বিগ বস বাংলার ঘরে প্রতিযোগীদের নিয়ে বিতর্ক যেন থামতেই চাইছে না। কখনও এক প্রতিযোগীর সঙ্গে অন্য প্রতিযোগীর মনোমালিন্য, কখনও আবার কারও আচরণ নিয়ে প্রশ্ন উঠছে। তবে এবার আলোচনার কেন্দ্রে গায়ক দুর্নিবার সাহা এবং শোয়ের সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রতিযোগীকে একের পর এক কটাক্ষ করতে দেখা গেল মহারাজকে। আর তাতেই ক্ষুব্ধ দুর্নিবারের অনুরাগীদের একাংশ। সোশ্যাল মিডিয়ায় সৌরভকে ঘিরে শুরু হয়েছে সমালোচনা।
শনিবারের পর্বে দুর্নিবারকে একাধিক বিষয়ে প্রশ্নের মুখে পড়তে হয়। রাজবীরের জন্মদিনে কেক কাটার সময় তাঁর অনুপস্থিতি ভালোভাবে নেননি সৌরভ। এর পাশাপাশি, দীপেন্দু ঘর থেকে বাদ পড়ার পর দুর্নিবার অন্য প্রতিযোগীদের ‘কুকুর’ বলে উল্লেখ করেছিলেন। সেই মন্তব্য নিয়েও অসন্তোষ প্রকাশ করেন সঞ্চালক। শুধু তাই নয়, ঝিলমের সঙ্গে দুর্নিবারের আচরণ নিয়েও কথা বলেন তিনি। ফলে একাধিক ঘটনাকে কেন্দ্র করে দুর্নিবারকে কার্যত চাপে পড়তে হয়।
পরিস্থিতি আরও আলোচনায় আসে যখন দুর্নিবার জানান, রাগের মাথায় তিনি ঠিক কী কী বলেছেন, তা তাঁর মনে নেই। সেই সময় সৌরভকেও অন্য প্রতিযোগীদের সঙ্গে তাঁকে নিয়ে ঠাট্টা করতে দেখা যায়। ঝিলম দুর্নিবারকে ক্ষমা করে দিয়েছেন বলে জানালে, সেই ক্ষমার পরেও মনে কোনও আঘাত রয়ে গিয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন মহারাজ। দুর্নিবারের বন্ধুত্ব এবং ঘরের অন্য সদস্যদের সঙ্গে তাঁর সম্পর্কের প্রসঙ্গও উঠে আসে কথোপকথনে।
কিন্তু সৌরভের এই আচরণই মেনে নিতে পারছেন না দুর্নিবারের অনুরাগীদের একাংশ। সোশ্যাল মিডিয়ায় তাঁদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে নানা মন্তব্যে। কেউ সৌরভকে কটাক্ষ করে লিখেছেন, সোশ্যাল মিডিয়া এখন দুর্নিবারময়, মহারাজের মন্তব্যে তাঁদের কিছু যায় আসে না। আবার কেউ সঞ্চালকের উপস্থাপনার ধরন নিয়েও প্রশ্ন তুলেছেন। এমনকী, তাঁকে ‘ফ্লপ গঙ্গোপাধ্যায়’ বলেও কটাক্ষ করা হয়েছে। ফলে বিগ বস বাংলার মঞ্চের বাইরেও শুরু হয়েছে নতুন বিতর্ক।
আরও পড়ুনঃ বাঙালির আবেগ, ঐতিহ্যের জলাঞ্জলি! মহালয়ায় শুভশ্রী ও রণজয়ের রোম্যান্টিক নাচ ঘিরে বিতর্ক! জলসার ‘মহিষাসুরমর্দিনী’ দেখে ক্ষুব্ধ দর্শকের একাংশ
অন্যদিকে, ঘরের ভিতরেও বদলাচ্ছে সমীকরণ। দুর্নিবার ও ঝিলমের সঙ্গে তনুশ্রী এবং সোনামণিদের দূরত্ব বাড়ছে। রাজবীর ও জীতু কমলের মধ্যেও উত্তেজনা বাড়ছে বলে দেখা যাচ্ছে। এখন প্রশ্ন, সৌরভের এই সমালোচনার পর দুর্নিবার নিজের আচরণে বদল আনবেন, নাকি ঘরের লড়াই আরও জটিল হয়ে উঠবে? আগামী পর্বগুলিতে সেই দিকেই নজর থাকবে দর্শকদের।
