জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা’ ফের বড়সড় চমক নিয়ে আসছে দর্শকের সামনে। গল্পের মোড় ঘুরছে অতীতের এক অমীমাংসিত অধ্যায়কে কেন্দ্র করে। দীর্ঘদিনের ভুল আর অপরাধবোধ সামনে আসতেই হরিপ্রসাদবাবুর শ্রাদ্ধের আয়োজন করার সিদ্ধান্ত নেয় ঋষি। আর সেই ধর্মীয় আচার পালন করতে গিয়েই কি নিজের স্ত্রীর অতীত সম্পর্কে ভয়ঙ্কর সত্য জানতে চলেছে সে? সম্প্রতি প্রকাশিত নতুন প্রোমো দেখে এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নেটপাড়ায়। ধারাবাহিকের গল্প যে এবার আরও গভীর এবং আবেগঘন হতে চলেছে, তা স্পষ্ট।
নতুন প্রোমোতে দেখা যাচ্ছে, খবরের কাগজে বড় করে বিজ্ঞাপন দিয়ে জানানো হয়েছে হরিপ্রসাদবাবুর শ্রাদ্ধের আয়োজন করছে ঋষি। একই সঙ্গে তাঁর দুই মেয়ের উদ্দেশে ক্ষমা প্রার্থনা এবং তাঁদের পাওনা টাকা ফিরিয়ে দেওয়ার ঘোষণাও রয়েছে সেখানে। শ্রাদ্ধের জন্য পুরনো জায়গা আসানসোলে স্ত্রী উজিকে নিয়ে পৌঁছয় ঋষি। ঠিক তখনই পুরোহিত জানিয়ে দেন, শ্রাদ্ধ সম্পন্ন করতে হলে হরিপ্রসাদবাবুর একটি ছবি প্রয়োজন। এখান থেকেই গল্প নেয় নাটকীয় মোড়।
প্রোমোর পরের দৃশ্যে দেখা যায়, উজি ঘরের আলো জ্বালিয়ে বাবার ছবি খুঁজে পাচ্ছে। ঠিক সেই সময় সেখানে উপস্থিত হয় ঋষি। প্রশ্ন একটাই, এই মুহূর্তেই কি সে বুঝে যাবে উজিই হরিপ্রসাদবাবুর নিখোঁজ দুই মেয়ের একজন? পুলিশের বক্তব্য অনুযায়ী, ঋষির উপর যে একের পর এক আক্রমণ হয়েছে তার নেপথ্যে ছিল হরিপ্রসাদবাবুর দুই মেয়ের প্রতিশোধস্পৃহা। তাহলে কি এবার স্ত্রীকে ভুল বুঝবে ঋষি? নাকি নিশাকে সামনে রেখে নতুন কোনও ছক কষা হবে? রহস্য আর টানাপোড়েন মিলিয়ে গল্প জমে উঠেছে।
এই প্রোমো প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা। কেউ লিখেছেন, এই ধারাবাহিকে আসল নায়িকা একাই, নিশা চরিত্রে শ্রুতি দাসের অভিনয় দুর্দান্ত। আবার কারও মতে, এবার থেকেই গল্পে আসল খেলা শুরু হবে। উল্লেখ্য, ‘জোয়ার ভাঁটা’ সোম থেকে শনিবার রাত ৯টায় জি বাংলায় সম্প্রচারিত হয়। মুখ্য চরিত্রে রয়েছেন শ্রুতি দাস এবং আরাত্রিকা মাইতি। এই বিশেষ পর্বগুলি দেখা যাবে আগামী ৮ ও ৯ ফেব্রুয়ারি।
আরও পড়ুনঃ ফেডারেশনের সঙ্গে দ্বন্দ্বের ইতি, নতুন বছর শুরু হতেই একাধিক প্রস্তাব! এবার নতুন রূপে বড়পর্দায় পরমব্রত চট্টোপাধ্যায়! আসছে কোন ছবি?
প্রসঙ্গত, এর আগেও উজি ও ঋষির মধুচন্দ্রিমার প্রোমো ঘিরে হাসির রোল উঠেছিল নেটপাড়ায়। বিমানের জানলায় কাচ না থাকলেও জানলা দিয়ে বাইরে তাকিয়ে বসে থাকা দৃশ্য দর্শকদের বেশ মজা দিয়েছিল। বাস্তবের যুক্তি ভুলে গিয়ে এমন দৃশ্যপট নিয়েই মিম আর মন্তব্যে ভরে উঠেছিল সোশ্যাল মিডিয়া। এবার সেই হাসির রেশ কাটতে না কাটতেই গল্পে ঢুকছে চরম উত্তেজনা। উজির পরিচয় কি এবার প্রকাশ্যে আসবে, নাকি আরও জটিল হবে সম্পর্কের সমীকরণ, তার উত্তর মিলবে আসন্ন পর্বগুলিতেই।
