বিগ বস বাংলার ঘরে একের পর এক ঘটনায় বদলে যাচ্ছে খেলার সমীকরণ। কখনও প্রতিযোগীদের মধ্যে ঝামেলা, কখনও বন্ধুত্বে ফাটল, আবার কখনও আচমকা বিদায়, সব মিলিয়ে জমে উঠেছে রিয়্যালিটি শো। গত সপ্তাহে মাঝপথেই বিগ বসের ঘর ছাড়তে হয়েছিল প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাসকে। তাঁর বিদায় ঘিরে প্রতিযোগীদের মধ্যে তৈরি হয়েছিল আবেগঘন পরিস্থিতি। সেই রেশ কাটতে না কাটতেই চলতি সপ্তাহের শুরুতে আরও এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে। শারীরিক অসুস্থতার কারণে প্রতিযোগিতা থেকে সরে যেতে হয় ঝিলাম গুপ্তকে। ভোটের লড়াইয়ের বাইরে এভাবে ঝিলামের বিদায় দর্শকদেরও অবাক করেছে। পরপর দুই প্রতিযোগীর চলে যাওয়ার পর এবার বিগ বসের ঘরে নতুন কাউকে নিয়ে আসা হতে পারে বলে জল্পনা শুরু হয়েছে।
দীপেন্দু বিশ্বাসের মাঝসপ্তাহের এভিকশনের পর থেকেই বিগ বস বাংলার পরবর্তী পদক্ষেপ নিয়ে কৌতূহল তৈরি হয়েছিল। তার উপর ঝিলামের অসুস্থতার কারণে প্রতিযোগিতা থেকে সরে যাওয়ার ঘটনায় সেই জল্পনা আরও বেড়েছে। রিয়্যালিটি শোয়ের ঘরে প্রতিযোগীর সংখ্যা এবং খেলার ভারসাম্য বজায় রাখতে নতুন মুখের প্রবেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এর আগেও ওয়াইল্ড কার্ড এন্ট্রির মাধ্যমে রাজবীর দে, জিতু কমল এবং অনুষ্কা ঘোষের মতো প্রতিযোগীরা শোয়ে যোগ দিয়েছিলেন। তাঁদের আগমনে ঘরের পুরনো সমীকরণেও বদল এসেছিল। এবারও কি নতুন কোনও পরিচিত মুখকে দেখা যাবে বিগ বসের বাড়িতে? সেই প্রশ্নই এখন ঘুরছে দর্শকদের মধ্যে। আর এই জল্পনার মাঝেই উঠে এসেছে টেলিভিশনের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রণিতা দাসের নাম।
স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘ইষ্টি কুটুম’-এ বাহা চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছিলেন রণিতা। তাঁর অভিনীত এই চরিত্র একসময় বাংলা টেলিভিশনের দর্শকদের কাছে অত্যন্ত পরিচিত হয়ে উঠেছিল। ধারাবাহিকের জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে রণিতাও বিপুল পরিচিতি পান। পরবর্তীকালে বিভিন্ন কারণে তাঁকে ছোটপর্দায় নিয়মিত দেখা যায়নি। সম্প্রতি স্টার জলসার ধারাবাহিক ‘ও মোর দরদিয়া’ শেষ হয়েছে। আর সেই ধারাবাহিক শেষ হওয়ার পরেই রণিতার পরবর্তী কাজ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বর্তমানে বিগ বস বাংলার ঘরে নতুন প্রতিযোগীর প্রবেশ নিয়ে যখন জল্পনা তুঙ্গে, তখন রণিতার নাম সামনে আসায় দর্শকদের আগ্রহও বেড়েছে। তবে তিনি সত্যিই এই রিয়্যালিটি শোয়ে যোগ দিতে চলেছেন কি না, তা এখনও নিশ্চিত নয়।
রণিতার নামের পাশাপাশি কিছুদিন আগেই অভিনেতা সৌরভ দাসের বিগ বস বাংলায় যোগ দেওয়া নিয়েও আলোচনা শুরু হয়েছিল। সৌরভকে বর্তমানে অন্য একটি রিয়্যালিটি শোয়ের সঙ্গে যুক্ত থাকতে দেখা যাচ্ছে। ফলে তিনি এই মুহূর্তে বিগ বসের ঘরে প্রবেশ করবেন কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। যদিও তাঁর নাম নিয়ে জল্পনা এখনও পুরোপুরি থেমে যায়নি। এবার সেই আলোচনার মধ্যেই রণিতা দাসের নাম উঠে আসায় সম্ভাব্য ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। সৌরভের প্রবেশের সম্ভাবনা এবং রণিতাকে ঘিরে নতুন জল্পনা, সব মিলিয়ে বিগ বস বাংলার পরবর্তী চমক কী হতে পারে, তা নিয়ে দর্শকদের কৌতূহল বাড়ছে। তবে এই মুহূর্তে দুজনের কারও প্রবেশের বিষয়েই নিশ্চিত ঘোষণা পাওয়া যায়নি।
আরও পড়ুনঃ অপরাধীকে লুকিয়ে রাখার ‘অপরাধে’ ঝিনুককেই এবার টেবিলের তলায় অদ্ভুত শাস্তি! সম্রাটের এমন ভয়ংকর রূপ দেখে কাঁদতে কাঁদতে ভেঙে পড়ল সে, ‘কমলা নিবাস’-এর আজকের পর্বে ঝিনুকের প্রাণ সংশয়ের আশঙ্কা?
সবচেয়ে বড় প্রশ্ন, সত্যিই কি ইষ্টি কুটুমের জনপ্রিয় বাহা এবার বিগ বস বাংলার ঘরে পা রাখতে চলেছেন? দীপেন্দু ও ঝিলামের বিদায়ের পর রণিতা প্রবেশ করলে ঘরের খেলার সমীকরণে নতুন পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন অনেকে। দীর্ঘদিন পর তাঁকে আবার টেলিভিশনের পর্দায় অন্য ধরনের ভূমিকায় দেখার সুযোগ মিলবে কি না, তা নিয়েও কৌতূহল রয়েছে অনুরাগীদের মধ্যে। তবে এখনও পর্যন্ত চ্যানেল বা বিগ বস কর্তৃপক্ষের তরফে রণিতার ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। ফলে আপাতত বিষয়টি জল্পনার পর্যায়েই রয়েছে। শেষ পর্যন্ত রণিতা দাসকে কি সত্যিই সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় চলা বিগ বস বাংলার ঘরে দেখা যাবে, নাকি অন্য কোনও নতুন মুখ চমক দেবে দর্শকদের? সেই উত্তর পেতে এখন অপেক্ষা করতে হবে আনুষ্ঠানিক ঘোষণার।
