স্বামী জ্যোতিপ্রসাদ বসুর মৃত্যুর শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি ‘মা মাসি কিচেন’-এর পরিচিত মুখ মাসিমা। এরই মধ্যে তাঁর নাম ও পরিচয় ব্যবহার করে শুরু হয়েছে প্রতারণার চেষ্টা। মাসিমার মুখ এবং গলার আওয়াজ নকল করে তৈরি করা হয়েছে ভুয়ো AI ভিডিয়ো। সেই ভিডিয়োয় তাঁকে স্বামীর মৃত্যুর কথা জানিয়ে সাধারণ মানুষের কাছে আর্থিক সাহায্য চাইতে দেখা যাচ্ছে। বিষয়টি নজরে আসতেই ক্ষোভে ফেটে পড়েছেন মাসিমা।
জ্যোতিপ্রসাদের মৃত্যুর পর থেকেই স্বাভাবিকভাবেই সমাজমাধ্যম থেকে কিছুটা দূরে রয়েছেন মাসিমা। চ্যানেলে মাঝেমধ্যে তাঁদের পুরনো দিনের নানা মুহূর্ত শেয়ার করা হচ্ছে। সেই আবহেই আচমকা একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে, যেখানে মাসিমার মুখ ব্যবহার করে অর্থসাহায্যের আবেদন করা হয়েছে। অনুরাগীদের একাংশ ভিডিয়োটি দেখে সন্দেহ প্রকাশ করেন এবং পরিবারকে সতর্ক করেন। পরে জানা যায়, ভিডিয়োটি আসল নয়, AI প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে।
এই ঘটনায় যথেষ্ট ক্ষুব্ধ মাসিমা। তাঁর বক্তব্য, স্বামীর মৃত্যুর পর অনেকেই ভালোবাসা ও আবেগ থেকে তাঁদের পুরনো ছবি বা ভিডিয়ো নিয়ে নানা কনটেন্ট তৈরি করেছেন। কোথাও ভুল তথ্য থাকলেও তিনি বিষয়টি নিয়ে আপত্তি করেননি। কিন্তু তাঁর মুখ ও কণ্ঠস্বর নকল করে মিথ্যা কথা বলানো এবং সেই ভিডিয়োর মাধ্যমে টাকা চাওয়া একেবারেই মেনে নেবেন না তিনি। এমন কাজ যাঁরা করছেন, তাঁদের উদ্দেশে স্পষ্ট বার্তা দিয়েছেন—তাঁকে দুর্বল ভেবে এমন কাজ করলে ছেড়ে কথা বলবেন না।
প্রয়োজনে সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অভিযোগ করার কথাও জানিয়েছেন মাসিমা। তাঁর দাবি, নিজের পায়ে দাঁড়ানোর জন্য সমাজমাধ্যমে অনেক ভালো উপায় রয়েছে। কিন্তু অন্যের ব্যক্তিগত বিপদ ও দুঃসময়কে কাজে লাগিয়ে অর্থ উপার্জনের চেষ্টা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। এমনকী তাঁর নামে কোনও ভিডিয়ো দেখে কেউ যাতে টাকা পাঠিয়ে না দেন, সেই বিষয়েও দর্শকদের সতর্ক করেছেন তিনি। ভুয়ো ভিডিয়ো চোখে পড়লে সেটি যেন পরিবারের কাছে পাঠানো হয়, সেই অনুরোধও জানিয়েছেন।
আরও পড়ুনঃ পল্লবীর জন্মদিনের আনন্দের মাঝেই হঠাৎ হাতে টাকার ব্যাগ নিয়ে হাজির শান্তনু! কমলার চোখের সামনে একি করল সে? ছেলের এই গোপন কাণ্ডের নেপথ্যে আসল সত্য কি এবার ফাঁস করবেন মা নিজেই? ‘কমলা নিবাস’-এর আজকের টানটান পর্ব!
স্বামীর মৃত্যুর পর যখন পরিবার কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তখনই এমন প্রতারণার ঘটনায় আরও বিরক্ত মাসিমা। তবে আবেগে ভেঙে না পড়ে বরং দর্শকদের সতর্ক করতেই এগিয়ে এসেছেন তিনি। তাঁর কথায়, এই ধরনের ভুয়ো কনটেন্ট শুধু তাঁদের ক্ষতি করছে না, সাধারণ মানুষকেও প্রতারণার ঝুঁকিতে ফেলছে। তাই মাসিমার নামে কোনও আর্থিক সাহায্যের আবেদন দেখলেই বিশ্বাস না করে আগে যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে এই ঘটনার বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
