“সবার কাছে আলাদা আলাদা করে ক্ষমা চাইবে!” রাজবীরের মায়ের এই আচরণ ও শিক্ষায় মুগ্ধ আয়েন্দ্রী রায়! “রাজবীর সত্যিই ভাগ্যবান, কী সুন্দর শিক্ষা দিয়ে ছেলেকে বড় করেছেন!” আবেগঘন পোস্টে আর কী লিখলেন অভিনেত্রী?

রাজবীর দে-র মায়ের বিগ বসের ঘরে প্রবেশ ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে ছেলেকে সামনে পেয়েও যেভাবে তাঁকে শাসন করেছেন, তাতে মুগ্ধ হয়েছেন অনেকেই। এ বার রাজবীরের মায়ের প্রশংসায় পঞ্চমুখ হলেন অভিনেত্রী আয়েন্দ্রী রায়। সমাজমাধ্যমে একটি দীর্ঘ পোস্ট করে তিনি জানিয়েছেন, রাজবীর সত্যিই ভাগ্যবান যে তাঁর জীবনে এমন একজন মা রয়েছেন। বৃহস্পতিবার বিগ বস বাংলার ফ্যামিলি উইক স্পেশাল পর্বে শিলিগুড়ি থেকে ছেলেকে দেখতে হাজির হয়েছিলেন রাজবীরের মা ও ভাই। তাঁদের দেখে প্রথমে আবেগপ্রবণ হয়ে পড়েন রাজবীর। কিন্তু ছেলের সঙ্গে দেখা হওয়ার পর শুধু আদর বা ভালোবাসা প্রকাশ করেই থেমে থাকেননি তাঁর মা। বরং ছেলের কিছু আচরণ নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন এবং ভুল শুধরে নেওয়ার পরামর্শ দিয়েছেন। আর মায়ের এই ভূমিকা বেশ ভালো লেগেছে আয়েন্দ্রীর। তাঁর মতে, সন্তানকে ভালোবাসার পাশাপাশি প্রয়োজনে তার ভুল ধরিয়ে দেওয়াও একজন অভিভাবকের দায়িত্ব।

আসলে বিগ বসের ঘরে ঢুকেই রাজবীরের মাকে ছেলের মাথা গরম করার স্বভাব নিয়ে প্রশ্ন করতে দেখা যায়। বিশেষ করে মেমোরি বোর্ডে বিদায়ী প্রতিযোগীদের লেখা বার্তা মুছে ফেলার ঘটনায় তিনি ছেলেকে সবার কাছে ক্ষমা চাইতে বলেন। শুধু তাই নয়, সোনামণি সাহা যখন রাজবীরের বিরুদ্ধে তাঁর কাছে অভিযোগ জানাতে যান, তখনও ছেলের হয়ে সাফাই না গেয়ে উল্টে রাজবীরকেই শাসন করেন তিনি। সোনামণিকে ছেলের দুষ্টুমি একটু সহ্য করে নেওয়ার কথাও বলেন। এমনকী, ক্যাপ্টেন্সি কনটেন্ডার বেছে নেওয়ার সময় নিজের ছেলের সঙ্গে অতীতে বিবাদে জড়ানো দুর্নিবারকেও নির্বাচন করেন তিনি। অর্থাৎ ঘরের অন্য প্রতিযোগীদের সঙ্গে ছেলের সম্পর্কের সমীকরণকে গুরুত্ব না দিয়ে নিজের সিদ্ধান্ত নিয়েছেন রাজবীরের মা। এই বিষয়টিই বিশেষভাবে নজর কেড়েছে আয়েন্দ্রীর। অভিনেত্রীর মতে, রাজবীরের মা বুঝিয়ে দিয়েছেন, সন্তান ভুল করলে তার পাশে দাঁড়ানোর অর্থ ভুলকে সমর্থন করা নয়। বরং ভুলটা কোথায় হয়েছে, তা বুঝিয়ে দেওয়াই প্রকৃত অভিভাবকের কাজ।

সমাজমাধ্যমে আয়েন্দ্রী লিখেছেন, রাজবীর সত্যিই ভাগ্যবান যে তাঁর জীবনে এমন একজন মা রয়েছেন। কী সুন্দর শিক্ষা দিয়ে ছেলেকে বড় করেছেন তিনি! রাজবীরের দৃঢ় মানসিকতা এবং অন্যের প্রতি সহানুভূতিশীল হওয়ার পিছনেও তাঁর মায়ের শিক্ষার ছাপ রয়েছে বলে মনে করেন অভিনেত্রী। আয়েন্দ্রীর কথায়, সন্তান ভুল করলে তাকে সবার সামনে সেই ভুল বুঝিয়ে দেওয়া উচিত। প্রয়োজনে সকলের সামনেই তাকে বলা দরকার যে সে ঠিক কাজ করেনি। এতে সন্তান বুঝতে পারে, তার আচরণে মা কষ্ট পেয়েছেন এবং নিজের ভুল উপলব্ধি করার সুযোগ পায়। রাজবীরের মায়ের বলা, ‘কীসের এত মাথা গরম? সবার কাছে আলাদা আলাদা করে ক্ষমা চাইবে’, এই কথাটিও বিশেষভাবে উল্লেখ করেছেন তিনি। আয়েন্দ্রীর মতে, প্রত্যেক বাবা-মা চান তাঁদের সন্তান জীবনে ভালো থাকুক এবং সবার উপরে থাকুক। কিন্তু সন্তানের দোষ ঢাকতে গিয়ে যদি তার ভুলকেই প্রশ্রয় দেওয়া হয়, তাহলে তাকে সঠিক শিক্ষা দেওয়া সম্ভব নয়। রাজবীরের মা ঠিক সেই কাজটিই করেননি। বরং একবারও ছেলেকে বলেননি যে সে ঠিক এবং সোনামণি ভুল। উল্টে রাজবীরকেই প্রশ্ন করেছেন, ‘তুই কেন ওকে এত জ্বালাস রে!’ মায়ের এই নিরপেক্ষ মনোভাবেই মুগ্ধ হয়েছেন অভিনেত্রী।

রাজবীরের মায়ের প্রশংসা করার পাশাপাশি আয়েন্দ্রী ছেলের খেলার একটি বিশেষ দিকও তুলে ধরেছেন। তাঁর কথায়, রাজবীরের আরও একটি বিষয় তাঁর খুব ভালো লেগেছে। জিতু কামালের সঙ্গে একটি সুন্দর সম্পর্ক তৈরি করার চেষ্টা করেছে রাজবীর। সেই কারণেই বারবার জিতুকে নিয়ে নিজের মনের প্রশ্ন মায়ের কাছে জানতে চেয়েছে সে। এমনকী, মায়ের সামনেও রাজবীর জানতে চেয়েছে, ‘জিতু কি সত্যিই আমার সঙ্গে ঠিক আছে?’ আয়েন্দ্রীর মতে, অন্যের সঙ্গে সম্পর্কের সমীকরণ নিয়ে অতিরিক্ত চিন্তা না করে এখন রাজবীরের নিজের খেলায় মন দেওয়া উচিত। কারণ প্রতিযোগিতার এই পর্যায়ে এসে প্রত্যেকেরই নিজের যোগ্যতা প্রমাণ করার সময়। কাউকে খুশি করার জন্য কিংবা কারও সঙ্গে সম্পর্ক ঠিক রাখার জন্য নয়, এ বার নিজের জন্য খেলতে হবে রাজবীরকে। এতদিনের পরিশ্রমের ফল পাওয়ার জন্য নিজের সমস্ত শক্তি দিয়ে লড়াই করার পরামর্শও দিয়েছেন অভিনেত্রী। তাঁর মতে, রাজবীরের সামনে এখন একটাই লক্ষ্য থাকা উচিত, নিজের যোগ্যতায় ক্যাপ্টেন হওয়া এবং প্রতিযোগিতায় এগিয়ে যাওয়া।

পোস্টের শেষদিকে রাজবীরের উদ্দেশে নিজের শুভেচ্ছাও জানিয়েছেন আয়েন্দ্রী। অভিনেত্রী লিখেছেন, এ বার সমস্ত শক্তি দিয়ে লড়াই করো রাজবীর। তোমার হাতেই উঠুক বিজয়ীর ট্রফি। তুমি জেতার যোগ্য! অর্থাৎ রাজবীরের খেলা এবং তাঁর মায়ের আচরণ, দুই বিষয়েই নিজের সমর্থন প্রকাশ করেছেন তিনি। উল্লেখযোগ্য বিষয় হল, এর আগেও বিগ বসের ঘরে নন্দিনী দত্তের সঙ্গে রাজবীরের সম্পর্ক এবং পরবর্তী ঘটনাগুলি নিয়ে আলোচনা হয়েছে। নন্দিনী শো থেকে বেরিয়ে আসার পর রাজবীরের মায়ের সঙ্গে যোগাযোগ করে নিজের আচরণের জন্য ক্ষমাও চেয়েছিলেন বলে সংবাদমাধ্যমে জানিয়েছিলেন তিনি। এ দিন বিগ বসের ঘরে রাজবীরের মা নিজেও জানিয়েছেন, নন্দিনী তাঁর সঙ্গে যোগাযোগ করে ক্ষমা চেয়েছে। তবে ছেলেকে অতীতের ঘটনা ভুলে খেলায় মন দেওয়ার পরামর্শই দিয়েছেন তিনি। সেই পরিস্থিতিতে আয়েন্দ্রীর এই পোস্টে রাজবীরের মায়ের প্রতি প্রশংসার পাশাপাশি ছেলের জন্য গুরুত্বপূর্ণ বার্তাও রয়েছে। সব মিলিয়ে, সন্তানের ভুলকে প্রশ্রয় না দিয়ে সঠিক শিক্ষা দেওয়ার যে ছবি রাজবীরের মা তুলে ধরেছেন, তাতেই মুগ্ধ অভিনেত্রী।

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।

                 

You cannot copy content of this page