বিগ বস বাংলার বাড়িতে ফের একবার জমে উঠল নমিনেশন পর্ব। প্রতিযোগীদের জন্য এবার এমন এক কঠিন টাস্কের আয়োজন করা হয়েছিল, যেখানে নিজেদের জায়গা ধরে রাখার পাশাপাশি অন্যদেরও টেক্কা দিতে হয়েছে। তবে এই টাস্কে সবচেয়ে বেশি নজর কাড়লেন জীতু কমল। সৃজলাকে বাঁচাতে গিয়ে শেষ পর্যন্ত নিজেই নমিনেশনের ঝুঁকি নিলেন তিনি। অন্যদিকে, খেলার নিয়ম এবং প্রতিযোগীদের সিদ্ধান্ত ঘিরে তৈরি হল চরম উত্তেজনা। সোমবারের বিশেষ পর্বে বিগ বস জানিয়ে দেন, এই সপ্তাহে একটি বিশেষ এভিকশন টাস্ক হবে। তবে শুরুতেই তিন প্রতিযোগীকে নমিনেশন প্রক্রিয়ার বাইরে রাখা হয়। দুর্নিবার সাহা নিজের ইমিউনিটি পাওয়ার ব্যবহার করায় সুরক্ষিত ছিলেন। বাড়ির ক্যাপ্টেন রাজবীর দে এবং ‘দাদার দরবার’ থেকে পাওয়া বিশেষ স্টারের জোরে মনামী ঘোষও বেঁচে যান নমিনেশনের হাত থেকে।
ফলে টাস্কে অংশ নিতে হয় জীতু কমল, সৃজলা গুহ, সৌরভ, নিরঞ্জন মণ্ডল, রণিতা এবং তনুশ্রীকে। গার্ডেন এরিয়ায় তৈরি করা হয়েছিল একটি কাঠের ঢালু র্যাম্প। প্রতিযোগীদের সেই র্যাম্পের উপর একটি ছোট স্ট্যান্ডে দু’পায়ে দাঁড়িয়ে থাকতে হবে। সামনের রেলিং ধরে ভারসাম্য রাখার সুযোগ থাকলেও সেটিও ছিল বেশ ঢালু। অন্যদিকে, খেলা থেকে সুরক্ষিত তিন প্রতিযোগী দুর্নিবার, মনামী এবং রাজবীরের দায়িত্ব ছিল র্যাম্পে দাঁড়িয়ে থাকা প্রতিযোগীদের নামিয়ে আনা। সেই কাজে তাঁদের ব্যবহার করতে দেওয়া হয় তেল, শ্যাম্পুর মতো পিচ্ছিল তরল পদার্থ। ফলে সামান্য অসাবধান হলেই ভারসাম্য হারিয়ে পড়ে যাওয়ার আশঙ্কা ছিল। নির্দিষ্ট সময় অন্তর ভেঁপু বাজলে প্রতিযোগীদের নিজেদের মধ্যে আলোচনা করে একজনকে নেমে যাওয়ার সিদ্ধান্ত নিতে হচ্ছিল। স্বেচ্ছায় নামলেও কিংবা ভারসাম্য হারিয়ে পড়ে গেলেও সরাসরি নমিনেটেড হতে হবে।
প্রথমেই র্যাম্প থেকে নেমে যান রণিতা। এরপর পা অবশ হয়ে আসার কথা জানিয়ে খেলা ছেড়ে দেন তনুশ্রী। তবে খেলা থেকে বেরিয়ে গিয়েও তাঁরা বাকিদের সমস্যায় ফেলতে থাকেন। বিশেষ করে জীতু এবং সৃজলাকে নামানোর চেষ্টা চলতে থাকে। অন্যদিকে, নিরঞ্জনের অভিযোগ ছিল, জীতুর পায়ের ভারের চাপ তাঁর উপর পড়ছে। ফলে দাঁড়িয়ে থাকা ক্রমশ কঠিন হয়ে উঠছিল। তবুও হাল ছাড়েননি জীতু। সৃজলাও নিজের জায়গা ধরে রাখার চেষ্টা চালিয়ে যান। এমন সময় বেজে ওঠে ভেঁপু। নিয়ম অনুযায়ী, এবার একজনকে স্বেচ্ছায় র্যাম্প থেকে নেমে যেতে হবে। কিন্তু কেউই নমিনেশনের ঝুঁকি নিতে চাইছিলেন না। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে বিগ বস নতুন করে নিয়ম ঘোষণা করতে পারেন বলেও মনে হচ্ছিল।
ঠিক সেই সময়েই ঘটে যায় সবচেয়ে বড় ঘটনা। আচমকাই র্যাম্প থেকে লাফ দিয়ে নীচে নেমে যান জীতু। নিজে নমিনেশনের আওতায় চলে গিয়েও সৃজলাকে বাঁচিয়ে রাখাই ছিল তাঁর উদ্দেশ্য। জীতুর এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই নজর কাড়ে বাড়ির অন্যান্য সদস্যদের। তবে শেষ পর্যন্ত বিগ বসের সিদ্ধান্তে আরও একটি অপ্রত্যাশিত মোড় আসে। প্রতিযোগীদের লড়াই, জেতার ইচ্ছা এবং খেলার প্রতি মনোভাব বিচার করে সৌরভ, সৃজলা, জীতু এবং নিরঞ্জন, এই চারজনকেই সুরক্ষিত ঘোষণা করেন বিগ বস। ফলে জিতুর আত্মত্যাগের পরেও শেষ পর্যন্ত সুরক্ষা পেলেন তিনি এবং সৃজলা। তবে তিনি বিজয়ীর মতো এমন হাবভাব করতে থাকেন যে নিরঞ্জন বলেই ফেলেন তিনি ফেক। জীতুর পায়ে ভর দিয়ে টাস্ক উতরে দিলেন। তার ওই আচরণ দেখে তাকে ফেক বলছে নেটপাড়াও।
আরও পড়ুনঃ বিগ বসের ঘরে থাকতে কত টাকা পাচ্ছেন রাজবীর, জীতু, সৃজলা, নিরঞ্জনরা? সর্বাধিক পারিশ্রমিক কার? টাকার অঙ্ক জানলে চোখ কপালে উঠবে
এদিকে, এই সপ্তাহের নমিনেশন তালিকা এখন অনেকটাই ছোট। র্যাম্পের কঠিন লড়াইয়ের পর বাড়ি থেকে বিদায় নেওয়ার আশঙ্কায় রয়েছেন শুধুমাত্র রণিতা ও তনুশ্রী। অর্থাৎ, যে টাস্কে একাধিক প্রতিযোগীর নমিনেটেড হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল, শেষ পর্যন্ত সেখানে বড়সড় বদল ঘটল বিগ বসের সিদ্ধান্তে। জীতুর এই পদক্ষেপ নিয়ে দর্শকদের মধ্যেও আলোচনা শুরু হতে পারে। সৃজলার জন্য নিজের জায়গা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত কি তাঁদের সম্পর্কের সমীকরণকে আরও এক ধাপ এগিয়ে দিল? নাকি এটি নিছকই খেলার প্রতি জিতুর কৌশল? আপাতত সেই উত্তর না মিললেও বিগ বসের বাড়িতে এই পর্ব যে নতুন করে চর্চার জন্ম দিয়েছে, তা বলাই যায়।
