বিগ বস বাংলার ঘরে প্রথম দিন থেকেই আলোচনায় রয়েছেন অভিনেতা ভরত কল। শোয়ের প্রথম ক্যাপ্টেন হওয়া থেকে শুরু করে তনুশ্রীকে করা মন্তব্য, নানা কারণে বারবারই উঠে এসেছে তাঁর নাম। তবে সময়ের সঙ্গে তনুশ্রীর সঙ্গে তাঁর সম্পর্কেও এসেছে পরিবর্তন। সম্প্রতি দুজনের মধ্যে বেশ ভালো সমীকরণ দেখা যাচ্ছে। গতকালের পর্বে তনুশ্রীকে কেক কেটে খাইয়েছেন ভরত।
বিগ বসের ঘরে ভরত যতটা সক্রিয়, ততটাই বাইরে থেকে তাঁকে উৎসাহ দিচ্ছেন স্ত্রী তথা অভিনেত্রী জয়শ্রী মুখোপাধ্যায়। সম্প্রতি স্বামীর একটি ভিডিও বা ছবি শেয়ার করে মজার ছলে একটি পোস্ট করেন তিনি। সেখানে জয়শ্রী লেখেন, ভরত নিজের মতো করে পাগলামি করছেন আর সেই কারণে নাকি তাঁকেই মানুষের গাল শুনতে হচ্ছে। তাঁর এই মন্তব্য দেখে অনেকের মনে প্রশ্ন ওঠে, তাহলে কি স্বামীর কোনও কাজে বিরক্ত হয়েছেন জয়শ্রী?
আসলে বিষয়টি একেবারেই তেমন নয়। পুরো ঘটনাটিই মজার ছলে তুলে ধরেছেন জয়শ্রী। কিছুদিন আগে বিগ বসের ঘরে ভরতকে বেশ উদ্দামভাবে নাচতে দেখা যায়। তাঁর সেই নাচ দেখে কেউ প্রশংসা করেছেন, আবার কেউ মজা করে সেটিকে বিশ্বকর্মা পুজোর ভাসান নাচের সঙ্গে তুলনা করেছেন। ভরতের সেই নাচের একটি মুহূর্তই সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে মজার মন্তব্য করেন তাঁর স্ত্রী।
পোস্টে জয়শ্রী লেখেন, “এটা কি বিশ্বকর্মা পুজোর ভাসান ডান্স? পাগলামি করছো আর লোকে আমাকে গাল দিচ্ছে গো।” এরপরই অবশ্য স্বামীর প্রতি ভালোবাসার কথাও জানান তিনি। জয়শ্রী বলেন, ভরত যেন সারা জীবন এভাবেই থাকেন, হাসি মজা করে জীবন কাটান। দীর্ঘ ১১ বছরের সম্পর্কের কথা উল্লেখ করে তিনি জানান, ভরত কেমন মানুষ তা তিনি ভালোভাবেই জানেন এবং তাঁর জন্য রয়েছে অনেক ভালোবাসা।
আরও পড়ুনঃ “বিগ বসের ইতিহাসে এমন কোনদিনও দেখিনি, হোস্টের ভুল ধরছে প্রতিযোগীরাই!” দাদার দরবারেই দাদার ব্যান্ড বাজিয়ে দিল জিতু-তনুশ্রী, সৌরভের ভূমিকা নিয়ে সরব দর্শক! “এবার সৌরভ গাঙ্গুলীরই এভিকশন হোক” উঠল সঞ্চালক বদলের দাবি! আপনিও কি সহমত?
এদিকে বিগ বস বাংলায় চলছে টানটান উত্তেজনা। গতকাল ঘর থেকে বিদায় নিয়েছেন অ্যালেক্স। তবে চলতি সপ্তাহে আরও একজন প্রতিযোগীকে শো ছাড়তে হবে বলে জানা যাচ্ছে। ফলে দ্বিতীয়বার কার বিদায় হবে, তা নিয়ে এখন দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। ভরত কলকে ঘিরে যেমন আলোচনা চলছে, তেমনই আগামী পর্বের দিকে নজর রয়েছে বিগ বস বাংলার দর্শকদের।
