বিগ বসের ঘরে থাকতে কত টাকা পাচ্ছেন রাজবীর, জীতু, সৃজলা, নির‌ঞ্জনরা? সর্বাধিক পারিশ্রমিক কার? টাকার অঙ্ক জানলে চোখ কপালে উঠবে

বিগ বসের বাড়িতে প্রতিদিন কত কী ঘটছে, তা নিয়ে দর্শকদের কৌতূহলের শেষ নেই। কখনও প্রেম, কখনও ঝগড়া, কখনও বন্ধুত্বের সমীকরণ বদল, আবার কখনও প্রতিযোগীদের ব্যক্তিগত জীবন নিয়ে নানা আলোচনা। কিন্তু এই সমস্ত কিছুর পাশাপাশি দর্শকদের মনে আরও একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। প্রিয় প্রতিযোগীরা এই শোয়ে অংশ নেওয়ার জন্য কত টাকা পারিশ্রমিক পাচ্ছেন? কে সবচেয়ে বেশি টাকা নিচ্ছেন? আর কার পারিশ্রমিকই বা তুলনায় কম? সম্প্রতি বিগ বস বাংলা ৩-এর প্রতিযোগীদের সম্ভাব্য সাপ্তাহিক পারিশ্রমিকের একটি তালিকা প্রকাশ্যে এসেছে। আর সেই তালিকাতেই রয়েছে বেশ কিছু চমকপ্রদ তথ্য। বিশেষ করে একজন জনপ্রিয় অভিনেত্রীর পারিশ্রমিকের অঙ্ক শুনলে অবাক হতে পারেন দর্শকরা!

সাধারণত বিগ বসের মতো রিয়্যালিটি শোয়ে প্রতিযোগীদের পারিশ্রমিক নির্ধারিত হয় সাপ্তাহিক ভিত্তিতে। অর্থাৎ, কোনও প্রতিযোগী যত সপ্তাহ বাড়ির ভিতরে থাকবেন, চুক্তির শর্ত অনুযায়ী তাঁর উপার্জনের অঙ্কও তত বাড়তে পারে। তবে বিগ বস বাংলা ৩-এর নির্মাতাদের তরফে প্রতিযোগীদের পারিশ্রমিকের কোনও সরকারি তালিকা প্রকাশ করা হয়নি। বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতেই এই সম্ভাব্য হিসাব সামনে এসেছে। সেই তালিকা অনুযায়ী, জয়িতা চট্টোপাধ্যায় ও ঝিলম গুপ্তের সাপ্তাহিক পারিশ্রমিক হতে পারে ৭০ হাজার থেকে ১ লক্ষ ৩০ হাজার টাকা। অন্যদিকে সায়ক চক্রবর্তী, আলেকজান্দ্রা টেলর, রাজবীর দে এবং অনুষ্কা মৈত্রের ক্ষেত্রে সেই অঙ্ক সপ্তাহে ৮০ হাজার থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকার মধ্যে থাকতে পারে।

তালিকার পরের দিকে রয়েছেন জীতু কমল, নন্দিনী দত্ত এবং নিরঞ্জন মণ্ডল। তাঁদের প্রত্যেকের সম্ভাব্য সাপ্তাহিক পারিশ্রমিক ১ লক্ষ থেকে ২ লক্ষ টাকার মধ্যে বলে দাবি করা হয়েছে। তনুশ্রী রায় দাস, সোহিনী পাল, সোনামণি সাহা এবং অনিন্দ্য সেনগুপ্তের পারিশ্রমিকও কম নয়। তাঁদের ক্ষেত্রে সপ্তাহে ১ লক্ষ থেকে ১ লক্ষ ৮০ হাজার টাকা পাওয়ার সম্ভাবনার কথা উঠে এসেছে। অর্থাৎ, প্রতিযোগীদের জনপ্রিয়তা, পরিচিতি এবং বিনোদন জগতে তাঁদের অবস্থানের ভিত্তিতে পারিশ্রমিকের অঙ্কে যে যথেষ্ট পার্থক্য রয়েছে, তা এই তালিকা থেকেই স্পষ্ট।

তবে আরও বড় চমক অপেক্ষা করছে তালিকার উপরের দিকে। দুর্নিবার সাহা, সৃজলা গুহ এবং দীপেন্দু বিশ্বাসের সম্ভাব্য সাপ্তাহিক পারিশ্রমিক ১ লক্ষ ৫০ হাজার থেকে ২ লক্ষ ৫০ হাজার টাকা বলে জানা যাচ্ছে। অন্যদিকে বর্ষীয়ান অভিনেতা ভরত কলের পারিশ্রমিকের অঙ্ক সপ্তাহে ২ লক্ষ থেকে ৩ লক্ষ ৫০ হাজার টাকা পর্যন্ত হতে পারে। কিন্তু এত কিছুর পরেও তালিকার শীর্ষস্থানটি রয়েছে অন্য এক জনপ্রিয় অভিনেত্রীর দখলে। তিনি মনামী ঘোষ। সূত্রের দাবি, বিগ বসের ঘরে থাকার জন্য প্রতি সপ্তাহে তাঁর পারিশ্রমিক হতে পারে ৩ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা। অর্থাৎ, সম্ভাব্য হিসাব অনুযায়ী, তিনিই এই তালিকার সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া প্রতিযোগী।

তবে এই অঙ্কগুলি নিয়ে এখনই নিশ্চিত হওয়ার কোনও জায়গা নেই। কারণ, প্রতিযোগীদের প্রকৃত চুক্তির বিষয়টি প্রকাশ্যে আসেনি এবং নির্মাতাদের তরফেও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। ফলে এই পারিশ্রমিকের হিসাবকে সম্ভাব্য তথ্য হিসেবেই দেখা উচিত। তবুও তালিকাটি সামনে আসার পর দর্শকদের মধ্যে স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি হয়েছে। বিশেষ করে মনামী ঘোষের সম্ভাব্য পারিশ্রমিক নিয়ে আলোচনা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, বিগ বসের ঘরে জনপ্রিয়তার নিরিখে কে কতটা এগিয়ে, আর শেষ পর্যন্ত এই প্রতিযোগিতায় কার যাত্রা কতদূর গড়ায়? উত্তর মিলবে আগামী পর্বগুলিতেই।

Piya Chanda

                 

You cannot copy content of this page