স্বামীকে হারালেন বর্ষীয়ান অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়, প্রয়াত, হেমন্ত মুখোপাধ্যায় পুত্র জয়ন্ত মুখোপাধ্যায়

বিনোদন জগতে শোকের ছায়া। প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায়। বৃহস্পতিবার, ১২ নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স কত হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। জয়ন্তর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের (FWICE) প্রতিনিধি বি এন তিওয়ারি। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র ও বিনোদন মহলে।

জয়ন্ত মুখোপাধ্যায় শুধু মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী হিসেবেই পরিচিত ছিলেন না, চলচ্চিত্র প্রযোজক হিসেবেও তাঁর পরিচিতি ছিল। কিংবদন্তি গায়ক ও সুরকার হেমন্ত মুখোপাধ্যায়ের ছেলে ছিলেন তিনি। পরিবার ও ঘনিষ্ঠ মহলে ‘বাবু’ নামেই পরিচিত ছিলেন জয়ন্ত। চলচ্চিত্র এবং টেলিভিশন জগতের সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন তিনি। ১৯৭৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘মজাক’ এবং ১৯৭৯ সালের ‘দো লড়কে দোনো কড়কে’ ছবির প্রযোজনার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এছাড়াও ১৯৯২ সালে টেলিভিশন ধারাবাহিক ‘তলাশ’-এর সঙ্গেও তাঁর যোগ ছিল।

জয়ন্ত ও মৌসুমীর দাম্পত্য জীবন ছিল পাঁচ দশকেরও বেশি সময়ের। খুব অল্প বয়সেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাঁরা। চলতি বছর একটি সাক্ষাৎকারে নিজের বিয়ের প্রসঙ্গ তুলে ধরেছিলেন অভিনেত্রী। জানিয়েছিলেন, দশম শ্রেণিতে পড়ার সময়ই তাঁর বিয়ের কথা পাকা হয়। এরপর অল্প সময়ের মধ্যেই বিয়ে হয় তাঁদের। বিয়ের পর মুম্বইয়ে চলে যান দু’জনে। সেখানেই নিজের অভিনয় জীবনকে আরও এগিয়ে নিয়ে যান মৌসুমী। দীর্ঘ সময়ের এই দাম্পত্য জীবনে একে অপরের পাশে থেকেছেন তাঁরা।

তবে এই পরিবারকে এর আগেও বড় শোকের মুখোমুখি হতে হয়েছে। ২০১৯ সালের ডিসেম্বর মাসে তাঁদের বড় মেয়ে পায়েলের মৃত্যু হয়। মাত্র ৪৫ বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে যান তিনি। দীর্ঘদিন ধরে জুভেনাইল ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন পায়েল। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দীর্ঘ সময় কোমাতেও ছিলেন তিনি। মেয়ের অসুস্থতার সময় তাঁর চিকিৎসা ও দেখাশোনার দায়িত্ব নিয়ে আইনি পদক্ষেপও করেছিলেন মৌসুমী ও জয়ন্ত। সেই কঠিন সময় পেরিয়ে এবার স্বামীকে হারিয়ে ফের বড় ধাক্কা খেলেন অভিনেত্রী।

অন্যদিকে, মৌসুমী চট্টোপাধ্যায় ভারতীয় চলচ্চিত্রের অত্যন্ত পরিচিত মুখ। বাংলা ছবি ‘বালিকা বধূ’ দিয়ে অভিনয় জীবন শুরু করেছিলেন তিনি। পরবর্তীকালে হিন্দি ছবিতেও একের পর এক উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করেছেন। ‘অনুরাগ’, ‘নৈনা’, ‘কাঁচে ধাগে’, ‘বেণাম’, ‘হামশকল’ এবং ‘রোটি কাপড়া অউর মকান’-এর মতো ছবিতে তাঁর অভিনয় দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। ব্যক্তিগত জীবনের এই কঠিন সময়ে অভিনেত্রীর পাশে থাকার বার্তা দিচ্ছেন অনুরাগীরা। প্রয়াত জয়ন্ত মুখোপাধ্যায়ের আত্মার শান্তি কামনা করি।

Piya Chanda

                 

You cannot copy content of this page