বিগ বস বাংলার ঘরে ফের বড়সড় চমক! এবার রিয়্যালিটি শো থেকে বিদায় নিতে হল জনপ্রিয় অভিনেত্রী সোনামণি সাহাকে। অন্তত মুম্বই সূত্রে তেমনই খবর মিলছে। চলতি সপ্তাহের নমিনেশন পর্ব থেকেই তাঁকে ঘিরে তৈরি হয়েছিল নানা জল্পনা। শেষ পর্যন্ত নাকি দর্শকদের ভোটে পিছিয়ে পড়েই বিগ বসের বাড়ি ছাড়তে হল তাঁকে। অন্যদিকে ফের একবার বিপদ কাটিয়ে নিরাপদে থেকে গেলেন তনুশ্রী রায় দাস এবং রাজবীর দে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, জনপ্রিয় অভিনেত্রী হওয়া সত্ত্বেও কেন দর্শকদের মন জয় করতে পারলেন না সোনামণি?
দীপাবলির সপ্তাহে বিগ বসের বাড়িতে কোনও সাধারণ এলিমিনেশন হয়নি। বরং রাজবীর দে-র গায়ে হাত তোলার কারণে নন্দিনী দত্তকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন করে নমিনেশন ঘিরে উত্তেজনা তৈরি হয়। এবারের নমিনেশন পর্বেও প্রতিযোগীদের সামনে ছিল কঠিন শর্ত। নিজেদের পছন্দের জিনিস বিসর্জন দিয়ে প্রিয় প্রতিযোগীকে বাঁচানোর সুযোগ দেওয়া হয়েছিল তাঁদের। যেমন জীতু কমলকে বাঁচাতে নিজের চুল কেটে ফেলতে রাজি হন সৃজলা গুহ। অন্যদিকে রণিতাকে বাঁচানোর জন্য নিজের বাড়ি থেকে পাওয়া স্ক্র্যাপবুক নষ্ট করেন নিরঞ্জন মণ্ডল।
কিন্তু সোনামণির সিদ্ধান্ত ঘিরেই তৈরি হয় নতুন বিতর্ক। তনুশ্রীকে বাঁচানোর জন্য নির্দিষ্ট শর্ত পূরণ করতে রাজি হননি তিনি। ভাঙা হাতের কথা উল্লেখ করে ডিপস দিতে অস্বীকার করেন অভিনেত্রী। অন্যদিকে তনুশ্রীও রাজবীরকে বাঁচানোর জন্য এগিয়ে আসেননি। আর এই সুযোগেই নমিনেশনে সোনামণির নাম পাঠান রাজবীর। ফলে এবারের বিপদের মুখে পড়েন অভিনেত্রী। নমিনেশনে নিজের নাম আসার পর আবেগপ্রবণ হয়ে পড়তেও দেখা যায় তাঁকে। এর আগেও তাঁকে শেষ দুই প্রতিযোগীর মধ্যে থাকতে হয়েছে। তাই এবারও তাঁর বিদায়ের আশঙ্কা তৈরি হয়েছিল।
বিগ বসের বাড়িতে প্রথম থেকেই তনুশ্রী নিজের প্রতিবাদী মনোভাবের জন্য নজর কেড়েছেন। অন্যায় দেখলে প্রতিবাদ করা থেকে শুরু করে বন্ধুদের পাশে দাঁড়ানো, সব ক্ষেত্রেই নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন তিনি। এমনকী বাড়ির অন্যান্য প্রতিযোগীদের নিজের হাতে রান্না করে খাওয়াতেও দেখা গিয়েছে তাঁকে। পেশায় শাড়ি ব্যবসায়ী জলপাইগুড়ির এই মেয়ের জনপ্রিয়তা ক্রমশ বেড়েছে। অন্যদিকে সোনামণি অভিনয় জগতের পরিচিত মুখ হওয়া সত্ত্বেও বিগ বসের খেলায় সেভাবে নিজের জায়গা পাকা করতে পারেননি বলেই মনে করছেন অনেকে। সৃজলার সঙ্গে তাঁর বিবাদও বিশেষ সুবিধা করে দিতে পারেনি তাঁকে।
আরও পড়ুনঃ দু’বার সোনামণি ও সৌরভের দয়ায় ক্যাপ্টেন, তৃতীয়বারও সেই সাধ! রাজবীরের বিছানায় জল ঢেলে আবার ক্ষমা, ‘বি*ষাক্ত’ নিরঞ্জনকে নিয়ে ক্ষোভ উগরে দিলেন দর্শকরা!
প্রসঙ্গত, মডেলিংয়ের মাধ্যমে কেরিয়ার শুরু করেছিলেন সোনামণি সাহা। স্টার জলসার ‘দেবী চৌধুরানি’ ধারাবাহিকের মাধ্যমে ছোটপর্দায় আত্মপ্রকাশ। তবে ‘মোহর’ ধারাবাহিক তাঁকে দর্শকদের কাছে বিশেষ পরিচিতি এনে দেয়। পরবর্তীকালে ‘এক্কা দোক্কা’, ‘শুভ বিবাহ’-এর মতো ধারাবাহিকেও অভিনয় করেছেন তিনি। এছাড়াও ‘বেঙ্গল বিমা কোম্পানি’ ওয়েব সিরিজেও দেখা গিয়েছে তাঁকে। অভিনয়ের পাশাপাশি সহ-অভিনেতা প্রতীক সেনের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও দীর্ঘদিন ধরে চর্চা চলছে। এমনকী বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে দু’জনে বিয়ে করতে পারেন, এমন ইঙ্গিতও দিয়েছিলেন অভিনেত্রী। তবে আপাতত বিগ বসের যাত্রায় ইতি পড়ল সোনামণির। যদিও তাঁর বিদায়ের খবর নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা না হওয়া পর্যন্ত বিষয়টি জল্পনা হিসেবেই থাকছে।
