জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

রাজুর আসল পরিচয় জানতেই কেন ঘামতে শুরু করল সম্রাট? একই আশ্রমের নাম শুনেই কী এমন মনে পড়ল? তবে কি অতীতের সঙ্গে জড়িয়ে রয়েছে সম্রাটের কোনও বড় অপ’রাধের ইতিহাস? ‘কমলা নিবাস’-এ এতদিনের লুকিয়ে রাখা সত্যিই এবার সামনে আসতে চলেছে?

জি বাংলার ধারাবাহিক ‘কমলা নিবাস’-এর (Kamala Nibas) সাম্প্রতিক পর্বে একের পর এক রহস্য আরও ঘনীভূত হয়েছে। সম্রাটকে ঘিরে তৈরি হয়েছে নতুন প্রশ্ন, আর সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই গল্পে এসেছে বড় মোড়। আজকের পর্বের শুরুতেই দেখা যায়, রাতে ঘুমোতে যাওয়ার আগে ঝিনুক আচমকাই জানিয়ে দেয়, সে সেদিন দিদির সঙ্গে শোবে, আর সম্রাটকে ছোটদার সঙ্গে ঘুমোতে হবে। কথাটা শুনেই সম্রাট স্পষ্ট অস্বস্তিতে পড়ে যায়। তার মনে হতে থাকে, যদি ঝিনুক রাতের মধ্যে দিদির কাছে এমন কিছু বলে ফেলে, যার ফলে এতদিন ধরে লুকিয়ে রাখা তার গোপন বিষয় সামনে চলে আসে!

বিশেষ করে সে দিনের পর দিন ঘরের দরজা বন্ধ করে রাখার রহস্য ফাঁস হয়ে গেলে কী হবে, সেই ভয়ই তাকে ভিতর থেকে নাড়িয়ে দেয়। অন্যদিকে পল্লবী এবং আদিত্যের একটি কথোপকথনও গল্পে নতুন কৌতূহল তৈরি করেছে। আদিত্য বুঝিয়ে দেয়, সে পল্লবীর পরিকল্পনার বিষয়টি ধরে ফেলেছে এবং কমলা কাকিকে ডাকার ঘটনাও তার অজানা নয়। আদিত্য সত্যিটা বলে ফেলতে পারে বুঝেই পল্লবী তড়িঘড়ি তার মুখ চেপে ধরে। ঠিক সেই সময় দূর থেকে পুরো ঘটনাটা দেখে ফেলে ঝিনুক। প্রথমে তাদের ওই অবস্থায় দেখে সে ভুল বুঝলেও পরে পল্লবী সব খুলে বলায় পরিস্থিতি পরিষ্কার হয়।

এরপর আদিত্যের অবস্থা দেখে ঝিনুকই পরামর্শ দেয়, আর দেরি না করে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া উচিত। এদিকে সম্রাটের জীবনে আসতে চলেছে নতুন ঝড়, ঝিনুকের পরিবারের পুরনো একটি সত্যিকে ঘিরে। ঝিনুকের বাবা জানান, রাজুকে তাঁরা দত্তক নিয়েছিলেন এবং সে তাঁদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। এই কথা শুনেই সম্রাট কৌতূহলী হয়ে জানতে চায়, রাজুকে কোন আশ্রম থেকে আনা হয়েছিল। কিন্তু শ্রীনিবাস বাবুর উত্তর শুনে সম্রাট যেন ভিতর থেকে কেঁপে ওঠে। তিনি জানান, যে আশ্রমে একসময় সম্রাট ছিল, রাজুকেও সেখান থেকেই আনা হয়েছিল।

এরপর রাজুর আসল নাম যে অর্জুন, সেটাও সামনে আসতেই সম্রাটের মুখের রং বদলে যায় এবং সে গভীর চিন্তায় ডুবে নিজের ঘরে ফিরে যায়। ঘরে ফিরে সম্রাটকে অস্বাভাবিকভাবে ঘামতে দেখে ঝিনুক তার কাছে কারণ জানতে চায়। কিন্তু নিজের ভয় আড়াল করতে সম্রাট মিথ্যে বলে যে অফিস থেকে জরুরি ফোন এসেছে, তাই আজই তাদের বাড়ি ফিরে যেতে হবে। সম্রাটের এই আচরণে ঝিনুকের সন্দেহ আরও বাড়ে। এর মধ্যেই দেখা যায়, ঘরের বাইরে আড়াল থেকে কেউ একজন তাদের সমস্ত কথাবার্তা লক্ষ্য করছে।

ফলে বোঝাই যাচ্ছে, সম্রাটের অতীত এখনও পুরোপুরি চাপা পড়ে নেই এবং সেই অতীতের সঙ্গে বর্তমানের যোগসূত্র খুব শিগগিরই সামনে আসতে চলেছে। সব মিলিয়ে ‘কমলা নিবাস’-এর গল্প এখন একাধিক রহস্যকে একসঙ্গে এগিয়ে নিয়ে চলেছে। একদিকে ঝিনুক ধীরে ধীরে সম্রাটের আচরণ নিয়ে সন্দিহান হয়ে উঠছে, অন্যদিকে রাজু ওরফে অর্জুনের অতীত প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে সম্রাটের অস্বস্তিও বেড়ে চলেছে। পাশাপাশি পল্লবী ও আদিত্যের ঘটনাও গল্পে আলাদা মাত্রা যোগ করেছে। আগামী পর্বে সম্রাটের অতীতের অন্ধকার দিক প্রকাশ পাবে কি না, আর রাজুর সঙ্গে তার আসল সম্পর্ক কী?

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।

                 

You cannot copy content of this page