শ্যামাপ্রসাদের মায়ের চরিত্রে অভিনয়ের সুযোগ, এতদিন কেন আটকে রাখা হয়েছিল পাপিয়াকে? কাদের বিরুদ্ধে ক্ষো’ভ উগরে দিলেন রাজনীতিক- অভিনেত্রী?

অভিনয় জগতে দীর্ঘদিনের পরিচিত মুখ তিনি। কখনও ছোটপর্দায়, কখনও বড়পর্দায় নিজের অভিনয়ের ছাপ রেখেছেন। এমনকী দেবী দুর্গার রূপেও দর্শকের সামনে ধরা দিয়েছেন। কিন্তু এবার একেবারে অন্যরকম একটি চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন অভিনেত্রী তথা টালিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারী। নতুন ছবি ‘দ্য গ্রেট মুখার্জি প্যাট্রিয়ট’-এ তাঁকে দেখা যাবে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মা যোগমায়া দেবীর ভূমিকায়। আর এই চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়ার কথা বলতে গিয়েই নিজের দীর্ঘদিনের আক্ষেপ প্রকাশ করলেন অভিনেত্রী। শুধু অভিনয়ের সুযোগ নিয়েই নয়, টালিউডের একাংশের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিলেন তিনি। তাঁর বক্তব্যে উঠে এল এক দাপুটে অভিনেত্রীকে এতদিন কীভাবে আটকে রাখা হয়েছিল, সেই অভিযোগও।

নতুন ছবিতে আশি বছরের বেশি বয়সি এক মায়ের চরিত্রে অভিনয় করছেন পাপিয়া। এমন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে সুযোগ পেয়ে তিনি যে খুশি, তা তাঁর কথাতেই স্পষ্ট। তবে সেই আনন্দের পাশাপাশি রয়েছে দীর্ঘদিনের জমে থাকা অভিমানও। পাপিয়ার অভিযোগ, এতদিন তাঁকে যথাযথ চরিত্রে কাজ করার সুযোগ দেওয়া হয়নি। এই প্রসঙ্গে তিনি বলেন, “এতদিন দাপুটে অভিনেত্রীকে আপনারা বেঁধে রেখেছিলেন, আটকে রেখেছিলেন, খাঁচায় বন্দি করে রেখেছিলেন। এইবার বাইরে থেকে আসা মানুষেরা আমাকে এমন চরিত্র দিচ্ছেন। আপনারা পিছিয়ে থাকবেন না।” অর্থাৎ, নতুন ছবিতে কাজের সুযোগ পেয়ে নিজের অভিনয়ক্ষমতা দেখানোর জায়গা পেয়েছেন বলেই মনে করছেন তিনি। বয়সের প্রসঙ্গ উঠলেও তা নিয়ে বিশেষ ভাবিত নন অভিনেত্রী। তাঁর কথায়, তিনি একজন অভিনেতা, তাই কঠিন চরিত্রে অভিনয়ের সুযোগ পেলে তা গ্রহণ করতে প্রস্তুত। এমন আরও চরিত্রে কাজ করার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি।

ছবিটির প্রেক্ষাপট নিয়েও কথা বলেছেন পাপিয়া। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে ঘিরে তৈরি এই ছবিতে তাঁর চরিত্র যোগমায়া দেবী। ছবিটি পরিচালনা ও প্রযোজনা করছেন রঞ্জিত শর্মা। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামভূমিকায় অভিনয় করছেন মহম্মদ রশিদ ইকবাল। এর আগে ‘নবদুর্গা: মাতৃরূপেণ সংস্থিতা’ ছবিতে মহামায়ার চরিত্রে দেখা গিয়েছিল পাপিয়াকে। এবারও এক গুরুত্বপূর্ণ চরিত্রে তাঁকে দেখার অপেক্ষায় দর্শক। ছবির প্রসঙ্গে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের লেখা জওহরলাল নেহরুকে একটি চিঠির কথাও উঠে আসে। সেই চিঠির প্রসঙ্গ বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেত্রী। তাঁর কথায়, চিঠিটির কথা ভাবলেই বা বললেই আজও চোখে জল চলে আসে। ছবির বিষয়বস্তু তাঁর কাছে যে আবেগের জায়গা তৈরি করেছে, তা এই বক্তব্য থেকেই স্পষ্ট।

তবে শুধু নতুন ছবি নয়, রাজ্যের রাজনৈতিক ও শিক্ষাব্যবস্থা নিয়েও একাধিক মন্তব্য করেছেন পাপিয়া। আগের শাসনকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে এমন ছবি তৈরি করা সম্ভব হত কি না, সেই প্রশ্নের উত্তরে তিনি দাবি করেন, ছবিটি তৈরি হতে দেওয়া হত না। তাঁর অভিযোগ, সেই সময়ে এই ধরনের উদ্যোগ আটকে দেওয়া হত এবং যাঁরা ছবি তৈরির চেষ্টা করতেন, তাঁদেরও সমস্যায় পড়তে হত। পাশাপাশি রাজ্যের স্কুলগুলির বর্তমান পরিস্থিতি নিয়েও সরব হয়েছেন তিনি। স্কুলে ছাত্র ও শিক্ষকের অভাব, শিক্ষকদের মার খাওয়ার মতো বিষয় তুলে ধরে শিক্ষাব্যবস্থা নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেন। তাঁর মতে, মানুষকে শিক্ষার সুযোগ থেকে দূরে রাখলে সমাজের অগ্রগতি থমকে যায়। এই প্রসঙ্গে তিনি আগের শাসকদেরও কটাক্ষ করেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে ছবির মাধ্যমে বাংলার ইতিহাসের আরও কিছু দিক মানুষের সামনে আসবে বলেও আশা প্রকাশ করেছেন অভিনেত্রী।

এখানেই থেমে থাকেননি পাপিয়া। কমিউনিস্টদের নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর বক্তব্য, কমিউনিটির পাশে দাঁড়ানোর কথা বলা হলেও বাস্তবে তাঁরা নিজেদের স্বার্থকেই বেশি গুরুত্ব দিয়েছেন। সময়ের সঙ্গে মানুষের অবস্থান ও বক্তব্যের পরিবর্তন নিয়েও কটাক্ষ করেছেন অভিনেত্রী। সব মিলিয়ে নতুন ছবিতে অভিনয়ের সুযোগ পাওয়ার খবর জানাতে গিয়ে একাধিক বিষয়ে নিজের মতামত প্রকাশ করেছেন তিনি। একদিকে যোগমায়া দেবীর মতো ঐতিহাসিক চরিত্রে অভিনয়ের সুযোগ, অন্যদিকে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা থেকে উঠে আসা ক্ষোভ। পাপিয়ার এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। তবে ছবিতে তাঁর অভিনয় দর্শকদের কতটা মনে দাগ কাটে, সেটাই এখন দেখার।

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।

                 

You cannot copy content of this page