টেলিপাড়ায় এখন একটাই আলোচনা—টিআরপি কমলেই বন্ধ হচ্ছে একের পর এক ধারাবাহিক। নতুন সিরিয়ালের ভিড়ে পুরনো গল্প হারিয়ে যাচ্ছে খুব দ্রুত। জি বাংলাতেও শুরু হয়েছে একাধিক নতুন প্রজেক্ট, আবার একই সঙ্গে শেষের পথে হাঁটছে কিছু পরিচিত মুখ। দর্শকের আবেগ, চরিত্রের যাত্রা—সবকিছুর মাঝেই অনিশ্চয়তার ছায়া।
এই আবহেই বিশেষভাবে আলোচনায় ‘আনন্দী’। ৭০০ পর্ব পূর্ণ করে সম্প্রতি বড়সড় উদযাপনও করেছে টিম। নীলাঞ্জনা শর্মার প্রযোজনা সংস্থা ‘নিনি চিনিজ মাম্মাস প্রোডাকশন’-এর প্রথম ধারাবাহিক ছিল এটি। অন্বেষা ও ঋত্বিকের জনপ্রিয় জুটিকে আবারও পর্দায় ফিরিয়ে এনেছিল এই সিরিয়াল। শুরুতে দর্শকের ভালোবাসা পেলেও ধারাবাহিকটি ধারাবাহিকভাবে বড় টিআরপি তুলতে পারেনি।
কিছুদিন আগেই শোনা গিয়েছিল, খুব শিগগিরই শেষ হতে পারে ‘আনন্দী’। চ্যানেলের নতুন ধারাবাহিকের পরিকল্পনার খবর ছড়াতেই জল্পনা আরও জোরদার হয়। ‘সাত পাকে বাঁধা’ নামে নতুন এক সিরিয়ালের ঝলক প্রকাশ্যে আসায় অনেকেই ধরে নিয়েছিলেন, হয়তো আনন্দীর বিদায় আসন্ন। তবে চ্যানেল বা প্রযোজনা সংস্থার তরফে স্পষ্ট কিছু জানানো হয়নি।
এরই মধ্যে এসেছে নতুন খবর। গল্পে নাকি বড় সময়ের লিপ আসতে চলেছে। আদি ও আনন্দীকে দেখা যাবে বয়স্ক রূপে। তাঁদের মেয়ে উমা এখন বড় হয়ে গিয়েছে—এই ট্র্যাকেই এগোবে গল্প। উমা চরিত্রে এন্ট্রি নিতে চলেছেন অভিনেত্রী অয়ন্যা চ্যাটার্জী। এর আগে তাঁকে দেখা গিয়েছিল ‘কমলা’ ও ‘শ্রীমান পৃথ্বীরাজ’-এ।
আরও পড়ুনঃ “মা চাইতো না আমি অভিনয় করি!” “আর্থিকভাবে স্বচ্ছল ছিলাম না, নিত্য প্রয়োজনীয় খরচ চালাতেই…” মাইক্রোবায়োলজি পড়তে এসে ‘পরিণীতা’র পারুল হয়ে ওঠার অপ্রত্যাশিত যাত্রার গল্প শোনালেন ঈশানী! আত্মবিশ্বাসেই ঘরে ঘরে দর্শকের মন জিতছেন তিনি!
শুধু তাই নয়, আনন্দীর মেয়ের জামাই হিসেবে দেখা যেতে পারে আদৃত রায়কে। যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবু এই কাস্টিংয়ের জল্পনাই নতুন করে উত্তেজনা বাড়িয়েছে দর্শকদের মধ্যে। তাহলে কি শেষ নয়, বরং নতুন অধ্যায় শুরু হচ্ছে ‘আনন্দী’র? এখন সেদিকেই তাকিয়ে সিরিয়ালপ্রেমীরা।
