জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

মাতৃত্ব এমন‌ই হয়! সন্তানের বড় হ‌ওয়া চাক্ষুষ করতে চেয়েছিলেন তাই ছাড়েন কাজ! আ’ক্ষেপ নেই অকপট সোনালি চৌধুরী

একসময় বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় মুখ ছিলেন সোনালি চৌধুরী। তাঁর অভিনীত একাধিক ধারাবাহিক দর্শকদের মন জয় করেছিল। তবে বিয়ে এবং মাতৃত্বের পর নিজের জীবনের অগ্রাধিকার বদলে ফেলেন অভিনেত্রী। ছেলে রিয়ানের জন্মের পর বেশ কিছুটা সময় কাজ থেকে দূরে থাকেন তিনি। পরে ধীরে ধীরে কাজে ফিরলেও আজও খুব বেছে বেছে কাজ করেন। কারণ তাঁর কাছে সন্তানের সঙ্গে কাটানো সময়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ছেলের বড় হয়ে ওঠার প্রতিটি মুহূর্তের অংশ হতে চান বলেই নিজের ব্যস্ততা সীমিত রেখেছেন সোনালি। বর্তমানে তিনি ‘ও মোর দরদিয়া’ ধারাবাহিকে অভিনয়ের পাশাপাশি নতুন রিয়্যালিটি শো ‘মা দি বস্‌’-এর সঞ্চালনার দায়িত্বও সামলাচ্ছেন।

বহু বছর পর আবার সঞ্চালনায় ফিরে খুশি অভিনেত্রী। তাঁর মতে, অভিনয়ের মতো সঞ্চালনাও তাঁর খুব প্রিয় একটি ক্ষেত্র। কারণ এর মাধ্যমে বিভিন্ন মানুষের জীবনের গল্প কাছ থেকে জানা যায়। বিশেষ করে এই অনুষ্ঠান করতে গিয়ে মা হিসেবে নানা অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন তিনি। বিভিন্ন মায়ের সংগ্রামের কথা শুনে নিজের জীবনকেও নতুনভাবে মূল্যায়ন করতে শিখেছেন। মা হিসেবে নিজের মূল্যায়ন করতে গিয়ে সোনালি বলেন, “প্রত্যেক মায়ের সঙ্গে প্রত্যেক সন্তানের রসায়নটা আলাদা। সেটা তুলে ধরাই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।

আমার যেমন কখনও মনে হয়, মা হিসাবে আমি নিজেকে ১০-এ দুই দিলাম। আবার কোনও দিন মনে হয় ১০-এ আট দিলাম। নিজের সঙ্গে এই লড়াইটা প্রতিনিয়ত চলতে থাকে। এই আত্মগ্লানিতেই যেন ভুগি সর্ব ক্ষণ।” তিনি আরও জানান, “এই অনুষ্ঠানে কত ‘সিঙ্গল’ মায়ের সঙ্গে আলাপ হয়েছে। কত মা তাঁর সন্তানের জন্য হাসিমুখে তাঁদের কেরিয়ার বিসর্জন দিয়েছেন। এই অনুষ্ঠানটা করতে গিয়ে নিজের লড়াইটা খুব ক্ষুদ্র মনে হচ্ছে।” এই অভিজ্ঞতাগুলো তাঁকে আরও সংবেদনশীল করে তুলেছে।
অভিনেত্রীর ছেলে বর্তমানে কেজি ওয়ানে পড়ে।

ছেলেকে দেখাশোনার জন্য সাহায্য থাকলেও যতটা সম্ভব সময় নিজেই সন্তানের সঙ্গে কাটানোর চেষ্টা করেন তিনি। অন্যদিকে, স্বামী কাজের সূত্রে বাইরে থাকায় সংসারের অনেক দায়িত্বও তাঁকেই সামলাতে হয়। তবুও কাজ কম করার জন্য কোনও আক্ষেপ নেই তাঁর। সোনালির কথায়, “আমি যখন যেটা করি, সেটা মন দিয়ে করি। তাই আক্ষেপ নেই। আসলে আমি পরে আফসোস করতে চাই না যে, ছেলেটার বড় হওয়াটা দেখতে পারলাম না! তাই নিজেকে অনেক বেশি ব্যস্ত করিনি। সেটা হয়তো আমাদের পেশা বলেই সম্ভব, অন্য কোনও পেশায় থাকতে হয়তো পারতাম না। আমার ছেলের যাতে কখনও মনে না হয় যে, মা আমাকে সময় দিল না।”

প্রসঙ্গত, ‘মা দি বস্‌’ অনুষ্ঠানের নামের সঙ্গে মিলিয়ে প্রশ্ন উঠেছিল, সংসারেও কি তিনিই ‘বস্‌’? সেই প্রশ্নের উত্তরে হেসেই সোনালি বলেন, “আমার ‘বস্‌গিরি’ শুধু কর্মক্ষেত্রে। আমার ছেলেও আামাকে খুব ভয় পায় বলে মনে হয় না। বলা ভাল, ও আমাকে খুব ভয় পাক সেটা চাই না। খুব নিয়মের বেড়াজালে আমি সন্তানকে মানুষ করতে চাই না। ওর যেটা ইচ্ছে, বরং সেটাই করুক। তবে কিছু ক্ষেত্রে যে শাসনটা প্রয়োজন, সেটা করি।” তবে সব দায়িত্ব সামলাতে গিয়ে নিজের জন্য সময় অনেকটাই কমে গিয়েছে বলেও স্বীকার করেছেন অভিনেত্রী। সেটাই এখন তাঁর একমাত্র আক্ষেপ।

Piya Chanda

                 

You cannot copy content of this page