প্রবীণ অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী শারীরিক অসুস্থতার কারণে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। হাসপাতাল সূত্রের খবর, কয়েক দিন আগে শারীরিক অস্বস্তি অনুভব করায় তাঁকে চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর ডান হাতে অস্ত্রোপচার করা হয় এবং সেটি সফল হয়েছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। চিকিৎসকদের একটি বিশেষ দল তাঁর শারীরিক অবস্থার উপর নিয়মিত নজর রাখছে।
এর আগেও মিঠুন চক্রবর্তীর ডান হাতে অস্ত্রোপচার হয়েছিল। তবে এবার কী ধরনের শারীরিক সমস্যার কারণে আবার অস্ত্রোপচার করতে হয়েছে, সে বিষয়ে এখনও হাসপাতাল বা পরিবারের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। চিকিৎসকদের পর্যবেক্ষণেই তাঁর চিকিৎসা চলছে। অস্ত্রোপচারের পর ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠছেন বলেই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। প্রয়োজন অনুযায়ী সব ধরনের চিকিৎসা ও পর্যবেক্ষণ চালিয়ে যাওয়া হচ্ছে।
অভিনেতার অসুস্থতার খবর সামনে আসতেই অনুরাগীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। তাঁকে দেখতে হাসপাতালে পৌঁছন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে মিঠুন চক্রবর্তীর শারীরিক অবস্থার খোঁজ নেন। সেই সময় হাসপাতালে উপস্থিত ছিলেন যাদবপুরের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ও। সমাজমাধ্যমে বহু অনুরাগী এবং শুভানুধ্যায়ী তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।
হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, সব কিছু পরিকল্পনা অনুযায়ী চললে শনিবারই মিঠুন চক্রবর্তীকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হতে পারে। উল্লেখ্য, প্রায় দু’বছর আগে ব্রেন স্ট্রোকের কারণে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। পরে চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে তিনি আবার কাজেও ফিরে আসেন। এবারও চিকিৎসকদের আশা, খুব শীঘ্রই তিনি পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবেন।
আরও পড়ুনঃ কমলা নিবাসে বড় চমক! আদিত্য ও পল্লবীর সম্পর্কে উঠতে চলেছে নতুন ঝড়, আসছে রহস্যময় ‘মাহি!’ এন্ট্রি নিচ্ছেন দারুণ জনপ্রিয় অভিনেত্রী
এদিকে চলতি বছরের শেষের দিকে মিঠুন চক্রবর্তীর পরিবারে রয়েছে আনন্দের উপলক্ষ। আগামী ডিসেম্বর মাসে বিয়ে হতে চলেছে তাঁর মেয়ে দিশানির। বর্তমানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন এবং তাঁর হবু স্বামীও সেখানকার বাসিন্দা। পরিবারের এই বিশেষ অনুষ্ঠানের আগে অভিনেতার দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফেরার অপেক্ষায় রয়েছেন তাঁর পরিবারের সদস্য, বন্ধু ও অসংখ্য অনুরাগী।
