জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’য় এবার আসতে চলেছে নতুন চমক। গল্পে কিছুদিন আগেই দেখানো হয়েছিল রায়ানের দিদি রুক্মিণীর জীবনে বড় বিপর্যয় নেমে আসে। স্বামী গোপালের মৃত্যুর পর একেবারে ভেঙে পড়েছিল রুকু। সেই আবেগঘন পর্ব দর্শকদের মনেও গভীর প্রভাব ফেলেছিল।
গোপালের মৃত্যুর পর পরিবারের সকলে রুকুকে সামলে রাখার চেষ্টা করলেও নিজের কষ্ট লুকিয়ে রাখত সে। আনন্দের অনুষ্ঠান থেকেও নিজেকে দূরে সরিয়ে নিয়েছিল রুক্মিণী। তবে ধীরে ধীরে তার জীবনে নতুন একজনের আগমন ঘটে। সেই নতুন সম্পর্কের হাত ধরেই আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে শুরু করে রুকু।
গল্পে এরপর দেখা যায়, নতুন মানুষের সঙ্গে বিয়ের পিড়িতেও বসেছে রুক্মিণী। কিন্তু ঠিক সেই সময়েই সামনে আসে বড় মোড়। সোশ্যাল মিডিয়ায় অভিনেতা দ্রোণ মুখার্জির একটি পোস্ট ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা। সেই পোস্ট থেকেই অনেকের ধারণা, খুব শীঘ্রই ধারাবাহিকে ফিরতে চলেছে গোপালের চরিত্র।
শুধু তাই নয়, ধারাবাহিকের পরিচালক কৃষ বসুও গোপালের ফেরার ইঙ্গিত দিয়েছেন বলে জানা যাচ্ছে। তবে মৃত চরিত্র কীভাবে আবার গল্পে ফিরে আসবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আগামী পর্বে ঠিক কী দেখানো হবে তা নিয়ে দর্শকদের কৌতূহল তুঙ্গে পৌঁছেছে।
আরও পড়ুন : অন্ধকার মন আর ভাঙা অনুভূতির গল্প বলতে আসছে ‘আয়না!’ পরিচালনায় রাতুল মুখার্জি
এদিকে দ্রোণের পোস্ট প্রকাশ্যে আসতেই অনুরাগীদের উচ্ছ্বাস চোখে পড়েছে। অনেকেই জানিয়েছেন, এতদিন ‘পরিণীতা’য় গোপালকে না দেখে তাঁরা হতাশ ছিলেন। আবার কেউ লিখেছেন, রুকু ও গোপালের জুটিকে তাঁরা ভীষণ মিস করেছেন। এখন সকলের নজর ধারাবাহিকের আসন্ন পর্বগুলোর দিকে।
