জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘ন্যারগোয়াল থেকে গোলপার্ক, ০ থেকে ৬৫০…’ ইশানীর জন্মদিনে আবেগে ভাসলেন উদয়! রায়ানের মিষ্টি শুভেচ্ছায় উঠে এল পারুলের জীবনের নানান ওঠাপড়ার গল্প! ‘পরিণীতা’র সেটেই ধুমধাম করে ইশানীর জন্মদিনের উদযাপন! জানেন, কত বছরে পা দিলেন নায়িকা?

মঙ্গলবার ছিল ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ইশানী চট্টোপাধ্যায়ের জন্মদিন। নিজের বিশেষ দিনটি অবশ্য কোনও আলাদা অনুষ্ঠানে নয়, কাটল ‘পরিণীতা’র সেটেই। সহকর্মীদের সঙ্গে কেক কেটে এবং আনন্দ করে জন্মদিন পালন করলেন দর্শকদের প্রিয় পারুল। সাজানো হয়েছিল পুরো শুটিংয়ের জায়গাটিও বেশ সুন্দর করে। বেলুন, ফুল এবং নানা সাজসজ্জায় তৈরি হয়েছিল উৎসবের পরিবেশ। টেবিলের উপর রাখা ছিল তিনটি কেক, সঙ্গে ছিল মোমবাতি ও গোলাপের পাপড়ি। ইশানীর কেক কাটার সময় ‘পরিণীতা’র গোটা দলই উপস্থিত ছিল। তাঁর মা-ও মেয়ের এই বিশেষ দিনে সেটে হাজির ছিলেন।

এদিন লাল শাড়িতে নজর কেড়েছিলেন ইশানী। মায়ের সঙ্গে একসঙ্গে কেক কাটেন অভিনেত্রী। মেয়েকে আদর করে চুমুও দেন তাঁর মা। কেক কাটার পর প্রথমে মাকে এবং পরে সেটে উপস্থিত প্রত্যেককে নিজের হাতে কেক খাওয়ান ইশানী। ফলে শুটিংয়ের ব্যস্ত পরিবেশও কিছুক্ষণের জন্য পরিণত হয় জন্মদিনের উৎসবে। ‘পরিণীতা’ ধারাবাহিকে ইশানীর সঙ্গে রায়ান চরিত্রে অভিনয় করছেন উদয় প্রতাপ সিং। দর্শকদের কাছে ইশানী ও উদয়ের জুটি ইতিমধ্যেই বেশ জনপ্রিয়। ধারাবাহিকটির শুরু থেকেই এই জুটি দর্শকদের ভালোবাসা পেয়েছে এবং টিআরপিতেও ভালো ফল করেছে।

জন্মদিনে ইশানীকে বিশেষভাবে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর সহ অভিনেতা উদয় প্রতাপ সিং। নিজেদের দুটি ছবি সমাজ মাধ্যমে প্রকাশ করে অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানান তিনি। সেখানে ইশানীর পথচলার নানা দিক তুলে ধরেন উদয়। তিনি লেখেন, ‘ন্যারগোয়াল থেকে গোলপার্ক। ব্রাইট মাইন্ডস থেকে পিওরলাইফ। জন্তু থেকে সিইও। ০ থেকে ৬৫০*। দুর্গাপুর থেকে কলকাতা। তুমি অনেক দূর এসেছ। এভাবেই আশীর্বাদে ভরে থাকো। আরও অনেক উঁচুতে ওড়ো। ২৩তম জন্মদিনের শুভেচ্ছা তোমাকে।’ সহ অভিনেতার এই বিশেষ শুভেচ্ছাবার্তাও নজর কেড়েছে অনুরাগীদের। মাত্র ২৩ বছর বয়সেই অভিনয় জগতে নিজের জায়গা তৈরি করেছেন ইশানী। ‘পরিণীতা’ দিয়েই অভিনয়ে পা রেখে প্রথম ধারাবাহিকেই দর্শকদের কাছে পরিচিত হয়ে ওঠেন তিনি।

তবে অভিনয়ে আসার আগে ইশানীর পথচলা ছিল অন্যরকম। মাইক্রোবায়োলজি নিয়ে পড়াশোনা করতে কলকাতায় এসেছিলেন তিনি। পরে ধীরে ধীরে মডেলিংয়ের সঙ্গে যুক্ত হন এবং বিভিন্ন সৌন্দর্য প্রতিযোগিতাতেও অংশ নেন। তাঁর ঝুলিতে রয়েছে ‘মিস সাউথ বেঙ্গল ২০২২’, ‘সানন্দা তিলোত্তমা’ এবং ‘পিসি চন্দ্র গোল্ডলাইটস ডিভা ২০২৩’-এর মতো প্রতিযোগিতার অভিজ্ঞতা। একসময় নিজের গায়ের রং নিয়ে স্কুলজীবনেও কটু মন্তব্য শুনতে হয়েছিল তাঁকে। ‘পরিণীতা’ শুরু হওয়ার পরও সমাজমাধ্যমে তাঁর চেহারা নিয়ে ট্রোল করা হয়েছিল। তবে সময়ের সঙ্গে সেই নেতিবাচক অভিজ্ঞতা কাটিয়ে নিজের গায়ের রংকেই আত্মবিশ্বাসের জায়গা করে নিয়েছেন অভিনেত্রী। এখন কোনও কুমন্তব্যকে গুরুত্ব না দিয়ে অভিনয়ে নিজেকে আরও ঘষেমেজে তৈরি করছেন তিনি।

প্রথম ধারাবাহিকেই পারুলের চরিত্রে ইশানীর অভিনয় দর্শকদের মধ্যে আলাদা জায়গা তৈরি করেছে। গ্রামের সহজসরল অথচ সাহসী মেয়ের চরিত্রে তাঁর অভিনয় ইতিমধ্যেই প্রশংসা পেয়েছে। অভিনয়ের পাশাপাশি তাঁর ব্যক্তিগত পথচলাও এখন অনুরাগীদের আগ্রহের বিষয়। মাত্র ২৩ বছর বয়সে এই সাফল্য তাঁর আগামী দিনের পথচলা নিয়ে প্রত্যাশা আরও বাড়িয়েছে। জন্মদিনে মায়ের উপস্থিতি এবং সহকর্মীদের ভালোবাসায় বিশেষ হয়ে উঠল তাঁর দিনটি। তার উপর উদয়ের আন্তরিক শুভেচ্ছাবার্তাও যোগ করেছে আলাদা মাত্রা। শুটিংয়ের ব্যস্ততার মধ্যেই সহকর্মীদের সঙ্গে এই উদযাপন ইশানীর জন্মদিনকে করে তুলল স্মরণীয়। এখন পারুলের চরিত্রে আগামী দিনে ইশানী কীভাবে দর্শকদের আরও চমকে দেন, সেদিকেই নজর অনুরাগীদের।

Piya Chanda

                 

You cannot copy content of this page