আইনি বিয়ের পরেও বাকি ছিল বড় চমক! শ্রুতির এক পোস্ট ঘিরে টলিপাড়ায় জোর চর্চা, স্বর্ণেন্দুর সঙ্গে কী নতুন সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী?

টলিপাড়ার চর্চিত জুটি শ্রুতি দাস ও স্বর্ণেন্দু সমাদ্দারকে নিয়ে নতুন করে শুরু হয়েছে জল্পনা। ২০২৩ সালের ৯ জুলাই আইনি বিয়ে সেরেছিলেন তাঁরা। পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের উপস্থিতিতেই হয়েছিল সেই অনুষ্ঠান। তবে এবার কি সামাজিক রীতিনীতি মেনে অগ্নিসাক্ষী রেখে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন এই তারকা দম্পতি? সম্প্রতি শ্রুতির একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরেই তৈরি হয়েছে এমন কৌতূহল। অনুরাগীদের মনে এখন একটাই প্রশ্ন, তবে কি আবারও বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দু’জনে?

সম্প্রতি বিয়ের সাজে স্বামীর সঙ্গে কয়েকটি ছবি ভাগ করে নিয়েছেন শ্রুতি। ছবিতে অভিনেত্রীর পরনে লাল শাড়ি, সঙ্গে মানানসই ব্লাউজ। খোঁপায় বাঁধা চুল, কানে ঝুমকো এবং কপালে বড় লাল টিপে একেবারে বাঙালি কনের সাজে ধরা দিয়েছেন তিনি। অন্যদিকে স্বর্ণেন্দুর পরনে ছিল সাদা ধুতি-পাঞ্জাবি। দু’জনের সাজেই ছিল বাঙালি বিয়ের চেনা ছোঁয়া। ছবিগুলির সঙ্গে শ্রুতি লিখেছেন, ‘গল্পের নতুন মোড়’। আর এই কয়েকটি শব্দ থেকেই শুরু হয়েছে নানা জল্পনা। তাহলে কি এবার সামাজিক বিয়ের আয়োজন করতে চলেছেন তাঁরা?

ছবির সাজসজ্জাতেও ছিল বিয়ের নানা ইঙ্গিত। শ্রুতির ব্লাউজের পিছনে সুতোর কাজে ফুটিয়ে তোলা হয়েছে কনে-বউয়ের মুখ। শাড়িতেও রয়েছে টোপরের নকশা। সমুদ্রের ধারে কলাগাছ দিয়ে তৈরি করা হয়েছিল ছাদনাতলার মতো একটি জায়গা। সেখানে দু’জনের রোম্যান্টিক মুহূর্তও ধরা পড়েছে। সব মিলিয়ে ছবিগুলি দেখে অনেকেরই ধারণা, জীবনের বিশেষ কোনও মুহূর্ত উদ্‌যাপন করছেন তাঁরা।

প্রসঙ্গত, ‘ত্রিনয়নী’ ধারাবাহিকের কাজের সূত্রেই শ্রুতি ও স্বর্ণেন্দুর পরিচয়। সেখান থেকেই বন্ধুত্ব, প্রেম এবং পরবর্তী সময়ে একসঙ্গে পথ চলার সিদ্ধান্ত। তাঁদের বয়সের ব্যবধান নিয়ে একসময় সমাজমাধ্যমে কম কটাক্ষ শুনতে হয়নি। তবে সেই সব সমালোচনাকে গুরুত্ব না দিয়ে নিজেদের সম্পর্ককে পরিণতি দিয়েছেন দু’জনে। ২০২৩ সালে আইনি বিয়ের পাশাপাশি ঘরোয়া পরিসরে মালাবদল ও সিঁদুরদানের অনুষ্ঠানও হয়েছিল।

তবে এবার সামাজিক বিয়ের আয়োজন নিয়ে এখনও পর্যন্ত নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করেননি শ্রুতি বা স্বর্ণেন্দু। অভিনেত্রীর পোস্টের ‘গল্পের নতুন মোড়’ কথাটির অর্থ কী, তা নিয়েও স্পষ্ট করে কিছু জানা যায়নি। ফলে ছবির আড়ালে সত্যিই কোনও নতুন সুখবর রয়েছে কি না, সেই উত্তর পেতে অপেক্ষা করতে হবে অনুরাগীদের।

Piya Chanda

                 

You cannot copy content of this page