জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কমলা নিবাস’-এর (Kamala Nibas) সাম্প্রতিক পর্ব সম্প্রচারের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর চর্চা। বিশেষ করে ঝিনুক ও পল্লবীকে ঘিরে দেখানো দুই ভিন্ন ঘটনার পর দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একদিকে পল্লবীর অফিসে বসের অশোভন আচরণ এবং তার অসহায় পরিস্থিতি যেমন অনেকের মন ছুঁয়েছে, অন্যদিকে সম্রাটের কঠোর ব্যবহারের মুখে পড়ে ঝিনুকের কান্নার দৃশ্য নিয়ে নানারকম মন্তব্য ভেসে উঠেছে। অনেকেই মনে করছেন, এই পর্বে দুই বোনই নিজেদের সিদ্ধান্তের ফল ভোগ করেছে। সেই কারণেই ধারাবাহিকের এই পর্ব ঘিরে দর্শকদের আলোচনা এখন তুঙ্গে।
গত পর্বে দেখা যায়, সম্রাট চরম রাগের মাথায় সেই বেঞ্চটি বাড়িতে নিয়ে আসে, যেখানে লেখা ছিল “I Love You ঝিনুক”। বাড়িতে এনে সে ঝিনুককে নিজের হাতেই বেঞ্চের সমস্ত লেখা মুছে ফেলতে বাধ্য করে। চোখের জল ফেলতে ফেলতেই ঝিনুক একে একে সেই ভালোবাসার স্মৃতিগুলো মুছে দেয়। অন্যদিকে পল্লবীর অফিসে তার বস ক্ষমতার অপব্যবহার করে ব্যক্তিগত সীমা লঙ্ঘনের চেষ্টা করে। পরিবারের দায়িত্বের কথা ভেবে পল্লবী চাকরি ছাড়তেও পারছে না, আবার প্রতিদিনের মানসিক চাপও সহ্য করছে। পরে বিষয়টি বুঝতে পেরে আদিত্য অফিসে গিয়ে পল্লবীর সম্মানের জন্য বসের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং আগামী পর্বের ঝলকে তাকে মারধর করতেও দেখা যায়।
এই দুই ঘটনার পরই সোশ্যাল মিডিয়ায় এক দর্শকের মন্তব্য বিশেষভাবে নজর কেড়েছে। তিনি লিখেছেন, “দুই বোনই আজ দারুণ শিক্ষা পেল! পল্লবীর জন্য একটু মায়া লাগছিল। তবে ঝিনুকের এই অবস্থা দেখে বেশ আনন্দ লাগল। দুই বোনই আসল ভালোবাসার মূল্য বোঝে না, আর সত্যিকারের মানুষটাকেও চিনতে পারে না। যদিও পল্লবী পরিস্থিতির কারণেই আদিত্যকে অবহেলা করছে। কারণ, সে এখন কোনো সম্পর্কে জড়াতে চায় না। আর ওদিকে ঝিনুককে সম্রাট যা শিক্ষা দিল! বেশ হয়েছে! রণজয়ের ভালোবাসাকে গুরুত্ব না দিয়ে নিজের স্বপ্নের রাজকুমারের খোঁজে গিয়েছিল। এখন সেই ‘স্বপ্নের রাজকুমার’ কেমন লাগছে?” এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে নতুন বিতর্ক।
দর্শকদের একাংশের মতে, পল্লবীর পরিস্থিতি এবং ঝিনুকের অবস্থাকে একসঙ্গে বিচার করা ঠিক নয়। কারণ পল্লবী নিজের ব্যক্তিগত ইচ্ছার জন্য নয়, বরং পরিবারের দায়িত্ব এবং জীবনের কঠিন বাস্তবতার কারণেই আদিত্যকে দূরে রাখছে। অন্যদিকে ঝিনুক নিজের সিদ্ধান্তের কারণেই আজ এমন কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে বলে অনেকের মত। আবার অনেক দর্শক সম্রাটের আচরণকেও সমর্থন করেননি। তাদের দাবি, ভালোবাসার নামে কাউকে অপমান করা বা মানসিকভাবে কষ্ট দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। ফলে একই পর্ব ঘিরে দর্শকদের মধ্যে ভিন্ন ভিন্ন মতামত স্পষ্ট হয়ে উঠেছে।
আরও পড়ুনঃ “জানি এটা সিরিয়াল, তাই বলে এতটাও যুক্তিহীন!” “গর্ভবতী হয়েও এতক্ষণ নিশ্বাস আটকে তাও আবার জলের নিচে, কীভাবে সম্ভব?” পেটে বাচ্চা নিয়ে একের পর এক বিপ’জ্জনক কাণ্ড পারুলের! ‘পরিণীতা’র সম্প্রতিক পর্ব দেখে বাস্তবতা নিয়ে প্রশ্ন তুললেন দর্শকরা! এটা কি পারিবারিক ধারাবাহিক, নাকি অলৌকিক কাহিনি?
এখন দেখার বিষয়, আগামী পর্বে আদিত্যের এই প্রতিবাদ পল্লবীর জীবনে কী পরিবর্তন নিয়ে আসে এবং সম্রাট ও ঝিনুকের সম্পর্ক কোন দিকে এগোয়। একই সঙ্গে রণজয়, ঝিনুক এবং সম্রাটকে ঘিরে তৈরি হওয়া সম্পর্কের জটিলতা কীভাবে মেটানো হবে, সেটিও জানতে আগ্রহী দর্শকরা। ধারাবাহিকের সাম্প্রতিক ঘটনাগুলি যে দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি করেছে, তা সোশ্যাল মিডিয়ার প্রতিক্রিয়াতেই স্পষ্ট। আগামী পর্বে এই সমস্ত প্রশ্নের উত্তর মিলবে কি না, এখন সেদিকেই নজর রয়েছে সকলের।
