জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“মা হতে চলেছে পারুল, অথচ অনাগত সন্তানের কথা যেন ভাবছেই না!” “সন্তানকে ঘিরে নেই কোনও স্বপ্ন, নেই পারুল-রায়ানের কোনও ভালোবাসা বা কথোপকথনের মুহূর্ত!” এই ট্র্যাকটা আরও সুন্দরভাবে দেখানো উচিত ছিল! পারুলের প্রেগন্যান্সি কি শুধু নামেই? ‘পরিণীতা’র গল্পে বড় অভিযোগ দর্শকদের আপনারাও কি একমত?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’-র (Parineeta) বর্তমান গল্পে একের পর এক নাটকীয় মোড় এলেও, দর্শকদের একাংশের নজর এখন অন্য একটি বিষয়ের দিকে। গল্পে পারুল মা হতে চলেছে, আর রায়ানও প্রথমবার বাবা হওয়ার অপেক্ষায়। কিন্তু দর্শকদের অভিযোগ, এই গুরুত্বপূর্ণ অধ্যায়কে যেভাবে তুলে ধরা উচিত ছিল, তা হচ্ছে না। এর আগেও অনেকেই প্রশ্ন তুলেছিলেন, গর্ভবতী পারুলকে প্রায় সব বিপজ্জনক পরিস্থিতিতেই সক্রিয়ভাবে দেখানো হচ্ছে। কখনও দৌড়ঝাঁপ, কখনও বিপদের মুখোমুখি হওয়া, কখনও আবার প্রাণের ঝুঁকি নিয়ে লড়াই, সবকিছুই যেন স্বাভাবিকভাবে দেখানো হচ্ছে। সেই বিতর্কের মাঝেই এবার সামনে এসেছে নতুন অভিযোগ।

সাম্প্রতিক গল্পে পারুলকে একের পর এক কঠিন পরীক্ষার মুখোমুখি হতে দেখা যাচ্ছে। শিরিনের ষড়যন্ত্র, পরিবারের দায়িত্ব এবং আপনজনদের রক্ষা করার লড়াইয়ের মধ্যেই এগোচ্ছে কাহিনি। কিন্তু দর্শকদের একাংশের মতে, এই সমস্ত ঘটনার ভিড়ে যেন পারুলের গর্ভাবস্থার আবেগটাই হারিয়ে যাচ্ছে। তাঁদের মতে, একজন হবু মায়ের মনে যে দুশ্চিন্তা, সন্তানের ভবিষ্যৎ নিয়ে যে স্বপ্ন কিংবা ছোট ছোট অনুভূতি তৈরি হয়, সেগুলোর প্রতিফলন গল্পে প্রায় দেখা যাচ্ছে না। ফলে চরিত্রটির সঙ্গে আবেগের সংযোগও অনেকটাই কমে যাচ্ছে বলে মনে করছেন অনেকে।

সামাজিক মাধ্যমে এক দর্শক লিখেছেন, “পরিনীতায় এই বিষয়টা সত্যিই খারাপ লাগে। পারুল মা হতে চলেছে, রায়ানও বাবা হতে চলেছে, কিন্তু তাদের অনাগত সন্তানকে নিয়ে কোনো আবেগ, স্বপ্ন বা ছোট্ট ছোট্ট কথোপকথনই দেখানো হয় না। মা হওয়ার পর একজন নারীর মনে সন্তানের জন্য যে অনুভূতি, ভয়, ভালোবাসা আর হাজারো স্বপ্ন জন্ম নেয়, পারুলের চরিত্রে তার খুব কমই ফুটে উঠছে।” এই মন্তব্যের সঙ্গে একমত হয়েছেন আরও বহু অনুরাগী। তাঁদের দাবি, শুধু বিপদ আর রহস্য নয়, এমন একটি গুরুত্বপূর্ণ পারিবারিক অধ্যায়কেও সমান গুরুত্ব দিয়ে তুলে ধরা উচিত।

একই মন্তব্যে দর্শক আরও লিখেছেন, “রায়ান-পারুলের মধ্যেও সন্তানকে নিয়ে কোনো মিষ্টি মুহূর্ত বা ভবিষ্যৎ নিয়ে আলোচনা নেই। এত গুরুত্বপূর্ণ একটি ট্র্যাককে আরও আবেগঘনভাবে দেখানো যেত। দর্শক হিসেবে আমরা চাই, শুধু গল্প এগিয়ে নেওয়া নয়, অনাগত সন্তানকে ঘিরে পারুল ও রায়ানের অনুভূতি, ভালোবাসা আর পারিবারিক মুহূর্তগুলোকেও সমান গুরুত্ব দেওয়া হোক। এগুলোই চরিত্রগুলোর সঙ্গে দর্শকের আবেগের সংযোগ আরও গভীর করে।” অনেকের মতে, এই ধরনের দৃশ্য থাকলে গল্পের সঙ্গে দর্শকদের সম্পর্ক আরও দৃঢ় হতো এবং পারুল ও রায়ানের সম্পর্কও আরও বাস্তব মনে হতো।

সব মিলিয়ে, ‘পরিণীতা’-র বর্তমান ট্র্যাক যতই টানটান উত্তেজনায় ভরা হোক না কেন, দর্শকদের একাংশ এখন অনাগত সন্তানকে ঘিরে আরও আবেগঘন মুহূর্ত দেখতে চাইছেন। তাঁদের আশা, আগামী পর্বগুলিতে শুধু ষড়যন্ত্র বা পারিবারিক সংকট নয়, পারুল ও রায়ানের নতুন জীবনের স্বপ্ন, সন্তানের আগমনের প্রস্তুতি এবং সেই অনুভূতির দিকটিও গুরুত্ব পাবে। এখন দেখার, নির্মাতারা দর্শকদের এই প্রত্যাশাকে কতটা গুরুত্ব দেন এবং আগামী দিনে গল্পে সেই আবেগের ছোঁয়া যোগ হয় কি না।

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।

                 

You cannot copy content of this page