‘বিধবা হলেও সিঁদুর পরতাম!’ রেখার মতোই নিজের শর্তে জীবন কাটান রূপা গঙ্গোপাধ্যায়, কোন বিশ্বাসে আজও সিঁথি রাঙান অভিনেত্রী?

রুপোলি পর্দায় দ্রৌপদী হিসেবে আজও দর্শকের মনে উজ্জ্বল রূপা গঙ্গোপাধ্যায়। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও বারবার আলোচনায় উঠে এসেছেন তিনি। বিশেষ করে তাঁর সিঁথিভর্তি সিঁদুর নিয়ে কৌতূহলের শেষ নেই। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ধ্রুব মুখোপাধ্যায়ের সঙ্গে বহু বছর আগেই ভেঙেছে তাঁর দাম্পত্য সম্পর্ক। তা হলে বিচ্ছেদের পরেও কেন সিঁথিতে সিঁদুর পরেন অভিনেত্রী? সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রশ্নের উত্তর দিয়েছেন রূপা। তাঁর বক্তব্যে উঠে এসেছে ব্যক্তিগত বিশ্বাস, পছন্দ এবং সমাজের প্রচলিত ধারণার বিরুদ্ধে নিজের অবস্থান।

রূপার কথায়, সিঁদুর পরার জন্য কাউকে কোনও ব্যাখ্যা দিতে রাজি নন তিনি। অভিনেত্রী জানিয়েছেন, তিনি মা ভদ্রকালীর সিঁদুর পরেন। কপালের ওপর থেকে সিঁথি পর্যন্ত যে সিঁদুর ছোঁয়ান, তা ভদ্রকালীর মন্দির থেকে আনা। শুধু তাই নয়, তাঁর স্পষ্ট বক্তব্য, “আমি তো বিধবা নই! তা ছাড়া বিধবা হলেও আমি সিঁদুর পরতাম।” অর্থাৎ, সিঁদুর পরার সঙ্গে শুধুমাত্র বৈবাহিক অবস্থাকে জুড়ে দেখতে নারাজ তিনি। নিজের বিশ্বাস এবং ভালো লাগাকেই এখানে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন অভিনেত্রী।

নারীদের সাজপোশাক নিয়ে সমাজের একাংশের দৃষ্টিভঙ্গি নিয়েও প্রশ্ন তুলেছেন রূপা। তাঁর মতে, কোনও নারী বিধবা হলেই কেন তিনি সিঁদুর কিংবা লাল টিপ পরতে পারবেন না? এই প্রশ্নের মধ্যেই যেন লুকিয়ে রয়েছে তাঁর দীর্ঘদিনের ভাবনা। বাবার মৃত্যুর পরেও মাকে জোর করে লাল টিপ পরাতেন বলে জানিয়েছেন অভিনেত্রী। নারীদের লাল সাজে দেখতে তাঁর ভালো লাগে। তাই কে কী ভাবলেন, তা নিয়ে মাথা ঘামাতে চান না তিনি। তাঁর সাফ কথা, সিঁদুর পরবেন কি না, সেই সিদ্ধান্ত একান্তই তাঁর নিজের।

১৯৯২ সালে ধ্রুব মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন রূপা। কিন্তু সেই দাম্পত্য দীর্ঘস্থায়ী হয়নি। সংসার বাঁচানোর জন্য অভিনয় জীবন থেকেও সরে দাঁড়িয়েছিলেন তিনি। এক পুরনো সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, সংসার টিকিয়ে রাখতে নিজের কাজের সময় পর্যন্ত নিয়ন্ত্রণ করেছিলেন। কলকাতায় সংসার করার জন্য অভিনয়ও ছেড়ে দিয়েছিলেন। কিন্তু এত কিছু করেও সম্পর্ক বাঁচাতে পারেননি। সেই অভিজ্ঞতা তাঁর জীবনের অন্যতম কঠিন অধ্যায় হয়ে রয়েছে। তবে অতীতের অভিজ্ঞতা সত্ত্বেও নিজের পছন্দ এবং বিশ্বাসের জায়গা থেকে সরে আসতে নারাজ তিনি।

রূপার সিঁদুর পরার প্রসঙ্গে উঠে এসেছে বলিউড অভিনেত্রী রেখার কথাও। স্বামী মুকেশ আগরওয়ালের মৃত্যুর পরেও রেখাকে বহুবার সিঁথিভর্তি সিঁদুরে দেখা গিয়েছে। তাঁর সিঁদুর পরা নিয়েও দীর্ঘদিন ধরে নানা জল্পনা রয়েছে। এক সাক্ষাৎকারে রেখা জানিয়েছিলেন, যে শহরে তাঁর জন্ম, সেখানে সিঁদুর পরাকে ফ্যাশনের অংশ হিসেবে দেখা হয়। পাশাপাশি নিজেরও সিঁদুর পরতে ভালো লাগে বলে জানিয়েছিলেন তিনি। এবার রূপা গঙ্গোপাধ্যায়ের বক্তব্যেও উঠে এল নিজের ইচ্ছাকে গুরুত্ব দেওয়ার কথা। সমাজের প্রচলিত ধারণা নয়, নিজের বিশ্বাস ও ভালো লাগাকেই প্রাধান্য দিতে চান দুই অভিনেত্রী।

Piya Chanda

                 

You cannot copy content of this page