ঘরে প্রতিযোগীদের মধ্যে লড়াই নতুন কিছু নয়। কখনও ক্যাপ্টেন হওয়ার দৌড়, কখনও নমিনেশন থেকে বাঁচার মরিয়া চেষ্টা, আবার কখনও একে অপরকে টেক্কা দেওয়ার প্রতিযোগিতা। কিন্তু সেই লড়াই যখন বিপজ্জনক হয়ে ওঠে, তখন প্রশ্ন উঠতে বাধ্য। খেলার উত্তেজনায় কি ভুলে যাচ্ছেন প্রতিযোগীরা, কোথায় থামতে হবে? সম্প্রতি এই রিয়্যালিটি শো ঘিরে এমনই বিতর্ক তৈরি হয়েছে। আর তার কেন্দ্রে রয়েছেন অভিনেত্রী সৃজলা গুহ, যাঁকে ঘিরে আগেও উদ্বেগ ছড়িয়েছিল দর্শকমহলে।
ক্যাপ্টেন্সি টাস্ক চলাকালীন গুরুতর চোট পেয়েছিলেন সৃজলা। কাঠের ঘোড়ার উপর বসে থাকার এই খেলায় প্রতিযোগীদের নিজেদের পছন্দের সদস্যকে বাঁচাতে এবং অন্যদের খেলা থেকে সরিয়ে দিতে হচ্ছিল। অভিযোগ, সেই সময় নন্দিনী দত্ত প্রথমে রাজবীর দে-র ঘোড়া উল্টে দেন। এরপর সৃজলার সঙ্গে কথা বলার মাঝেই তাঁর ঘোড়াটিও উল্টে দেওয়া হয়। ফলে আচমকা মাটিতে পড়ে যান অভিনেত্রী। ব্যথায় কাতরাতে দেখা যায় তাঁকে। যদিও টাস্কে শারীরিকভাবে ধাক্কা দেওয়া বা টেনে নামানোর বিষয়ে নিষেধাজ্ঞা ছিল বলেই বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এই ঘটনার পরেই সমাজমাধ্যমে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। নন্দিনীর আচরণ নিয়ে প্রশ্ন তোলেন বহু দর্শক। কেউ কেউ তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবিও জানান। তবে এই ঘটনার জেরে শুধু নন্দিনীকে ঘিরে বিতর্ক নয়, বিগ বসের টাস্কে প্রতিযোগীদের নিরাপত্তা নিয়েও আলোচনা শুরু হয়। প্রতিযোগিতার উত্তেজনা যতই থাকুক, কারও শারীরিক ক্ষতি হলে তার দায় এড়ানো যায় কি না, সেই প্রশ্নই তুলেছেন দর্শকদের একাংশ।
আরও পড়ুনঃ বিগ বসের ঘর ছাড়তেই ঝিলমের জন্য বিশেষ বার্তা! ‘ডিজে মাউজ’কে কী বললেন ভরত কলের স্ত্রী জয়শ্রী?
সৃজলার চোটের পর তাঁর শারীরিক অবস্থা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছিল। অভিনেত্রীর দলের তরফে জানানো হয়েছিল, তিনি চিকিৎসকদের নজরদারিতে রয়েছেন এবং আপাতত স্থিতিশীল। তবে ব্যথা ছিল বলেও জানানো হয়। এই ঘটনার পর শোয়ের নির্মাতারা কী ধরনের সতর্কতা নেন, তা নিয়েও কৌতূহল তৈরি হয়েছে। রিয়্যালিটি শোতে প্রতিযোগিতা থাকবেই, কিন্তু সেই লড়াই যেন বিপদের কারণ না হয়ে ওঠে, এমনটাই চাইছেন দর্শকদের একাংশ।
