টলিউডে দেব ও রুক্মিণী মৈত্রের সম্পর্ক নিয়ে মাঝেমধ্যেই নানা জল্পনা শোনা যায়। কখনও তাঁদের বিচ্ছেদের খবর, কখনও আবার অন্য অভিনেত্রীর সঙ্গে দেবের নাম জড়িয়ে গুঞ্জন ছড়ায়। সম্প্রতি ইধিকা পালের সঙ্গে দেবের নাম নিয়েও নানা আলোচনা হয়েছিল। তবে এই সমস্ত জল্পনার মাঝেই নিজেদের সম্পর্কের দৃঢ়তার প্রমাণ বারবার দিয়েছেন দু’জনেই। এবার রুক্মিণীর জন্মদিনে বিশেষ শুভেচ্ছা জানিয়ে সেই বার্তাই আরও স্পষ্ট করে দিলেন দেব। শুধু শুভেচ্ছাই নয়, জন্মদিনে প্রেমিকার নতুন ছবির লুকও সকলের সামনে আনলেন তিনি। মুহূর্তের মধ্যেই সেই পোস্ট সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
জন্মদিন উপলক্ষে দেব তাঁর সোশাল মিডিয়ায় আসন্ন ছবি ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ থেকে রুক্মিণীর প্রথম লুক প্রকাশ করেন। পোস্টের সঙ্গে তিনি লেখেন, “শুভ জন্মদিন, রুক্মিণী। ঈশ্বর তোমাকে অফুরন্ত সুখ, শান্তি ও আশীর্বাদে ভরিয়ে রাখুন। সুস্থ থেকো, আর যেমন আছ, ঠিক তেমনই থেকো।” দেবের এই আবেগঘন বার্তা অনুরাগীদের মন ছুঁয়ে যায়। পোস্টারে একেবারে সাধারণ সাজে ধরা দেন রুক্মিণী। তাঁর পরনে ছিল গোলাপি রঙের সালোয়ার, আধখোলা করে বাঁধা চুল, গলায় কালো সুতোয় তৈরি হার, চোখে মোটা কাজল এবং ঠোঁটে হালকা লিপস্টিক। নতুন এই লুকও দর্শকদের নজর কেড়েছে।
‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ ছবিতে দেব ও রুক্মিণীকে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে। ছবিতে রুক্মিণীর চরিত্রের নাম ‘অঞ্জু’। তিনি অভিনয় করছেন করিমুল হকের স্ত্রীর ভূমিকায়। বাস্তব জীবনের সমাজকর্মী করিমুল হকই ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ নামে পরিচিত। জলপাইগুড়ির এক চা-বাগানের শ্রমিক হয়েও মায়ের মৃত্যুর পর অ্যাম্বুলেন্সের অভাবের কষ্ট থেকে শিক্ষা নিয়ে তিনি নিজের মোটরবাইকের সঙ্গে ট্রলি জুড়ে অসুস্থ মানুষদের বিনামূল্যে হাসপাতালে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেন। তাঁর এই মানবিক কাজের স্বীকৃতিস্বরূপ ২০১৭ সালে তাঁকে ভারতের অন্যতম সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মশ্রী প্রদান করা হয়।
জানা যায়, ২০১৩ সাল থেকেই সম্পর্কে রয়েছেন দেব ও রুক্মিণী। দীর্ঘদিন একসঙ্গে থাকলেও এখনও বিয়ে নিয়ে প্রকাশ্যে বিশেষ কিছু জানাননি তাঁরা। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে দেব বলেন, ভবিষ্যতে যদি তাঁদের বিয়ে হয়, তাহলে তা হবে না কোনও জাঁকজমকপূর্ণ বা লোক দেখানো অনুষ্ঠান। বরং পরিবারের ঘনিষ্ঠ মানুষদের উপস্থিতিতে একেবারে ব্যক্তিগত পরিবেশেই সাতপাক ঘুরতে চান তাঁরা। অন্যদিকে রুক্মিণীও জানিয়েছেন, তাঁদের কাছে বিয়ের চেয়ে একে অপরের প্রতি কমিটমেন্ট এবং দায়বদ্ধতাই বেশি গুরুত্বপূর্ণ। সেই কারণেই সম্পর্ককে তাঁরা সবসময় গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে চলেছেন।
আরও পড়ুনঃ আরও একধাপ এগোল পল্লবী ও আদিত্যর সম্পর্ক! অন্যদিকে প্রথম দেখাতেই অচেনা তরুণীর প্রেমে পড়ল রাজু! ভরপুর রোমান্সে জমে উঠছে ‘কমলা নিবাস’-এর আজকের পর্ব!
এর আগেও ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ ছবি থেকে রুক্মিণীর চরিত্র ‘অঞ্জু’র মেহেন্দি পরা হাতের একটি ছবি প্রকাশ্যে এসেছিল। সেই ছবি দেখে অনেকেই ভেবেছিলেন, হয়তো সত্যিই বিয়ে করে ফেলেছেন দেব ও রুক্মিণী। পরে জানা যায়, সেটি ছিল ছবিরই একটি দৃশ্য। এবার জন্মদিনে নতুন পোস্টার প্রকাশের পর ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ১৪ আগস্ট, স্বাধীনতা দিবসের প্রাক্কালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’। এখন সেই ছবির অপেক্ষাতেই রয়েছেন দেব ও রুক্মিণীর অনুরাগীরা।
