জি বাংলায় একের পর এক জনপ্রিয় অনুষ্ঠানে আসছে বড় পরিবর্তন। নন ফিকশন এবং রিয়ালিটি শোগুলিকে নতুনভাবে সাজানোর পরিকল্পনা নিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই দীর্ঘদিনের জনপ্রিয় অনুষ্ঠান ‘রান্নাঘর’-এর সঞ্চালকের আসনে পরিবর্তন হয়েছে। কণীনিকা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় দায়িত্ব নিয়েছেন বিশ্বনাথ বসু। একইভাবে ‘দিদি নম্বর ওয়ান’-এও এসেছে নতুন চমক। রচনা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে সঞ্চালনার দায়িত্বে দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায়কে। এই পরিবর্তনের আবহেই চ্যানেলের আরেক জনপ্রিয় রিয়ালিটি শো ‘দাদাগিরি’কে ঘিরে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে। বিশেষ করে গত এক মাস ধরে শোয়ের নতুন সঞ্চালক কে হবেন, তা নিয়ে নানা জল্পনা চলছিল।
কিছুদিন ধরেই টলিপাড়ার অন্দরে আলোচনা ছিল, ‘প্রিন্স অফ ক্যালকাটা’ সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিবর্তে এবার ‘দাদাগিরি’ সঞ্চালনা করতে পারেন টলিউড সুপারস্টার দেব। যদিও সেই বিষয়ে তখন কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। জানা গিয়েছিল, এপ্রিল মাসের শেষ দিকে কলকাতার বিভিন্ন এলাকা এবং গঙ্গার ঘাটে ‘নতুন বাংলার নতুন দাদাগিরি’ শিরোনামে একটি প্রোমোর শুটিং করেছিলেন দেব। তবে সেই সময় বিষয়টি সম্পূর্ণ গোপন রাখা হয়েছিল। ফলে দর্শকদের মধ্যে কৌতূহল আরও বেড়ে যায়। নতুন সিজনে কী ধরনের চমক অপেক্ষা করছে, তা নিয়েও শুরু হয় আলোচনা।
এতদিন ‘দাদাগিরি’র মঞ্চে সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপস্থিতিই ছিল সবচেয়ে বড় আকর্ষণ। ক্রিকেট মাঠে যেমন তিনি নিজের ছাপ রেখেছেন, তেমনই সঞ্চালক হিসেবেও পেয়েছেন বিপুল জনপ্রিয়তা। তাঁর স্বতন্ত্র উপস্থাপনা এবং সহজাত ব্যক্তিত্ব দর্শকদের কাছে অনুষ্ঠানটিকে আরও গ্রহণযোগ্য করে তুলেছিল। তবে এবার পরিস্থিতি বদলেছে। কারণ ‘দাদাগিরি’র পর এবার বাংলার ‘বিগ বস’ সঞ্চালনার দায়িত্ব পেয়েছেন সৌরভ। এরপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করে, তাঁর জায়গায় কে সামলাবেন এই জনপ্রিয় শোয়ের দায়িত্ব।
অবশেষে মঙ্গলবার সেই জল্পনায় নতুন মাত্রা যোগ করলেন দেব নিজেই। সকালে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট শেয়ার করেন তিনি। সেখানে আলো এবং ছায়ার মাঝে তাঁর অবয়ব স্পষ্টভাবে দেখা যায়। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, “নতুন সফর, নতুন শুরু। খুব শীঘ্রই আসছে…”। পাশাপাশি জি বাংলাকেও ট্যাগ করেন অভিনেতা। এই পোস্ট সামনে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা। অনেকেই এটিকে ‘দাদাগিরি’র নতুন সঞ্চালক হিসেবে দেবের আগমনের ইঙ্গিত বলেই মনে করছেন।
আরও পড়ুনঃ ১৫ বছরের পরিচিত ‘দিদি’ আর নেই! ‘আমার অবদান ছিল বলেই আজ এই…’ ‘দিদি নম্বর ১’ থেকে সরে যেতেই নতুন সঞ্চালিকা ও টিমকে বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন রচনা বন্দ্যোপাধ্যায়! রচনা বিনা দিদি নাম্বার ওয়ান দেখবেন তো?
দেবের এই পোস্ট ঘিরে দর্শকদের প্রতিক্রিয়াও চোখে পড়ার মতো। একাংশ মনে করিয়ে দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের দীর্ঘদিনের অবদান এবং তাঁর তৈরি করা জনপ্রিয়তার কথা। অন্যদিকে দেবের অনুরাগীদের মধ্যে দেখা গেছে প্রবল উচ্ছ্বাস। কেউ কেউ আবার নতুন ভূমিকায় তাঁর উপস্থাপনা এবং বাচনভঙ্গি নিয়ে প্রশ্নও তুলেছেন। সব মিলিয়ে এখন নজর রয়েছে ‘দাদাগিরি’র নতুন প্রোমোর দিকে। সেখানে দেব কীভাবে নিজেকে তুলে ধরেন এবং ‘গুগলি মহারণে’ দর্শকদের জন্য কী নতুন চমক নিয়ে আসেন, সেটাই এখন দেখার অপেক্ষা।
