সোশ্যাল মিডিয়ায় রাজা গোস্বামী ও মধুবনী গোস্বামীর জনপ্রিয়তা নতুন কিছু নয়। নিজেদের ব্যক্তিগত জীবন থেকে কাজের আপডেট, প্রায় সবটাই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন এই তারকা দম্পতি। আর এবার রাজার একটি ফেসবুক পোস্ট ঘিরেই শুরু হয়েছে নতুন চর্চা। সোমবার সন্ধের দিকে রাজা একটি পারিবারিক ছবি পোস্ট করেন, যেখানে একসঙ্গে দেখা যায় তাঁকে, মধুবনীকে এবং ছেলে কেশবকে। সেই ছবির ক্যাপশনে রাজা লেখেন, “খুব তাড়াতাড়ি তোমাদের জন্য একটা সুখবর আসতে চলেছে।” এই একটি লাইন ঘিরেই শুরু হয়ে যায় জোর জল্পনা। নেটপাড়ার অনেকেরই ধারণা, দ্বিতীয়বার মা হতে চলেছেন মধুবনী। যদিও এই বিষয়ে এখনও সরাসরি কিছু জানাননি রাজা বা মধুবনী কেউই। তবু সোশ্যাল মিডিয়ায় এখন এই নিয়েই চলছে আলোচনা।
২০২১ সালের ৯ এপ্রিল জন্ম হয়েছিল রাজা ও মধুবনীর ছেলে কেশবের। এখন কেশব অনেকটাই বড় হয়েছে, তাই অনেকেই মনে করছেন দ্বিতীয় সন্তানের পরিকল্পনা করতেই পারেন এই দম্পতি। টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘ভালোবাসা ডট কম’-এ ‘ওম’ ও ‘তোড়া’ চরিত্রে অভিনয় করতে গিয়েই কাছাকাছি আসেন রাজা ও মধুবনী। পর্দার প্রেম ধীরে ধীরে বাস্তব জীবনেও জায়গা করে নেয়। এরপর দীর্ঘ সম্পর্কের পর বিয়ে করেন তাঁরা। ইতিমধ্যেই প্রায় ৯ বছরেরও বেশি সময় ধরে সুখের সংসার করছেন এই জুটি। ছেলের জন্মের পর থেকে সংসার ও সন্তানকে বেশি সময় দিতেই ব্যস্ত থেকেছেন দুজনেই। বিশেষ করে মধুবনীকে নিয়মিত অভিনয়ে আর খুব একটা দেখা যায়নি।
অভিনয় থেকে কিছুটা দূরে থাকলেও নিজের কাজ নিয়ে যথেষ্ট ব্যস্ত মধুবনী। তাঁর নিজস্ব পার্লার রয়েছে, পাশাপাশি ডিজাইনার ব্যাগের ব্যবসাও করেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও তিনি যথেষ্ট সক্রিয় এবং ইনফ্লুয়েন্সার হিসেবেও জনপ্রিয়তা রয়েছে তাঁর। এর পাশাপাশি মাঝেমধ্যে অভিনয়েও ফিরেছেন অভিনেত্রী। স্টার জলসার ‘চিরসখা’ ধারাবাহিকে কয়েকটি পর্বে তাঁকে আইনজীবীর ভূমিকায় দেখা গিয়েছিল। সেখানে কমলিনীর ডিভোর্স মামলার পক্ষে সওয়াল করতে দেখা যায় তাঁকে। সম্প্রতি আবার যাত্রার মঞ্চেও ফিরেছেন রাজা ও মধুবনী। ‘কুঁড়ে ঘরে রাজকন্যা’ পালায় একসঙ্গে অভিনয় করবেন তাঁরা। ফলে কাজের ব্যস্ততার মাঝেও ব্যক্তিগত জীবন নিয়েই এখন বেশি আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
তবে এই দম্পতি বরাবরই নানা বিতর্কের কেন্দ্রেও থেকেছেন। বিশেষ করে মা হওয়ার পর মধুবনীর কিছু মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় তীব্র আলোচনা শুরু হয়েছিল। সন্তান জন্মের পর মায়েদের কাজ করা উচিত কি না, তা নিয়ে তাঁর কিছু বক্তব্য নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। শুধু তাই নয়, শাঁখা-পলা পরা নিয়েও তাঁর কিছু মন্তব্য নিয়ে নেটমাধ্যমে শুরু হয়েছিল উত্তপ্ত বাক্য বিনিময়। যদিও এসব সমালোচনায় খুব একটা ভেঙে পড়তে দেখা যায়নি রাজা বা মধুবনীকে। বরং তাঁরা স্পষ্ট জানিয়েছিলেন, তাঁদের পোস্টে যত নেতিবাচক মন্তব্য হবে, ততই সেই পোস্ট ভাইরাল হবে। আর তার ফলে সোশ্যাল মিডিয়া থেকে আয়ও আরও বাড়বে বলে মন্তব্য করেছিলেন তাঁরা। সেই মন্তব্য নিয়েও কম চর্চা হয়নি।
আরও পড়ুনঃ মিঠিই কি হয়ে উঠবে পল্লবী আর আদিত্যর জীবনের সেতু? ‘কমলা নিবাস’-এর নতুন ট্র্যাক ঘিরে দর্শকদের তুমুল আলোচনা! অতীত ভুলে আদিত্যর হাত ধরবে পল্লবী? নাকি আবার ফিরিয়ে আনা হোক সাগরকে, কোনটা চাইছেন দর্শকরা?
অন্যদিকে কাজের ক্ষেত্রে রাজাকেও শেষবার দেখা গিয়েছিল ‘চিরসখা’ ধারাবাহিকে। তবে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের দুর্ঘটনাজনিত মৃত্যুর পর ধারাবাহিকটি ঘিরে বিতর্ক তৈরি হয়। সেই সময় লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়ের উপর ক্ষোভ বাড়তে শুরু করলে আচমকাই বন্ধ হয়ে যায় সিরিয়ালটি। এরপর থেকে এখনও পর্যন্ত রাজার নতুন কোনও ধারাবাহিক বা সিনেমার ঘোষণা সামনে আসেনি। এরই মাঝে তাঁর এই ‘সুখবর’ পোস্ট ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে অনুরাগীদের মধ্যে। অনেকেই এখন অপেক্ষা করছেন, সত্যিই কি দ্বিতীয়বার বাবা-মা হতে চলেছেন রাজা ও মধুবনী, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও চমক।
