জি বাংলার ‘কমলা নিবাস’ (Kamala Nibas) ধারাবাহিকে, গুহ বাড়িতে এখন বিয়ের আনন্দের আমেজ। ঝিনুকের বিয়েকে ঘিরে বাড়ির অনুষ্ঠানে সবাই আনন্দে মেতে উঠেছে। পরিবারের সবাইকে একসঙ্গে আনন্দ করতে দেখা যায়। এই আনন্দঘন পরিবেশের মধ্যেই হঠাৎ সম্রাটকে দেখা যায় ঝিনুককে নিয়ে নিজের মনের কথা প্রকাশ করতে। পরিবারের সকলের সামনে দাঁড়িয়ে সে জানায়, ছোটবেলা থেকে অনাথ হওয়ার কষ্ট তার মনে গভীর অভিমান তৈরি করেছিল।
কিন্তু ঝিনুক তার জীবনে আসার পর সেই শূন্যতা অনেকটাই পূরণ হয়েছে। সম্রাটের মুখে এমন আবেগঘন স্বীকারোক্তি শুনে কমলা-সহ বাড়ির সকলে অবাক হয়ে যায়। কেউ হয়তো এমন মুহূর্তের জন্য প্রস্তুত ছিল না। এরপরই অনুষ্ঠানে সবার সামনে হাঁটু গেড়ে বসে হাতে গোলাপ নিয়ে ঝিনুককে ভালোবাসার কথা জানায় সম্রাট। সরাসরি ‘আই লাভ ইউ’ বলে সে নিজের অনুভূতির কথা প্রকাশ করে।
এদিকে সম্রাটের ভালোবাসার কথা শোনার পর ঝিনুকও আবেগপ্রবণ হয়ে পড়ে। শুধু বাড়ির সদস্যরাই নয়, অনুষ্ঠানে উপস্থিত সকলেই তাঁদের এই বিশেষ মুহূর্তের সাক্ষী হয়। সম্রাট ও ঝিনুকের সম্পর্ক যে এবার আরও দৃঢ় হতে চলেছে, সেই ইঙ্গিতও স্পষ্টভাবে মিলেছে এই পর্বে। অন্যদিকে, আদিত্যর মনেও তখন অন্যরকম অনুভূতির ঢেউ। অনুষ্ঠানের মধ্যেই সে পল্লবীকে নিয়ে নানান রকমের কল্পনায় হারিয়ে যায়।
স্বপ্নে সে দেখে পল্লবীর সঙ্গে নাচ করছে, গোলাপ দিয়ে প্রেম নিবেদন করছে। অন্যদিকে কমলাও নিজের মতো করে মেয়ের ভবিষ্যতের কথা ভাবতে শুরু করে। ঠাকুরের কাছে প্রার্থনা করে সে, পল্লবীর জীবনেও এমন একজন মানুষ আসুক যে তাকে সারাজীবন আগলে রাখবে এবং সুখে রাখবে। পর্বের শেষে দেখা যায়, ঝিনুকের বিয়ের অনুষ্ঠানে আদিত্য এসে পৌঁছতেই ঘটে যায় অঘটন।
আরও পড়ুনঃ “আমার বিজনেসটা পুরো ফল্ট হয়ে গেছিল করোনাতে, প্রচুর লোন হয়ে গিয়েছিল…” কঠিন সময়ে কীভাবে পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন অভিনেত্রী অনুষ্কা চক্রবর্তী? টিউশন পড়ানো থেকে অভিনয়ের লড়াইয়ে কীভাবে হয়ে উঠলেন বাবা-মায়ের সবচেয়ে বড় ভরসা?
পল্লবীর হাত থেকে আচমকা হলুদের বাটি পড়ে যেতে উদ্যত হয়। ঠিক সেই সময় দ্রুত এগিয়ে এসে বাটিটি ধরে ফেলে আদিত্য। যদিও বাটি মাটিতে পড়ে না, তবুও কিছুটা হলুদ ছিটকে পল্লবীর মুখে লেগে যায়। এতেই আবারও স্পষ্ট যে আদিত্য ও পল্লবীর সম্পর্কের সমীকরণ এবার নতুন দিকে মোড় নিতে চলেছে। সেই ইঙ্গিত দিয়েই শেষ হয় ধারাবাহিকের আজকের পর্ব।
