জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কমলা নিবাস’-এর গল্প এখন মূলত দুই বোন পল্লবী ও ঝিনুককে ঘিরেই এগোচ্ছে। ঝিনুক নতুন জীবনের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে, আর অন্যদিকে পল্লবী ধীরে ধীরে আদিত্যের প্রতি বিশ্বাস ও টান অনুভব করতে শুরু করেছিল। সব মিলিয়ে তার জীবনে নতুন সূচনার ইঙ্গিত মিলছিল।
কিন্তু সেই আশার মাঝেই সামনে আসে এক বড় সত্য। ধারাবাহিকের নতুন প্রোমোতে দেখা যায়, আদিত্যর দুর্ঘটনার গল্পটি আসলে সম্পূর্ণ সাজানো ছিল। বন্ধুদের সঙ্গে আড্ডার সময় সে নিজেই জানায়, পল্লবীর সহানুভূতি পাওয়ার জন্য এই নাটক করেছিল। এতদিন এই সত্য সম্পর্কে কিছুই জানত না পল্লবী।
ঘটনাচক্রে পল্লবী সেই কথোপকথন শুনে ফেলে। আদিত্যর প্রতারণার কথা জানতে পেরে সে ভীষণভাবে আঘাত পায় এবং রাগের মাথায় তাকে চড় মারে। এক মুহূর্তেই ভেঙে যায় তার বিশ্বাস। এখন প্রশ্ন, এই ঘটনার পর আদিত্য কি পল্লবীর আস্থা আবার ফিরে পাবে, নাকি তাদের সম্পর্কের দূরত্ব আরও বাড়বে?
এদিকে গল্পে আসতে চলেছে আরও বড় চমক। সাগরের বোন ও তার স্বামী আদিত্যর প্রকৃত পরিচয় জানার চেষ্টা শুরু করেছে। পাশাপাশি জানা যায়, সাগরের মৃত্যুর সময় আদিত্য ঘটনাস্থলে উপস্থিত ছিল। এই তথ্য সামনে আসার পর পল্লবী কী সিদ্ধান্ত নেবে এবং গল্প কোন দিকে মোড় নেবে, তা জানতে দর্শকদের আগামী পর্বের অপেক্ষায় থাকতে হবে।
আরও পড়ুনঃ দু’বার বিয়ে, তবু সন্তানের মুখ দেখা হল না! বিয়ে করেছিলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রীকে, টেকেনি সেটাও! ব্যক্তিগত জীবন নিয়ে কেন সুখী হননি অভিনেতা রাজেশ শর্মা?
উল্লেখ্য, ধারাবাহিকে পল্লবীর হবু স্বামীর চরিত্রে ক্যামিও ভূমিকায় দেখা গিয়েছিল পরমব্রত চট্টোপাধ্যায়কে। শুরুতে অনেকেই ভেবেছিলেন তিনি নিয়মিত চরিত্রে ফিরেছেন, পরে জানা যায় এটি বিশেষ উপস্থিতি মাত্র। বর্তমানে ‘কমলা নিবাস’-এর মুখ্য চরিত্রে অভিনয় করছেন সোহিনী সরকার ও দেবশংকর হালদার। তাঁদের অভিনয় এবং পর্দার রসায়ন দর্শকদের কাছেও বেশ প্রশংসা কুড়িয়েছে।
