জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

বাংলা ধারাবাহিকে অতিরিক্ত সাজসজ্জা, গয়না ও মেকআপের জন্য অভিনয়‌ই আড়াল হয়ে যায়! আগে অভিনয় জানতে হবে, তারপর সুন্দর দেখানো! বাংলা ধারাবাহিক নিয়ে বিরাট বড় মন্তব্য করলেন মুনমুন সেন

প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালিত নতুন ছবি ‘আবার হাওয়া বদল’। ছবিটি দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রী মুনমুন সেন। তাঁর মতে, পরিচালক হিসেবে পরমব্রত অত্যন্ত দক্ষ এবং গল্প বলার ক্ষেত্রে তাঁর নিজস্ব একটি স্বতন্ত্র ভাবনা রয়েছে। ছবিতে নিজেও অভিনয় করলেও তিনি নিজের চরিত্রকে সীমিত রেখে অন্য চরিত্রগুলিকে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন বলে মনে করেন মুনমুন।

বিশেষ করে অভিনেতা রুদ্রনীল ঘোষের অভিনয় তাঁর নজর কেড়েছে। মুনমুন জানান, ছবির গুরুত্বপূর্ণ দায়িত্ব রুদ্রনীলের চরিত্রের উপর ছিল এবং তিনি সেই দায়িত্ব অত্যন্ত সফলভাবে পালন করেছেন। দীর্ঘদিন ধরেই রুদ্রনীলের অভিনয়ের ভক্ত তিনি। ছবিতে তাঁর কাজ দর্শকদেরও মুগ্ধ করবে বলেই বিশ্বাস অভিনেত্রীর।

ছবির আর এক অভিনেত্রী অনুষা বিশ্বনাথনের কাজ নিয়েও প্রশংসা করেছেন মুনমুন। তাঁর কথায়, বয়সে তরুণ হলেও অনুষা যথেষ্ট পরিণত অভিনয় করেছেন। অভিজ্ঞ শিল্পীদের সঙ্গে তাল মিলিয়ে নিজের চরিত্রকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন তিনি। এই ছবির মাধ্যমে অনুষা আরও বেশি দর্শকের নজরে আসবেন বলেও আশা প্রকাশ করেছেন মুনমুন।

মেয়ে রাইমা সেনের অভিনয় নিয়েও যথেষ্ট গর্বিত তিনি। মুনমুনের মতে, রাইমা সব সময় চরিত্রকেই গুরুত্ব দিয়েছে, বাহ্যিক চাকচিক্যকে নয়। এই ছবিতেও চরিত্রের প্রয়োজন অনুযায়ী সংযত অভিনয় করেছে সে। বাংলা ধারাবাহিকে অনেক সময় অতিরিক্ত সাজসজ্জা, গয়না ও মেকআপের কারণে অভিনয় আড়ালে চলে যায় বলেও মন্তব্য করেন তিনি। তবে রাইমা কখনও সেই পথে হাঁটেনি বলেই জানান অভিনেত্রী।

এক সময় বড়পর্দায় নিয়মিত দেখা গেলেও এখন মুনমুন সেনকে খুব একটা অভিনয়ে দেখা যায় না। এ বিষয়ে তিনি জানান, এখনও পর্যন্ত এমন কোনও শক্তিশালী চিত্রনাট্য তাঁর হাতে আসেনি যা তাঁকে নতুন কাজে আগ্রহী করেছে। তবে ভাল গল্প ও চরিত্র পেলে তিনি অবশ্যই অভিনয়ে ফিরতে চান। মজার ছলেই তিনি বলেন, এখন সবাই তাঁকে নয়, বরং রাইমাকেই বেশি খোঁজেন।

Piya Chanda

                 

You cannot copy content of this page