জি বাংলার আসন্ন ধারাবাহিক ‘বাঘিনী’-র মাধ্যমে ছোট পর্দায় অভিনয় শুরু করতে চলেছেন নৃত্যশিল্পী ও মডেল সম্পিতা প্রামাণিক। দীর্ঘদিন ধরে নাচ এবং মডেলিংয়ের জগতে পরিচিত মুখ হলেও এবার প্রথমবার ক্যামেরার সামনে অভিনেত্রী হিসেবে দেখা যাবে তাঁকে। এই নতুন যাত্রার খবর প্রকাশ্যে আসতেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন সম্পিতা।
সম্পিতার অভিনয়ে অভিষেকের খবরে আনন্দ প্রকাশ করেছেন নৃত্যশিল্পী ও অভিনেত্রী আয়েশা ভট্টাচার্য। সামাজিক মাধ্যমে তিনি জানান, ব্যক্তিগতভাবে সম্পিতার সঙ্গে তাঁর পরিচয় না থাকলেও নাচের প্রতি তাঁর দক্ষতার তিনি দীর্ঘদিনের অনুরাগী। সোশ্যাল মিডিয়ায় সম্পিতার নাচের ভিডিও দেখলেই তিনি মুগ্ধ হয়ে তা দেখেন বলেও উল্লেখ করেছেন আয়েশা।
ফেসবুক পোস্টে আয়েশা লেখেন, সম্পিতা কোনও বড় প্রজেক্টে মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন শুনে তিনি ভীষণ খুশি হয়েছেন। একজন নৃত্যশিল্পী হিসেবে সম্পিতার এই সাফল্যে তিনি গর্ব অনুভব করেন। তাঁর কথায়, একজন নৃত্যশিল্পীর নিজের জায়গা তৈরি করতে অনেক পরিশ্রম, নিষ্ঠা এবং অধ্যবসায়ের প্রয়োজন হয়। সম্পিতার নাচ এবং অনুপ্রেরণামূলক ভিডিও থেকেও তিনি নানা বিষয় শেখেন বলেও জানিয়েছেন।
এর পাশাপাশি ইন্ডাস্ট্রির সিনিয়র হিসেবে সম্পিতার উদ্দেশে কিছু পরামর্শও দিয়েছেন আয়েশা। তিনি বলেন, সাফল্য এলেও যেন সবসময় মাটির কাছাকাছি থাকা যায় এবং নাচের সঙ্গে সম্পর্ক কোনওদিন ছিন্ন না হয়। অভিনয় জীবনের নতুন অধ্যায়ে শুভেচ্ছা জানিয়ে তিনি আরও লেখেন, বাইরে থেকে বিনোদন জগতকে যতটা সুন্দর মনে হয়, ভেতরের বাস্তবতা ততটাই কঠিন। তাই এই পথেও ধৈর্য ও ভারসাম্য বজায় রেখে এগিয়ে চলার পরামর্শ দেন তিনি।
আরও পড়ুনঃ এমএলএ হতে চলেছে নিশা, জিৎ বসুর সঙ্গে শুরু নতুন যুদ্ধ! “রাজনীতিতে ঢুকতে গেলে মন্ত্রীদের ঘুষ দিয়ে দিতেই হয়, সেটা আজ আবারও আমরা দেখলাম!” কালো টাকা সাদা করার এই বাস্তবতাই দেখাল ‘জোয়ার ভাঁটা’!” ধারাবাহিকের আজকের পর্ব ঘিরে সরব দর্শকরা, আপনাদের কি মত?
উল্লেখ্য, সম্পিতা প্রামাণিক মূলত ভরতনাট্যম নৃত্যশিল্পী হলেও ফিউশন ও সেমি ক্লাসিক্যাল নাচেও সমান জনপ্রিয়। তাঁর নিজের একটি নাচের প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে, যেখানে তিনি নিয়মিত শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেন এবং বিভিন্ন কর্মশালার আয়োজন করেন। ‘বাঘিনী’ ধারাবাহিকে তাঁকে সুন্দরবনের এক সাহসী মধু সংগ্রহকারীর চরিত্রে দেখা যাবে, যিনি সন্তানকে সঙ্গে নিয়েই জীবনের নানা বিপদের মুখোমুখি হন।
