নয়ের দশকের দর্শকদের কাছে ‘শক্তিমান’ শুধু একটি ধারাবাহিক নয়, বরং শৈশবের এক বড় স্মৃতি। টেলিভিশনের পর্দায় এই চরিত্রের জনপ্রিয়তা আজও অটুট। সেই কারণেই বহুদিন ধরেই শক্তিমানকে বড় পর্দায় ফিরিয়ে আনার পরিকল্পনা চলছে। তবে ছবির কাজ বারবার পিছিয়ে যাওয়ায় নানা আলোচনা তৈরি হয়েছে। সম্প্রতি আবারও শিরোনামে উঠে এলেন মুকেশ খান্না, তবে এবার সিনেমা নয়, ব্যক্তিগত জীবন নিয়ে। ৬৭ বছর বয়সেও তিনি এখনও অবিবাহিত। কেন এখনও বিয়ে করলেন না, সেই প্রশ্নের জবাব দিতে গিয়ে খোলামেলা কথা বললেন অভিনেতা। তাঁর বক্তব্য ঘিরেই নতুন করে আগ্রহ তৈরি হয়েছে অনুরাগীদের মধ্যে।
একটি পডকাস্ট অনুষ্ঠানে অতিথি হিসেবে গিয়ে মুকেশ খান্নাকে জিজ্ঞেস করা হয়, এত বয়স হয়ে গেলেও তিনি এখনও কেন একা? উত্তরে অভিনেতা জানান, তিনি বিয়ের বিরোধী নন, বরং বিয়ের প্রতিষ্ঠানকে গভীরভাবে সম্মান করেন। তাঁর কথায়, “অনেকেই ভাবেন কেউ বিয়ে না করলে সে বোধহয় বিয়েতে বিশ্বাস করে না। কিন্তু সেটা একেবারেই ঠিক নয়। আমি বিয়েকে অনেকের চেয়েও বেশি গুরুত্ব দিই।” তিনি আরও বলেন, জীবনে সঠিক মানুষ আসার একটা সময় থাকে। সেই সময় এখনও আসেনি বলেই হয়তো তাঁর বিয়ে হয়নি।
মুকেশের মতে, বিয়ে কোনও সামাজিক আনুষ্ঠানিকতা নয়, এটি দুই মানুষের গভীর সম্পর্কের বন্ধন। তিনি বলেন, “যে নারী আমার জীবনের জন্য নির্ধারিত, তিনি কোথাও না কোথাও আছেন। যখন সময় ঠিক হবে, তখনই আমাদের দেখা হবে।” অভিনেতার বিশ্বাস, ভাগ্যে লেখা থাকলে সম্পর্ক নিজে থেকেই তৈরি হয়। জোর করে কিছু হয় না। তাই বয়স নিয়ে তিনি কোনও চাপ অনুভব করেন না। তাঁর কাছে ৬৭ বছরও বিয়ের পথে বাধা নয়। বয়সকে তিনি কেবল সংখ্যা হিসেবেই দেখেন।
সম্পর্ক এবং ভালোবাসা নিয়েও নিজের স্পষ্ট মতামত জানিয়েছেন মুকেশ খান্না। তিনি বলেন, “ভালোবাসা জীবনে একবারই আসে, বাকিটা অনেক সময় শুধু মোহ।” একাধিক সম্পর্কে জড়ানোকে তিনি সমর্থন করেন না। তাঁর মতে, একজনকে ভালোবাসার কথা বলে অন্য কারও কাছে চলে যাওয়া সঠিক নয়। প্রতিশ্রুতি এবং দায়বদ্ধতাকেই তিনি সম্পর্কের মূল ভিত্তি বলে মনে করেন। তাই জীবনে সঙ্গী বেছে নেওয়ার ক্ষেত্রেও তিনি কখনও তাড়াহুড়ো করেননি।
একই সঙ্গে তিনি এও স্পষ্ট করেছেন যে, তাঁকে নারীবিদ্বেষী ভাবা ভুল। বরং মহিলাদের প্রতি তাঁর গভীর শ্রদ্ধা রয়েছে। তিনি মনে করেন, জীবনে স্ত্রী কেবল সঙ্গী নন, অনেক বড় ভূমিকা পালন করেন। এদিকে শক্তিমান ছবির কাজ নিয়ে ভক্তদের আগ্রহ যেমন রয়েছে, তেমনই অভিনেতার ব্যক্তিগত জীবনের এই মন্তব্যও এখন আলোচনায়। ৬৭ বছর বয়সেও তিনি আশা ছাড়েননি। তাঁর বিশ্বাস, সঠিক সময় এলে জীবনের নতুন অধ্যায় শুরু হবেই। তাই এখনো অপেক্ষায় রয়েছেন নিজের জন্য ঠিক মানুষটির।
