‘বিগ বস বাংলা’র ঘরে দুর্নিবার সাহাকে নিয়ে যখন চর্চা তুঙ্গে, ঠিক তখনই সমাজমাধ্যমে একটি পোস্ট করে নতুন বিতর্কের জন্ম দিয়েছিলেন গায়ক সৌম্য চক্রবর্তী। নাম না করেই এক ব্যক্তিকে ‘পাক্কা ছোটোলোক পলিটিশিয়ান’ বলে কটা’ক্ষ করেছিলেন তিনি। আর সেই পোস্ট সামনে আসতেই নেটিজেনদের একাংশের ধারণা হয়, তাঁর নিশানায় রয়েছেন বিগ বসের প্রতিযোগী দুর্নিবার সাহা। কারণ, সারেগামাপা-র মঞ্চ থেকেই দুজনের সম্পর্কের সমীকরণ নিয়ে নানা সময়ে আলোচনা হয়েছে। তার উপর বিগ বসের সাম্প্রতিক কিছু ঘটনা নিয়ে দুর্নিবারকে যখন দর্শকদের একাংশের সমালোচনার মুখে পড়তে হচ্ছে, তখন সৌম্যর এই পোস্ট যেন সেই বিতর্কে নতুন করে ঘি ঢালে। তবে এবার যাবতীয় জল্পনায় জল ঢেলে নিজেই মুখ খুললেন গায়ক। একটি ভিডিও বার্তায় স্পষ্ট জানিয়ে দিলেন, তাঁর পোস্টের সঙ্গে কোনও রিয়্যালিটি শোয়ের প্রতিযোগীর কোনও সম্পর্ক নেই।
ঠিক কী লিখেছিলেন সৌম্য? কয়েক দিন আগে নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, মানুষের বোধোদয় হতে এত দেরি হয় যে তা দেখে হাসি পায়। তাঁর দাবি, তিনি অনেক আগেই একজনকে ‘পাক্কা ছোটোলোক পলিটিশিয়ান’ বলেছিলেন। সেই ব্যক্তির মুখে সরল, নিরীহ অভিব্যক্তি থাকলেও বাস্তবে তিনি কেমন, তা নাকি এক বছর কাছ থেকে যাঁরা দেখেছেন তাঁরা জানেন। সৌম্যর আরও বক্তব্য ছিল, প্রথমদিকে তাঁর এই মন্তব্যের জন্য অনেকেই সমালোচনা করেছিলেন। অথচ এখন সেই একই মানুষকে অনেকে আক্রমণ করছেন। পোস্টের শেষে ‘গরিবের কথা বাসি হলে মিষ্টি হয়’ প্রবাদটিও ব্যবহার করেন তিনি। যদিও কোথাও সরাসরি কারও নাম উল্লেখ করেননি গায়ক। কিন্তু পোস্টের সময় এবং বিষয়বস্তুর সঙ্গে বিগ বস বাংলার সাম্প্রতিক ঘটনাপ্রবাহের মিল খুঁজে নিয়ে নেটিজেনদের একাংশ দুর্নিবারের নাম জুড়ে দেন।
বর্তমানে ‘বিগ বস বাংলা’র ঘরে বেশ আলোচনায় রয়েছেন দুর্নিবার। বিশেষ করে ফ্যামিলি উইকে তাঁর মা ডালিয়া বসু সাহার প্রবেশের পর থেকেই নতুন করে চর্চা শুরু হয়েছে। ঘরের বিভিন্ন প্রতিযোগীর সঙ্গে তাঁর কথাবার্তা, ছেলের সঙ্গে পরামর্শ করে ক্যাপ্টেন্সির দাবিদার বেছে নেওয়া এবং জীতু কমল ও সৃজলার সঙ্গে কথোপকথন নিয়ে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কেউ দুর্নিবারের বুদ্ধি ও কৌশলের প্রশংসা করছেন, আবার কেউ তাঁর আচরণ নিয়ে প্রশ্ন তুলছেন। এমন পরিস্থিতিতে সৌম্যর পোস্টকে দুর্নিবারের উদ্দেশে লেখা বলেই ধরে নেন অনেকে। উল্লেখ্য, দুজনেই একসময় ‘সারেগামাপা’-র প্রতিযোগী ছিলেন। সেই মঞ্চে সৌম্য চক্রবর্তী চ্যাম্পিয়ন হয়েছিলেন। ফলে তাঁদের পুরনো সমীকরণ নিয়েও কৌতূহল রয়েছে দর্শকদের মধ্যে।
তবে বিষয়টি নিয়ে চর্চা বাড়তেই আর চুপ করে থাকলেন না সৌম্য। একটি ভিডিও বার্তায় ক্ষোভ প্রকাশ করে তিনি প্রশ্ন তোলেন, তাঁর পোস্টে কোথাও কি কোনও রিয়্যালিটি শোয়ের প্রতিযোগীর নাম লেখা রয়েছে? কে কাকে উদ্দেশ্য করে কী বলছেন, তা ঠিক করে দেওয়ার অধিকারই বা নেটিজেনদের কে দিয়েছে? গায়কের বক্তব্য, তাঁর লেখা সম্পূর্ণ অন্য একটি বিষয় এবং অন্য একজনকে কেন্দ্র করে। অর্থাৎ দুর্নিবারকে উদ্দেশ্য করে তিনি ওই মন্তব্য করেননি বলেই স্পষ্ট করেছেন সৌম্য। তাঁর কথায়, কোনও নির্দিষ্ট নাম না থাকা সত্ত্বেও কেন তাঁর পোস্টকে একটি নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে, তা তিনি বুঝতে পারছেন না।
আরও পড়ুনঃ জন্মদিনে দামি দামি উপহার দেওয়া-নেওয়া! জমাটি প্রেমের গুঞ্জন! হঠাৎই একে অপরকে আনফলো আরাত্রিকা- অভিষেকের! তবে কি ভাঙছে বহুল চর্চিত জুটি?
একই সঙ্গে এই ঘটনায় নিজের এবং পরিবারের সম্মানহানির অভিযোগও তুলেছেন গায়ক। তাঁর দাবি, তাঁর সঙ্গে কোনও রকম কথা না বলেই অনেকে নিজেদের মতো করে গল্প তৈরি করছেন এবং তা সমাজমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। এর ফলে তাঁকে অকারণে সোশ্যাল মিডিয়া ট্রায়ালের মুখে পড়তে হচ্ছে। শুধু তিনি নন, তাঁর পরিবারের সদস্যদেরও এই পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে বলে আক্ষেপ করেছেন সৌম্য। কারও বিরুদ্ধে নতুন করে নিন্দা বা বিতর্ক তৈরি করা তাঁর উদ্দেশ্য নয়। বরং নিজের গান এবং কাজ নিয়েই ব্যস্ত থাকতে চান তিনি। ফলে আপাতত সৌম্যর এই ভিডিও বার্তার পর স্পষ্ট, দুর্নিবারকে নিয়ে যে জল্পনা তৈরি হয়েছিল, তা তিনি নিজেই নস্যাৎ করেছেন। তবে নেটপাড়ায় এই পোস্ট ঘিরে আলোচনা কতটা থামে, সেটাই এখন দেখার।
