জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

বিষয়টা একেবারে গা ঘিনঘিনে! দুধে চুবিয়ে আরশোলা গিলে ফেলল সম্রাট! ‘কমলা নিবাস’-এর ভাইরাল দৃশ্য নিয়ে কী বললেন ধ্রুবজ্যোতি?

বাংলা ধারাবাহিকে নাটকীয় মোড় নতুন নয়। তবে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কমলা নিবাস’-এর নতুন প্রোমো প্রকাশ্যে আসতেই চমকে উঠেছেন দর্শকরা। ঝিনুক ও সম্রাটের বিয়ের পর এমন এক দৃশ্য দেখানো হবে, তা অনেকেই কল্পনা করতে পারেননি। প্রোমোর একটি অংশ এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল। কেউ অবাক হয়েছেন, কেউ আবার সমালোচনায় সরব হয়েছেন। বিশেষ করে সম্রাটের আচরণ নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। ফলে ধারাবাহিকটির আগামী পর্ব নিয়ে কৌতূহলও অনেক বেড়ে গিয়েছে। নতুন এই ট্র্যাক ঘিরে এখন দর্শকমহলে জোর আলোচনা চলছে।

প্রোমোতে দেখা যাচ্ছে, সাতপাক ঘুরে সম্রাটের ঘরে এসেছে ঝিনুক। বাসরঘরের আবহে নতুন জীবনের শুরু হওয়ার কথা থাকলেও হঠাৎই পরিস্থিতি অন্য দিকে মোড় নেয়। সম্রাটের কাছে আসার সময় ঝিনুকের চোখে পড়ে বিছানার পাশে ঘুরে বেড়ানো একটি আরশোলা। স্বাভাবিকভাবেই ভয় পেয়ে যায় সে। স্ত্রীর এই প্রতিক্রিয়া দেখেই আচমকা বদলে যায় সম্রাটের আচরণ। তার চোখেমুখে ফুটে ওঠে এক অদ্ভুত রাগ। নতুন বউকে ভয় দেখানোকে সে যেন বড় অপরাধ হিসেবে দেখতে শুরু করে। আর তারপরই ঘটে এমন এক ঘটনা, যা দেখে হতবাক দর্শকরা। ঘর থেকে আরশোলাটিকে সরিয়ে দেওয়া বা মেরে ফেলার পরিবর্তে সম্রাট সেটিকে একটি দুধের গ্লাসে ডুবিয়ে দেয়। এরপর এক চুমুকে সেটি গিলে ফেলতে দেখা যায় তাকে।

স্বামীর এমন আচরণ দেখে আতঙ্কিত হয়ে পড়ে ঝিনুক। শুধু ঝিনুক নয়, প্রোমোটি দেখার পর দর্শকদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই দৃশ্য নিয়ে শুরু হয়েছে ট্রোলিং, মিম এবং নানা ধরনের আলোচনা। অনেকের মতে, সম্রাটের চরিত্রটি স্বাভাবিক নয়। আবার অনেকে মনে করছেন, গল্পের মোড় ঘোরানোর জন্যই এমন দৃশ্য দেখানো হয়েছে। সম্রাটের এই আচরণকে কেন্দ্র করে তার মানসিক অবস্থা নিয়েও প্রশ্ন তুলছেন দর্শকদের একাংশ। অনেকেই জানতে চাইছেন, চরিত্রটি আদৌ কোনও মানসিক সমস্যায় ভুগছে কি না। আবার অন্যদের ধারণা, এর পিছনে লুকিয়ে রয়েছে আরও বড় কোনও রহস্য। ধারাবাহিকের গল্প কোন দিকে এগোবে, তা এখনই স্পষ্ট নয়।

তবে একটি বিষয় পরিষ্কার, নতুন এই প্রোমো দর্শকদের মধ্যে যথেষ্ট আগ্রহ তৈরি করতে পেরেছে। ঝিনুক ও সম্রাটের সম্পর্ক ভবিষ্যতে কোন পথে যাবে, তা নিয়েও শুরু হয়েছে জল্পনা। এই প্রসঙ্গে মুখ খুলেছেন সম্রাট চরিত্রে অভিনয় করা অভিনেতা ধ্রুবজ্যোতি সরকার। তিনি বলেন, “হ্যাঁ গা ঘিনঘিন করার মতো ঘটনা। তবে চিত্রনাট্যে যেমন ছিল, তা তো করতেই হবে। তবে এটা বলতে পারি দৃশ্যটা শুটিংয়ের সময় এত কিছু ভাবিনি। কেননা, বেশি ভাবলে দৃশ্যটা করতেই পারতাম না। আমি শুধুই দৃশ্যটা পড়েছি এবং পরিচালক বলে দিয়েছে, সেইমতো অভিনয় করেছি। এটা বলতে পারি, যেহেতু প্রোমোটাই এখন সবাই দেখেছে, দৃশ্যটা কিন্তু আরও একটু দীর্ঘ।”

অভিনেতার এই মন্তব্য থেকেই বোঝা যাচ্ছে, সম্প্রচারিত অংশের বাইরেও ওই দৃশ্যে আরও কিছু চমক থাকতে পারে। ধ্রুবজ্যোতি আরও বলেন, “বাস্তবে হলে হয়তো বিষয়টা একেবারে গা ঘিনঘিনে। কিন্তু শুটিংয়ে তো রিয়েল কিছু ব্যবহার হয়নি। সবটাই গ্রাফিক্সের সাহায্যে হয়েছে। তাই অসুবিধা হয়নি। তবে আমার ব্য়াপারটা খুব ইন্টারেস্টিং লেগেছে। এগুলো কখনও দেখা যায় না। সেটাই বেশি আগ্রহ বাড়িয়েছে। আসলে সম্রাট চরিত্রটাই এতটা অন্যরকমের যে আগে খুব একটা এমন কাজ হয়নি। স্ত্রীয়ের প্রতি যে এতটাই পজেশিভ যে এমন করতেও আটকায় না। স্ত্রীকে যদি কেউ টাচ করে তাহলে সে মানুষ হোক বা আরশোলা, তাকে ছাড়ে না। স্ত্রীয়ের প্রতি একেবারে অন্ধ। আমার মনে হয়, প্রোমো দেখে নয়, দর্শক পুরো দৃশ্যটা দেখলে বুঝতে পারবেন।”

Piya Chanda

                 

You cannot copy content of this page