গলার স্বর বদলাতেই গান ছাড়ার ভাবনা! অরিজিতের কোন পরামর্শে চরম অবসাদ থেকে নতুন করে ঘুরে দাঁড়ানোর শক্তি পান শ্রেয়ান?

ছোটবেলায় সারেগামাপা লিটল চ্যাম্পসের মঞ্চে গান গেয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন শ্রেয়ান ভট্টাচার্য। কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে বদলাতে শুরু করে তাঁর গলার স্বর। আর সেই পরিবর্তনই একসময় তাঁর কাছে হয়ে ওঠে বড় সমস্যা। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছিল যে গান ছেড়ে দেওয়ার কথাও ভাবতে শুরু করেছিলেন তিনি।

সম্প্রতি এক পডকাস্টে নিজের জীবনের সেই কঠিন সময়ের কথা জানিয়েছেন শ্রেয়ান। বয়সন্ধির সময় কণ্ঠের স্বাভাবিক পরিবর্তনের কারণে আগের মতো গান গাইতে পারছিলেন না তিনি। ফলে আত্মবিশ্বাস কমতে থাকে। গানের জগতে নিজের ভবিষ্যৎ নিয়েও তৈরি হয় অনিশ্চয়তা। মানসিক অবসাদও গ্রাস করেছিল তাঁকে।

সেই সময়ে অবশ্য পাশে ছিলেন তাঁর বাবা-মা। শ্রেয়ানের কথায়, গলার স্বর পরিবর্তনের সময় তাঁকে অতিরিক্ত গান গাইতে দিতে চাইতেন না তাঁরা। কণ্ঠের ক্ষতি হতে পারে, এই আশঙ্কায় লাইভ শো থেকেও দূরে রাখা হয়েছিল তাঁকে। তবে পরিবারের সমর্থন তাঁকে কঠিন সময় সামলাতে সাহায্য করে।

শ্রেয়ানের জীবনে নতুন আশার আলো হয়ে আসেন অরিজিৎ সিং। অরিজিতের ছবি ‘সা’-তে কাজের সূত্রে তাঁর সঙ্গে পরিচয় হয় শ্রেয়ানের। মুম্বইয়ে অরিজিতের স্টুডিয়োয় গিয়ে তাঁর সঙ্গে সময় কাটানোর সুযোগ পান তিনি। সেই সময় অরিজিৎ তাঁকে রিয়্যালিটি শোয়ের পিছনে না ছুটে নিয়মিত রেওয়াজ করার পরামর্শ দেন। এই কথাই নতুন করে ভাবতে শেখায় শ্রেয়ানকে।

এরপর ধীরে ধীরে গানের জগতে নিজের জায়গা তৈরির দিকে মন দেন তিনি। বর্তমানে মুম্বই থেকে মিউজিক প্রোডাকশনের কোর্স শেষ করেছেন শ্রেয়ান। গায়কির পাশাপাশি গান তৈরি এবং বাদ্যযন্ত্র নিয়েও চর্চা করছেন। ছোটবেলার জনপ্রিয়তার বাইরে বেরিয়ে এবার নিজের পরিচিতি নতুনভাবে গড়ে তুলতে চান এই শিল্পী।

Piya Chanda

                 

You cannot copy content of this page