জি বাংলার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘কমলা নিবাস’ ১৩ই এপ্রিল থেকে, আর শুরু হতেই তা দর্শকদের নজর কাড়তে শুরু করেছে। দীর্ঘ সময় পর ছোটপর্দায় ফিরেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, যিনি এই ধারাবাহিকে সাগর বসু মল্লিক চরিত্রে অভিনয় করছেন। তাঁর বিপরীতে পল্লবী চরিত্রে দেখা যাচ্ছে দেবাদৃতা বসুকে। নতুন এই জুটির রসায়ন এবং গল্পের টান দুটোই দর্শকদের মধ্যে আলাদা আগ্রহ তৈরি করেছে।
ধারাবাহিকের মূল গল্প আবর্তিত হচ্ছে শ্রীনিবাস গুহ এবং তাঁর স্ত্রী কমলাকে ঘিরে। শ্রীনিবাস একজন সাধারণ মধ্যবিত্ত মানুষ, যার জীবনের বড় স্বপ্ন নিজের একটি বাড়ি তৈরি করা। অন্যদিকে কমলার একমাত্র ইচ্ছে তাঁর তিন মেয়ের ভাল ঘরে বিয়ে দেওয়া। সংসারের দায়িত্ব আর স্বপ্নের টানাপোড়েন এই দুইয়ের মাঝেই এগোচ্ছে গল্প। এই বাস্তবধর্মী গল্পই দর্শকদের মনে জায়গা করে নিচ্ছে।

সম্প্রতি প্রকাশিত প্রোমোতে দেখা গেছে, সাগর তাঁর মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে গেলে ভুল করে পল্লবীকে তাঁর স্ত্রী বলে ধরে নেওয়া হয়। এই ভুল বোঝাবুঝি থেকেই শুরু হয় নতুন সম্পর্কের ইঙ্গিত। একই সঙ্গে আরও বড় চমক আসে যখন সাগরের মা সরাসরি পল্লবীর বাড়িতে গিয়ে তাঁর ছেলের জন্য পল্লবীর হাত চান। এই প্রস্তাব শুনে পল্লবীর পরিবার কী সিদ্ধান্ত নেয়, সেটাই এখন দেখার।
এই ধারাবাহিকের সবচেয়ে আকর্ষণীয় দিক হল সাগরের মায়ের চরিত্র। সাধারণত সিরিয়ালে সৎ মায়ের নেতিবাচক দিকই বেশি দেখানো হয়, কিন্তু এখানে সেই ধারণা ভেঙে একদম উল্টো ছবি তুলে ধরা হয়েছে। সৎ মা হয়েও তিনি সাগর এবং তার মেয়েকে নিজের সন্তানের মতো ভালোবাসেন। ছেলের জীবনে নতুন করে সুখ ফিরিয়ে আনতেই তিনি পল্লবীর সঙ্গে সম্পর্ক গড়তে চান। তাঁর এই আন্তরিকতা ও দায়িত্ববোধ দর্শকদের মনে আলাদা জায়গা করে নিচ্ছে।
আরও পড়ুন : দেবের ছবি ‘দেশু ৭’-এ দেখা যাবে অনির্বাণকে! টলিউডে কি তবে ‘ব্যান কালচার’-এর অবসান? দেবের ছবিতে অভিনয় নিয়ে অভিনেতার কী অভিব্যক্তি?
সাগরের মায়ের এই ইতিবাচক মানসিকতা শুধু গল্পের মোড় ঘোরাচ্ছে না, দর্শকদের মনও জিতে নিচ্ছে। বিশেষ করে সমাজ মাধ্যমে এই বিষয়টিই এখন বেশি প্রশংসা পাচ্ছে। অনেকেই বলছেন, সৎ মা মানেই খারাপএই চেনা ধারণাকে ভেঙে এক সুন্দর, দায়িত্বশীল ও ভালোবাসায় ভরা চরিত্র তুলে ধরেছে কমলা নিবাস। মিঠি ও পল্লবীর সম্পর্ককে আরও গভীর করার এই প্রচেষ্টা, আর সব সত্যি সামনে রেখেই সিদ্ধান্ত নেওয়ার সাহস এই সবকিছু মিলিয়ে ধারাবাহিকটি দর্শকদের কাছে আরও বাস্তব ও হৃদয়ছোঁয়া হয়ে উঠছে।
