জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“নাচটা আমারও বাজে লেগেছে, ঋতুর দোষ নেই, নাচের দোষ!” “যা পাব টাকার জন্য করে নেব এটা হয় না, বিচার বিবেচনা প্রয়োজন!” ঋতুপর্ণা সেনগুপ্তের নাচ নিয়ে বিতর্কে মুখ খুললেন ইন্দ্রাণী হালদার! বন্ধুর পাশে দাঁড়িয়েও কেন সমালোচনা করলেন অভিনেত্রী?

মহালয়ার অনুষ্ঠানে লাল শাড়ি ও গয়না পরে ঢাকের তালে ধুনুচি নাচ করেছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। কিন্তু সেই নাচের ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় নানা ধরনের কটাক্ষ। ঋতুপর্ণার নাচের ভঙ্গি থেকে শুরু করে তাঁর অভিব্যক্তি, সব কিছু নিয়েই সমালোচনা করেন নেটিজেনদের একাংশ। এই পরিস্থিতিতে ঋতুপর্ণার পাশে দাঁড়িয়ে নিজের মতামত জানালেন অভিনেত্রী ইন্দ্রাণী হালদার। তবে বন্ধুর পাশে দাঁড়ালেও নাচটি নিয়ে নিজের অপছন্দের কথাও স্পষ্টভাবে জানিয়েছেন তিনি। এক সাক্ষাৎকারে ইন্দ্রাণী বলেন, ঋতুপর্ণা তাঁর খুব প্রিয় বন্ধু।

তবে মহালয়ার অনুষ্ঠানে তাঁর নাচটি ব্যক্তিগতভাবে ভালো লাগেনি ইন্দ্রাণীর। তাঁর মতে, নাচের কোরিওগ্রাফি আরও ভালো হতে পারত। ঋতুপর্ণা নিজেও একজন দক্ষ নৃত্যশিল্পী বলে মনে করেন তিনি। তাই এই পারফরম্যান্সের জন্য অভিনেত্রীকে পুরোপুরি দায়ী করতে চান না ইন্দ্রাণী। তাঁর মতে, নাচের পরিকল্পনায় যাঁরা ছিলেন, তাঁদের আরও ভালোভাবে বিষয়টি ভাবা উচিত ছিল। ইন্দ্রাণীর বক্তব্য, ঋতুপর্ণা চাইলে কোরিওগ্রাফারকে নিজের মতামত জানাতে পারতেন।

নাচের কিছু ভঙ্গি তাঁর কাছে অতিরিক্ত মনে হলে অন্যভাবে পরিবেশনের পরামর্শও দিতে পারতেন। কিন্তু ঋতুপর্ণা খুবই ভালো মনের মানুষ, তাই হয়তো সরাসরি কিছু বলেননি। ইন্দ্রাণীর ধারণা, এই অভিজ্ঞতা থেকে ভবিষ্যতে আরও সচেতন হবেন ঋতুপর্ণা। কোনও প্রস্তাব পেলেই তা মেনে নেওয়ার আগে নিজের মতামত জানানোও যে জরুরি, সেই বিষয়টি হয়তো নতুন করে ভাববেন অভিনেত্রী। নাচের সমালোচনা করলেও ঋতুপর্ণার দীর্ঘদিনের পরিশ্রম এবং ব্যক্তিত্বের প্রশংসা করেছেন ইন্দ্রাণী।

তাঁর কথায়, বছরের পর বছর ধরে বাংলা বিনোদন জগতে নিজের জায়গা ধরে রাখা সহজ নয়। এর জন্য প্রচুর পরিশ্রম ও আত্মবিশ্বাস প্রয়োজন। সমাজ মাধ্যমে ঋতুপর্ণাকে নিয়ে নানা কটাক্ষ হলেও তিনি সেগুলিকে খুব একটা গুরুত্ব দেন না। ইন্দ্রাণীর মতে, সমালোচনাকে যেভাবে উপেক্ষা করে নিজের কাজ করে যান ঋতুপর্ণা, তা তাঁর কাছেও শেখার মতো বিষয়। বন্ধুর এই মানসিকতার প্রশংসাও করেছেন তিনি। এদিকে নিজের নাচ নিয়ে হওয়া সমালোচনার জবাব আগেই দিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। অভিনেত্রী স্পষ্ট জানিয়েছেন, কে কী বলছেন, তা নিয়ে তিনি বিশেষ চিন্তিত নন।

এদিন অভিনেত্রী নিজেই ‘কুছ তো লোগ কহেঙ্গে’ বলেই নিজের অবস্থান বুঝিয়ে দিয়েছেন তিনি। অর্থাৎ, এই পারফরম্যান্স নিয়ে কোনও আফসোস নেই তাঁর। সমালোচনা সত্ত্বেও নিজের কাজের প্রতি আস্থা রেখেছেন অভিনেত্রী। অন্যদিকে, ইন্দ্রাণীর মন্তব্য ঘিরেও শুরু হয়েছে আলোচনা। বন্ধুর নাচ পছন্দ না হওয়ার কথা জানিয়েও তাঁর পাশে দাঁড়ানোর বিষয়টি নজর কেড়েছে দর্শকদের।

Piya Chanda

                 

You cannot copy content of this page