বিগত কয়েক সপ্তাহ ধরে টিআরপি তালিকায় প্রথম স্থান ধরে রাখতে পারছে না জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’ (Parineeta)। কখনও দ্বিতীয়, কখনও তৃতীয় স্থানে জায়গা করে নিচ্ছে এই মেগা। আর সেই কারণেই এবার গল্পে বড়সড় চমক আনল নির্মাতারা। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো, যেখানে দেখা যাচ্ছে পারুল আচমকাই অসুস্থ হয়ে পড়েছে। তাকে দেখতে বাড়িতে ডাক্তারও আসেন। পরিবারের সকলেই চিন্তায় থাকলেও চিকিৎসক জানিয়ে দেন, ভয় পাওয়ার কিছু নেই। বরং রয়েছে বড় সুখবর। তারপরই সামনে আসে চমকে দেওয়ার মতো তথ্য। জানা যায়, পারুল গর্ভবতী। এই খবর শুনে পরিবারের সকলেই হতবাক হয়ে যায়। শুধু তাই নয়, রায়ান ও পারুল দুজনের মুখেও দেখা যায় প্রবল বিস্ময়।
প্রোমোতে দেখা যায়, গর্ভবতী হওয়ার খবর শোনার পরেই রাগে ফেটে পড়ে পারুল। সে ওই অবস্থাতেই রায়ানের চুলের মুঠি ধরে মারতে শুরু করে। দু’জনের মধ্যে চুলোচুলি পর্যন্ত শুরু হয়ে যায়। পারুল বারবার প্রশ্ন করতে থাকে, “এটা তুই কী করে ফেললি?” পরিবারের সদস্যরাও তখন অবাক হয়ে পুরো ঘটনা দেখতে থাকেন। বাইরে থেকে সবসময় ঝগড়া আর খুনসুটি করলেও, পরিবারের অনেকের মনে সন্দেহ জাগতে শুরু করে, তবে কি ভিতরে ভিতরে একে অপরের প্রতি টান রয়েছে তাদের? নতুন সদস্য আসার খবর সামনে আসতেই গোটা বাড়িতে একপ্রকার হইচই পড়ে যায়। তবে এই সুখবর কি তাদের সম্পর্ককে আরও কাছাকাছি আনবে, নাকি দূরত্ব আরও বাড়াবে, সেই প্রশ্ন এখন দর্শকদের মধ্যেও।
ধারাবাহিকের গল্পে সম্প্রতি দেখানো হয়েছে, পারুলকে ব্যবসায় হারানোর জন্য উঠেপড়ে লেগেছে শিরিন। যে কোনও ভাবে নায়িকার ক্ষতি করতে চাইছে সে। সেই কারণেই পারুল তার দোকানে চালের যে দাম রেখেছিল, তার থেকেও কম দামে নিজের দোকানে চাল বিক্রি শুরু করে শিরিন। স্বাভাবিকভাবেই এতে পারুলের ব্যবসায় প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়। তবে শিরিনের এই পরিকল্পনা ধরে ফেলে পারুল। এরপর সে পরিবারকে জানায়, ব্যবসা বাঁচাতে এবং পাল্টা লড়াই দিতে তার পাঁচ কোটি টাকা প্রয়োজন। এই কথা শুনে প্রথমে পাশে দাঁড়ায় রায়ান। সে জানায়, তাদের মধ্যে যতই সমস্যা বা মতভেদ থাকুক না কেন, এই পরিস্থিতিতে সে নিজের স্ত্রীকে সাহায্য করবে।
রায়ানের পর পরিবারের অন্য সদস্যরাও নিজেদের সামর্থ্য অনুযায়ী পারুলকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। এই কঠিন সময়ে পরিবারের সমর্থন পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়ে পারুল। সে জানায়, পরিবারের জোরেই সে শিরিনকে হারিয়ে দেবে। এতদিন ধরে সম্পর্কের টানাপোড়েন, ঝগড়া আর ভুল বোঝাবুঝির মধ্যেই এগোচ্ছিল রায়ান ও পারুলের গল্প। তবে এবার সন্তান আসার খবর তাদের জীবনে নতুন মোড় এনে দেয় কি না, সেটাই এখন দেখার। অনেকের ধারণা, এই ঘটনাই হয়তো তাদের সম্পর্কের দ্বিতীয় ইনিংস শুরু করতে পারে। আবার কেউ মনে করছেন, নতুন সমস্যাও তৈরি হতে পারে তাদের মধ্যে। ফলে আগামী পর্বগুলিকে ঘিরে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে।
আরও পড়ুনঃ “তোমাদের জন্য সুখবর…!” কেশবের ৫ বছরে পা দিতেই, দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা মধুবনী গোস্বামী? রাজা গোস্বামী পোস্টে তোলপাড় নেটপাড়া! কবে আসছে নতুন অতিথি?
জি বাংলার পর্দায় প্রতিদিন রাত সাড়ে ৮টায় সম্প্রচারিত হয় ‘পরিণীতা’। ধারাবাহিকটির মুখ্য ভূমিকায় অভিনয় করছেন ঈশানি ও উদয় প্রতাপ সিং। চলতি সপ্তাহে টিআরপি তালিকায় ৪.৬ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে এই মেগা। ফলে হারানো প্রথম স্থান ফিরে পেতেই গল্পে একের পর এক নতুন টুইস্ট আনা হচ্ছে বলে মনে করছেন দর্শকদের একাংশ। চ্যানেল সূত্রে জানা গিয়েছে, এই বিশেষ পর্বটি আগামী ১ জুন সম্প্রচারিত হবে। ইতিমধ্যেই নতুন প্রোমো ঘিরে সোশ্যাল মিডিয়াতেও শুরু হয়েছে চর্চা। গর্ভবতী পারুল, রায়ানের প্রতিক্রিয়া এবং পরিবারে নতুন সদস্যের আগমনের খবর যে ধারাবাহিকের গল্পে বড় পরিবর্তন আনতে চলেছে, তা এখন থেকেই স্পষ্ট।
