বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর জীবন নিয়ে তৈরি হচ্ছে নতুন ছবি ‘গুন গুন করে মহুয়া’। তাঁর মৃত্যুদিনেই প্রকাশ্যে এল ছবির প্রথম লুক। ১৯৮৫ সালের ২২শে জুলাই ৫.৫৫ মিনিটে ভোরে প্রয়াত হয়েছিলেন মহুয়া। সেই স্মৃতিবহ দিনেই নির্মাতারা ছবির প্রথম ঝলক প্রকাশ করায় স্বাভাবিকভাবেই দর্শকদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।
প্রথম লুকে মহুয়ার চরিত্রে দেখা গিয়েছে ছোটপর্দার জনপ্রিয় মুখ অঙ্কিতা মল্লিককে। শাড়ি, কপালে টিপ, গলায় মুক্তোর মালা এবং পরিচিত সাজে তাঁকে দেখে অনেকেই মহুয়ার সঙ্গে মিল খুঁজে পেয়েছেন। ছবির প্রযোজক রানা সরকার আগেই জানিয়েছিলেন, চরিত্রটির প্রতি অঙ্কিতার আন্তরিকতা এবং নিজেকে বদলে নেওয়ার ইচ্ছাই তাঁকে এই চরিত্রের জন্য উপযুক্ত করে তুলেছে। মহুয়ার তরুণ বয়সের চরিত্রে অভিনয় করছেন দিব্যাণী মণ্ডল।
পরিচালক রাজদীপ ঘোষের এই ছবিতে শুধু অভিনেত্রীর সাফল্যের গল্প নয়, তাঁর জীবন ঘিরে থাকা নানা অজানা অধ্যায়ও তুলে ধরা হবে। বিশেষ করে মহুয়ার রহস্যময় মৃত্যু নিয়ে দীর্ঘদিন ধরে যে প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, সেই বিষয়টিও ছবিতে গুরুত্ব পাবে। আত্মহত্যা নাকি অন্য কোনও কারণ, সেই বিতর্কের বিভিন্ন দিক দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করবেন নির্মাতারা।
ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রেও থাকছেন একাধিক পরিচিত অভিনেতা-অভিনেত্রী। মহুয়ার মৃত্যুর তদন্তকারী আইপিএস অফিসার নবীন চট্টোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করছেন গৌরব চক্রবর্তী। তাঁর স্ত্রীর চরিত্রে দেখা যাবে অলকানন্দা গুহকে। পাশাপাশি মহুয়ার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা সন্ধ্যা রায়ের চরিত্রে অভিনয় করছেন ঋদ্ধিমা ঘোষ।
আরও পড়ুনঃ ‘তরকারি রাঁধল কে, আর খেয়ে গেল কে!’ ৬৫০০ টাকা দিল সম্রাট, আর সব বাহবা পেল আদিত্য! পকেট ফাঁকা করেও হলো না লাভ, ‘কমলা নিবাস’-এর নতুন পর্ব দেখে দর্শকদের মজার প্রতিক্রিয়ায় সরগরম নেটপাড়া!
নির্মাতাদের কথায়, এই ছবির মূল উদ্দেশ্য কোনও বিতর্ক তৈরি করা নয়, বরং নতুন প্রজন্মের কাছে মহুয়া রায়চৌধুরীর জীবন ও কাজকে তুলে ধরা। তাঁর জীবনের উজ্জ্বল মুহূর্তের পাশাপাশি কঠিন সময়গুলিও ছবিতে জায়গা পাবে। ইতিমধ্যেই ছবির শুটিং শেষের পথে, ফলে খুব শীঘ্রই বড় পর্দায় এই বহুল প্রতীক্ষিত জীবনীচিত্র দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।
