হিন্দি চলচ্চিত্রের জনপ্রিয় সুরকার প্রীতমকে ঘিরে নতুন করে শুরু হয়েছে জল্পনা। চলতি বছরের শুরুতে প্লেব্যাক জগত থেকে দূরে সরে যাওয়ার ইঙ্গিত দিয়ে আলোচনায় এসেছিলেন অরিজিৎ সিং। এবার সেই তালিকায় নাম জুড়ল প্রীতমেরও। গত ১৪ জুন, নিজের ৫৫তম জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করে তিনি এমন কিছু কথা বলেছেন, যা তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নানা প্রশ্ন তুলে দিয়েছে। দীর্ঘদিনের ব্যস্ত কর্মজীবনের পর এবার নিজের জন্য কিছু সময় রাখতে চান বলেই জানিয়েছেন তিনি।
জন্মদিনে বন্ধু, সহকর্মী এবং অনুরাগীদের শুভেচ্ছায় ভেসেছেন প্রীতম। তবে দিনের শেষে তাঁর পোস্টই সবচেয়ে বেশি চর্চার বিষয় হয়ে ওঠে। সেখানে তিনি লিখেছেন, “আজ আমি নিজেকে কয়েক বছর উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এবার থেকে জীবনটাকে একেবারে অন্যভাবে বাঁচব। যেসব বিষয় এতদিন মিস করেছি, সেগুলির স্বাদ নেওয়ার জন্যই এই সিদ্ধান্ত। এখন নতুন সফরে পা রাখার সময় এসেছে, যে কাজগুলিকে এতদিন অপেক্ষা করিয়ে রেখেছিলাম, সেটাই করব।” এই বার্তার পর থেকেই তাঁর পেশাগত ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়েছে।
প্রায় আড়াই দশক ধরে বলিউডে একের পর এক জনপ্রিয় গান উপহার দিয়েছেন প্রীতম। মাঝেমধ্যে সুর অনুকরণের অভিযোগ উঠলেও তাঁর সুরে তৈরি বহু গান আজও শ্রোতাদের কাছে সমান জনপ্রিয়। তাই তাঁর এই মন্তব্যকে অনেকেই সাধারণ বিরতি হিসেবে দেখছেন না। অনেকে মনে করছেন, তিনি হয়তো নিয়মিত বাণিজ্যিক কাজ থেকে ধীরে ধীরে সরে এসে নিজের পছন্দের সঙ্গীতচর্চায় বেশি মন দিতে চান। যদিও তিনি সরাসরি অবসর বা বলিউড ছাড়ার কথা বলেননি।
পোস্টে আরও একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন প্রীতম। তিনি লিখেছেন, “বাণিজ্যিক কাজের অভিজ্ঞতা আমার দারুণ। তবে বরাবরই অজানা-অচেনা পথের প্রতি আমার কৌতূহল বেশি। আপনাদের সকলের ভালোবাসা ও সমর্থনের জন্য সবসময়ে ধন্যবাদ।” এই বক্তব্য থেকেই অনেকের ধারণা, ভবিষ্যতে তিনি হয়তো প্রযোজক বা পরিচালকদের চাহিদা অনুযায়ী কাজ করার বদলে নিজের সৃজনশীল ভাবনাকে বেশি গুরুত্ব দেবেন। ফলে তাঁর সঙ্গীতজীবনের নতুন অধ্যায় নিয়ে কৌতূহল বাড়ছে।
আরও পড়ুনঃ “কাঁদতে কাঁদতে বুম্বাদার কাছে গেছি!” কোন ভ*য়াবহ সং’কটে পড়েছেন যিশু সেনগুপ্ত? কীভাবে সেই কঠিন পরিস্থিতি থেকে তাঁকে উদ্ধার করলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়? জানলে চমকাবেন
প্রীতমের পোস্ট প্রকাশের পর সামাজিক মাধ্যমে অনুরাগীদের নানা প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই লিখেছেন যে নতুন প্রীতমের গান এবং বিশেষ করে অরিজিৎ সিং ও প্রীতমের জনপ্রিয় জুটিকে মিস করবেন। আবার একাংশের মতে, এই সিদ্ধান্ত বলিউডের জন্য ক্ষতির কারণ হলেও প্রকৃত সঙ্গীতপ্রেমীদের জন্য নতুন কিছু পাওয়ার সুযোগ তৈরি করতে পারে। তবে তিনি সত্যিই বলিউড ছেড়ে দিচ্ছেন, নাকি শুধু কাজের ধরনে পরিবর্তন আনতে চলেছেন, সে বিষয়ে এখনও কোনও স্পষ্ট ঘোষণা দেননি। ফলে তাঁর পরবর্তী পদক্ষেপের দিকেই এখন নজর সঙ্গীতপ্রেমীদের।
