‘বিগ বস বাংলা’র ঘরে এখন নতুন করে চর্চার কেন্দ্রে জীতু কমল ও সৃজলা গুহর সম্পর্ক। কখনও মান-অভিমান, কখনও খুনসুটি, আবার কখনও সরাসরি প্রেমের প্রস্তাব, সব মিলিয়ে তাঁদের সমীকরণ নিয়ে দর্শকদের কৌতূহল ক্রমশ বাড়ছে। সম্প্রতি সৃজলাকে রীতিমতো চিঠি লিখে নিজের মনের কথা জানিয়েছেন জীতু। শুধু তাই নয়, আকাশ-বাতাসকে সাক্ষী রেখে সৃজলাকে ভালোবাসার কথাও বলেছেন অভিনেতা। যদিও সৃজলার তরফে এখনও স্পষ্ট কোনও স্বীকৃতি মেলেনি। ফলে এই সম্পর্ক আদৌ প্রেমের, নাকি পুরোটাই রিয়্যালিটি শোয়ের কৌশল, তা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। আর এই আবহেই জীতুর প্রাক্তন স্ত্রী নবনীতা দাসের প্রতিক্রিয়া জানতে আগ্রহী হয়ে উঠেছিলেন অনুরাগীরা। অবশেষে এই বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে জীতু ও সৃজলার সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে নবনীতা বেশ স্পষ্টভাবেই নিজের অবস্থান জানিয়ে দেন। তাঁর কথায়, জীতুর ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করার মতো জায়গায় তিনি আর নেই। কারণ, বর্তমানে তাঁরা একে অপরের ঘনিষ্ঠ নন। জীতু এখন কী ভাবছেন, কী করছেন, কিংবা সৃজলার প্রতি তাঁর অনুভূতি ঠিক কী, তা নিয়ে কোনও মন্তব্য করতে চান না নবনীতা। অভিনেত্রীর বক্তব্য, তিনি যখন জীতুর জীবনের ঘনিষ্ঠ মানুষ নন, তখন তাঁর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে মতামত দেওয়ারও কোনও কারণ নেই। অর্থাৎ প্রাক্তন স্বামীর নতুন করে তৈরি হওয়া সম্পর্কের জল্পনা থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখতেই চাইছেন তিনি।
তবে জীতুর বিগ বসের যাত্রা নিয়ে নবনীতার কথায় কিছুটা প্রশংসার সুর শোনা গিয়েছে। অভিনেত্রী জানিয়েছেন, কাজের ব্যস্ততার কারণে বেশ কিছুদিন ধরে তিনি নিয়মিত বিগ বসের পর্ব দেখতে পারছেন না। বাড়ির অন্দরসজ্জা এবং সংস্কারের কাজ নিয়েও তিনি ভীষণ ব্যস্ত ছিলেন। তবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মাঝেমধ্যে কিছু রিলস তাঁর চোখে পড়ে। নবনীতার মতে, জীতু বরাবরই সামনের সারিতে থেকে খেলতে পছন্দ করেন। বিগ বসের মতো একটি রিয়্যালিটি শোয়ে নিজের স্বাভাবিক স্বভাবের বাইরে বেরিয়ে এসে খেলাটাকে উপভোগ করাও জরুরি। তাই জীতু যেভাবে খেলছেন, সেটাকে তিনি তাঁর নিজস্ব কৌশল হিসেবেই দেখছেন। নিয়মিত যাঁরা অনুষ্ঠানটি দেখছেন, তাঁরা তাঁর খেলার ধরন আরও ভালোভাবে বুঝতে পারবেন বলেও মনে করেন অভিনেত্রী।
এদিকে জীতুর সঙ্গে বর্তমানে তাঁর যোগাযোগ কেমন, সেই বিষয়েও মুখ খুলেছেন নবনীতা। অভিনেত্রী জানিয়েছেন, এমনিতে তাঁদের মধ্যে খুব একটা কথা হয় না। তবে জীতুকে নিয়ে যখনই কোনও বিতর্ক বা নতুন চর্চা শুরু হয়, তখনই হঠাৎ করে তাঁর ফোন বা মেসেজ আসে। অর্থাৎ সম্পর্কের সমীকরণ বদলে গেলেও বিপদে-আপদে বন্ধুর মতো পাশে থাকার যোগাযোগটুকু এখনও রয়েছে। এই মন্তব্য ঘিরেও নতুন করে আলোচনা শুরু হয়েছে। একসময় যে দুজন একসঙ্গে সংসার করেছেন, তাঁদের সম্পর্ক এখন আর আগের মতো না থাকলেও পারস্পরিক সৌজন্য যে বজায় রয়েছে, তা নবনীতার কথাতেই স্পষ্ট।
আরও পড়ুনঃ মটনে মিষ্টি মিশিয়ে নষ্ট করলে সমস্যা নেই, রাজবীর পচা ধনেপাতা ফেলতেই এত নিয়ম! ‘নিজেরা যা খুশি করবে, অন্যরা কিছু করলেই অপরাধ?’ ‘সৃজলার দ্বিচারিতা আর সহ্য হচ্ছে না!’ ক্ষো’ভ দর্শকদের, বিগ বসের ঘরে কি এবার নিজেরাই নিজেদের মুখোশ খুলছেন জিতু-সৃজলা?
গত তিন বছর একা থেকে জীবনকে নতুনভাবে চিনতে শিখেছেন নবনীতা। কোন পরিস্থিতিতে কোথায় থামতে হয়, আবার কখন জীবনের স্রোতের সঙ্গে এগিয়ে যেতে হয়, সেই অভিজ্ঞতাও তাঁকে অনেক কিছু শিখিয়েছে। আপাতত অতীতের সম্পর্ক কিংবা অন্য কোনও বিতর্কে জড়িয়ে পড়তে চান না অভিনেত্রী। নিজের কাজ এবং আগামী দিনের পরিকল্পনাতেই মন দিতে চান তিনি। অন্যদিকে বিগ বসের ঘরে জীতু-সৃজলার সমীকরণ নিয়ে দর্শকদের আগ্রহ এখনও তুঙ্গে। সত্যিই কি তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হচ্ছে, নাকি সবটাই খেলার অংশ? সেই উত্তর আপাতত অজানা। তবে নবনীতার স্পষ্ট বক্তব্য, জীতুর ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করার কোনও অধিকার বা ইচ্ছা, কোনওটাই তাঁর নেই।
