‘ভালোবাসি, তবে বন্ধু হিসেবে!’ সৃজলার মুখে স্পষ্ট স্বীকারোক্তি, তাতেও মন গলল না জীতুর! অভিমানে খাওয়া-দাওয়া বন্ধ অভিনেতার

বিগ বস বাংলার ঘরে জীতু কমল এবং সৃজলা গুহর সম্পর্ক নিয়ে টানাপোড়েন যেন কিছুতেই শেষ হচ্ছে না। গত কয়েক দিন ধরেই সৃজলাকে নিজের মনের কথা জানিয়ে চলেছেন জীতু। অভিনেত্রীকে একাধিকবার প্রেমের প্রস্তাবও দিয়েছেন তিনি। কিন্তু জীতুর সেই প্রস্তাবে সেভাবে সাড়া দেননি সৃজলা। বরং নিজের অবস্থান বারবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। এমনকী সৃজলার বর্তমান প্রেমিকের সঙ্গে তাঁর সম্পর্ক বেশিদিন টিকবে না বলেও মন্তব্য করেছিলেন জীতু। তাতেও অবশ্য নিজের সিদ্ধান্ত থেকে সরেননি অভিনেত্রী। আর এবার সৃজলার কাছ থেকে প্রত্যাশিত উত্তর না পেয়ে রীতিমতো অভিমানী হয়ে উঠলেন জীতু। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছল যে, রাগ করে খাওয়া-দাওয়াও বন্ধ করে দিলেন তিনি।

সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই জীতুর আচরণে বদল নজরে আসে। কারও সঙ্গে বিশেষ কথা না বলে ঘরের মেঝেতে শুয়ে পড়েন অভিনেতা। এমনকী মুখে খাবারও তুলতে চাননি তিনি। জীতুর এমন আচরণ দেখে চিন্তায় পড়ে যান সৃজলা। তাঁকে এই অবস্থায় দেখে নিজেকে সামলাতে পারেননি অভিনেত্রী। কান্নায় ভেঙে পড়ে জীতুকে বোঝানোর চেষ্টা করেন তিনি। সৃজলা বলেন, তাঁকে ছেড়ে থাকা তাঁর পক্ষে সম্ভব নয়। বিগ বসের বাড়িতে যতটুকু ভালো থাকতে পারছেন, তার পিছনে জীতুরও বড় ভূমিকা রয়েছে। কিন্তু সৃজলার আবেগ এবং কান্নাতেও তখন গলল না জীতুর মন।ব

রং সৃজলার কথার উত্তরে অভিমানের সুরেই পাল্টা মন্তব্য করেন অভিনেতা। তাঁর কথায়, মানুষ গরু-ছাগলকেও আদর করে, কিন্তু তাই বলে তাদের ঘরে জায়গা দেয় না। সৃজলার প্রায়োরিটি কখন বদলে যাচ্ছে, তা তিনি বুঝতে পারেন না বলেও জানান জীতু। অভিনেত্রী অবশ্য তাঁকে আশ্বস্ত করার চেষ্টা করেন। সৃজলা স্পষ্ট করে বলেন, তাঁর কাছে প্রথম থেকে শেষ পর্যন্ত জীতুই প্রায়োরিটি। কিন্তু তাতেও জীতুর মন গলেনি। তিনি সৃজলাকে জানান, এবার তাঁকে একটা চরম সিদ্ধান্ত নিতে হবে। কী করলে পরিস্থিতির সমাধান হবে, তা জানতে চান সৃজলা। জবাবে জীতু বলেন, নিজের অধিকারের বাইরে গিয়েও তিনি অনেক কিছু বলেছেন। কিন্তু আর কোনও সমাধান দেখতে পাচ্ছেন না। বরং সৃজলার মনের অবস্থাকে সম্মান করা উচিত বলেই মনে করছেন তিনি।

এরপরই জীতুর এমন আচরণে দিশেহারা হয়ে কনফেশন রুমে চলে যান সৃজলা। সেখানে বিগ বসের সামনে নিজের মনের কথা খুলে বলেন অভিনেত্রী। জীতুর প্রতি তাঁর অনুভূতি নিয়ে কোনও রাখঢাক না করে সৃজলা জানান, তিনি জীতুকে ভালোবাসেন ঠিকই, তবে সেই ভালোবাসা বন্ধুত্বের জায়গা থেকে। জীতুর প্রতি তাঁর যথেষ্ট টান এবং যত্ন রয়েছে, কিন্তু সেই অনুভূতি প্রেমের নয়। পাশাপাশি নিজের বর্তমান সম্পর্কের কথাও উল্লেখ করেন তিনি। সৃজলা জানান, বাইরে এমন একজন মানুষ রয়েছেন, যাঁর সঙ্গে তাঁর সম্পর্কের নানা সমস্যা রয়েছে। ভবিষ্যতে সেই সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে, তা তিনি নিজেও জানেন না। কিন্তু এই পরিস্থিতিতে জীতুকে কোনও মিথ্যা আশা দিতে চান না। জীতু তাঁকে গভীরভাবে ভালোবাসেন, সেটা তিনি বোঝেন। কিন্তু সেই ভালোবাসার প্রতিদান দেওয়া তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না।

সৃজলার আরও ভয়, সরাসরি জীতুকে প্রত্যাখ্যান করলে তিনি যদি নিজের কোনও ক্ষতি করে বসেন! সেই আশঙ্কাও তাঁকে মানসিকভাবে অস্থির করে তুলছে। সব কথা শোনার পর বিগ বস অবশ্য জানিয়ে দেন, তিনি কারও ব্যক্তিগত সম্পর্কে হস্তক্ষেপ করবেন না। তবে সৃজলাকে একটি পরামর্শ দেন। সারাক্ষণ জীতুর আশপাশে না থেকে বাড়ির অন্য সদস্যদের সঙ্গেও সময় কাটানো এবং বন্ধুত্ব গড়ে তোলার কথা বলেন তিনি। কিন্তু তাতে কি জীতু-সৃজলার এই মান-অভিমানের পর্বে কোনও বদল আসবে? সৃজলার স্পষ্ট স্বীকারোক্তির পরও কি নিজের অবস্থান বদলাবেন না জীতু? আপাতত সেই দিকেই নজর দর্শকদের।

Piya Chanda

                 

You cannot copy content of this page