দীর্ঘ বিরতির পরে আবার বাংলা ছবিতে ফিরছেন পরমব্রত চট্টোপাধ্যায়। মাঝের সময়টায় তিনি হইচইয়ের একাধিক সিরিজ, বিজ্ঞাপন এবং হিন্দি প্রজেক্টে কাজ চালিয়ে গিয়েছেন। তবে ফেডারেশনের সঙ্গে টানাপোড়েনের অধ্যায় মিটে যাওয়ার পর টলিউডে এটাই তাঁর প্রথম ছবি। ছবির নাম ‘এই শহরের গান’। পরিচালনায় রয়েছেন প্রার্জুন মজুমদার। ভিন্ন স্বাদের গল্পে এই ছবিতে পরমব্রতর সঙ্গে জুটি বাঁধছেন প্রিয়াঙ্কা সরকার। নতুন এই জুটিকে ঘিরে ইতিমধ্যেই দর্শকমহলে কৌতূহল তৈরি হয়েছে।
‘এই শহরের গান’ মূলত সম্পর্কের গল্প, তবে একেবারেই অন্য আঙ্গিকে। ছবিতে দেখা যাবে তিনটি দম্পতিকে, যারা জীবনের তিনটি ভিন্ন পর্যায়ে দাঁড়িয়ে নিজেদের সম্পর্কের জটিলতা, দ্বন্দ্ব আর না বলা অনুভূতির সঙ্গে লড়াই করছে। তারা একে অপরকে চেনে না, তাদের পথও আলাদা। তবুও এক অদৃশ্য বন্ধনে তারা জড়িয়ে রয়েছে। সেই অদৃশ্য সেতু হয়ে উঠেছে একটি শহর, যে শহর নীরবে তাদের জীবনের ওঠাপড়ার সাক্ষী হয়ে থাকে।
পরমব্রত ও প্রিয়াঙ্কা ছাড়াও ছবিতে থাকছেন টলিপাড়ার একঝাঁক পরিচিত মুখ। অনির্বাণ চক্রবর্তী, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, অঙ্গনা রায়, মানপ্রীত রোহতাশ নিব্বিয়ালের মতো শিল্পীরা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। ইতিমধ্যেই ছবির প্রথম পর্বের শ্যুটিং শেষ হয়েছে। দ্বিতীয় পর্বের শ্যুটিং শুরু হবে চলতি মাসেই। স্ট্যাগড ফিল্মসের ব্যানারে তৈরি এই ছবি চলতি বছরেই মুক্তি পাওয়ার কথা।
শহরের নানা প্রান্তে হয়েছে ছবির শ্যুটিং। এই ছবিতে কলকাতা শুধুই একটি পটভূমি নয়, বরং একেবারে জীবন্ত একটি চরিত্র। রাস্তা, গলি, আলো ছায়ার মধ্যে দিয়ে শহর নিজেই কথা বলবে চরিত্রদের হয়ে। সম্পর্কের টানাপোড়েন, প্রেমের উষ্ণতা আর আবেগের নীরবতা সবকিছু মিলেমিশে ফুটে উঠবে এই শহরের শরীর জুড়ে।
আরও পড়ুনঃ পার্বতীর জীবনে ঝড়! ছোটবেলার ভালোবাসাকে ভুলে, সোম বিয়ে করে আনলো রহস্যময় এক নারীকে! ‘দাদামণি’তে চমকপ্রদ মোড়!
পরিচালক প্রার্জুন মজুমদার জানান, এই ছবিতে কলকাতা শহর এবং মানুষ একে অপরের সঙ্গে গভীর ভাবে জড়িয়ে আছে। তাঁর কথায়, এই শহরে অসংখ্য সম্পর্কের গল্প জন্ম নেয়, ভাঙে আবার নতুন করে গড়ে ওঠে। সেই আবেগই বড় পর্দায় তুলে ধরা হবে। প্রতিটি চরিত্র তার নিজের শহরের সঙ্গে সম্পর্কের কথা বলবে। পরিচালক ও অভিনেতাদের বিশ্বাস, সম্পর্ক আর শহরের এই মেলবন্ধন দর্শকদের মন ছুঁয়ে যাবে।
