অসুস্থ শরীরেও থামছেন না রণজয়! পর্দার আড়ালে কী লড়াই করছেন অভিনেতা? ‘প্রার্থনা করুন’, অনুরাগীদের কাছে কী আর্জি তাঁর?

টেলিভিশনের পর্দায় প্রিয় অভিনেতাকে দেখে অনেক সময়ই বোঝা যায় না, ক্যামেরার সামনে হাসিমুখে থাকা মানুষটির ভিতরে কতটা শারীরিক কষ্ট জমে রয়েছে। দর্শকের মনোরঞ্জনের জন্য নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেন তাঁরা। কিন্তু সেই চেষ্টা করতে গিয়ে যখন শরীর আর সঙ্গ দেয় না, তখন কাজ চালিয়ে যাওয়াও হয়ে ওঠে বড় চ্যালেঞ্জ। ঠিক এমনই এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন টেলিপাড়ার পরিচিত মুখ রণজয় বিষ্ণু। অসুস্থতা সত্ত্বেও শুটিং চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন অভিনেতা। তবে সম্প্রতি নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে অনুরাগীদের কাছে যে আর্জি জানিয়েছেন তিনি, তা মন ছুঁয়েছে তাঁর ভক্তদের।

রণজয় জানিয়েছেন, গত কয়েক দিন ধরেই জ্বর ও শারীরিক দুর্বলতায় ভুগছেন তিনি। অসুস্থতার প্রভাব পড়ছে তাঁর কথাবার্তা এবং কাজের মধ্যেও। সাম্প্রতিক কয়েক দিনের ধারাবাহিকের সম্প্রচার দেখে নিজেরই খারাপ লেগেছে অভিনেতার। তাঁর মনে হয়েছে, অসুস্থতার কারণে হয়তো দর্শকদের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারছেন না। তাই নিজের কাজের মান নিয়ে অনুরাগীদের কাছে আগাম ক্ষমাও চেয়েছেন তিনি।

চিকিৎসক তাঁকে দু’-তিন দিন সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছেন রণজয়। কিন্তু ধারাবাহিকের শুটিংয়ের ব্যস্ত সূচির কারণে কাজ থেকে পুরোপুরি বিরতি নেওয়া তাঁর পক্ষে কঠিন। তাই সেটে গিয়েও যতটা সম্ভব বিশ্রাম নিচ্ছেন অভিনেতা। শুটিংয়ের সময়টুকু ক্যামেরার সামনে দাঁড়িয়ে নিজের অংশের কাজ করছেন, আর বাকি সময় শুয়ে থাকছেন। এই পরিস্থিতিতে সহ-অভিনেতা থেকে শুরু করে টেকনিশিয়ান, প্রত্যেকেই যেভাবে তাঁকে সাহায্য করছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

শরীর দ্রুত সারিয়ে তুলতে চিকিৎসকের পরামর্শ নেওয়ার পাশাপাশি ঘরোয়া উপায়েও সুস্থ থাকার চেষ্টা করছেন রণজয়। তবে এখন তাঁর সবচেয়ে বড় ভরসা অনুরাগীদের ভালোবাসা ও আশীর্বাদ। ধারাবাহিকের ২০০ পর্ব সম্পূর্ণ হওয়ার আনন্দের মাঝেই অসুস্থতার কারণে কাজের গতি কমে যাওয়ায় মন খারাপ অভিনেতার। তিনি চান, খুব তাড়াতাড়ি আগের মতো সুস্থ হয়ে, পুরনো উদ্যমে দর্শকদের সামনে ফিরতে। তাই অনুরাগীদের উদ্দেশে তাঁর একটাই আবেদন, দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য যেন সকলে তাঁর পাশে থাকেন এবং প্রার্থনা করেন।

Piya Chanda

                 

You cannot copy content of this page